ডিজিটাল ব্যাংকিং সেবা আরও আধুনিক, সহজ এবং নিরাপদ করতে নতুন সংস্করণের মোবাইল ব্যাংকিং অ্যাপ চালু করেছে ব্যাংক এশিয়া। ‘ব্যাংক এশিয়া জেন’ নামে উন্মোচিত এই প্ল্যাটফর্মে গ্রাহকদের জন্য যুক্ত করা হয়েছে উন্নত প্রযুক্তিনির্ভর বিভিন্ন সুবিধা, যা দ্রুত ও নির্বিঘ্ন ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করবে বলে জানিয়েছে ব্যাংকটি।
ব্যাংক এশিয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল আর কে হোসেন উপস্থিত থেকে জ্যেষ্ঠ ব্যবস্থাপনা কর্মকর্তাদের সঙ্গে নতুন মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্মটির উদ্বোধন করেন।
ব্যাংকটির তথ্য অনুযায়ী, আগে ‘ব্যাংক এশিয়া স্মার্ট অ্যাপ’ নামে পরিচিত মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্মটিকে নতুন পরিচয়ে ‘ব্যাংক এশিয়া জেন’ হিসেবে পুনঃব্র্যান্ডিং করা হয়েছে। একই সঙ্গে এতে সংযোজন করা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন নতুন ফিচার।
ব্যাংক এশিয়ার দাবি, নতুন অ্যাপটি ব্যবহারকারীদের আরও দ্রুত, সহজ, নিরাপদ এবং ঝামেলামুক্ত ব্যাংকিং সেবা দিতে সক্ষম হবে। ডিজিটাল আর্থিক সেবার সম্প্রসারণ এবং গ্রাহকদের পরিবর্তিত চাহিদার সঙ্গে তাল মিলিয়েই এই নতুন সংস্করণ চালু করা হয়েছে।

