গ্রাহকদের জন্য বিদ্যুৎ বিল পরিশোধ ও প্রি-পেইড মিটার রিচার্জ আরও সহজ করতে যৌথ উদ্যোগ নিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি কর্পোরেট সেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার ফলে ধাপে ধাপে দেশের বিভিন্ন প্রান্তে ব্যাংকটির বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে প্রি-পেইড মিটার রিচার্জের সুবিধা পাওয়া যাবে।
গত বৃহস্পতিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রি-পেইড বিদ্যুৎ মিটারের রিচার্জ সেবা ইসলামী ব্যাংকের সব শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পর্যায়ক্রমে চালু করা হবে।
এ সেবা চালু হলে গ্রাহকরা ব্যাংকের মোবাইল ও ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘সেলফিন’, ‘আই-স্মার্ট’ এবং ‘এমক্যাশ’ অ্যাপ ব্যবহার করেও সহজে প্রি-পেইড মিটার রিচার্জ করতে পারবেন। পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও এজেন্ট আউটলেট থেকেও একই সুবিধা গ্রহণ করা যাবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মহাব্যবস্থাপক (বাণিজ্যিক পরিচালন) মোহাম্মদ নুরুল আবছার।
ইসলামী ব্যাংকের পক্ষে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. এম. কামাল উদ্দীন জসীম এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রি-পেইড মিটারিং সিস্টেম পরিদপ্তরের পরিচালক মো. জিয়াউর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জমান, সহকারী ভাইস প্রেসিডেন্ট এ.এন.এম. তাওহিদুল ইসলামসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এ উদ্যোগের ফলে বিদ্যুৎ গ্রাহকদের প্রি-পেইড মিটার রিচার্জ প্রক্রিয়া আরও দ্রুত, সহজ ও প্রযুক্তিনির্ভর হবে। একই সঙ্গে ডিজিটাল আর্থিক সেবার সম্প্রসারণ এবং নগদবিহীন লেনদেন বৃদ্ধিতেও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

