দেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের (বিবি) ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন প্রকল্পে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন নির্দেশনায় ব্যাংক ও গ্রাহক—দুই পর্যায়েই ঋণ বা বিনিয়োগের সুদ ও মুনাফার হার নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সোমবার বাংলাদেশ ব্যাংকের জারি করা সংশোধিত নির্দেশনায় বলা হয়েছে, এই প্রকল্পের আওতায় অংশগ্রহণকারী ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে সর্বোচ্চ ৩ শতাংশ সুদ বা মুনাফায় পুনঃঅর্থায়ন সুবিধা পাবে।
অন্যদিকে, গ্রাহক পর্যায়ে ঋণ বা বিনিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সুদ বা মুনাফার হার হবে ৭ শতাংশ। শরিয়াহভিত্তিক ব্যাংকিংয়ের ক্ষেত্রেও গ্রাহকের কাছ থেকে নেওয়া মুনাফার হার ৭ শতাংশের বেশি হতে পারবে না। সব গ্রাহকের জন্য একই হার প্রযোজ্য হবে।সংশোধিত নীতিমালায় প্রকল্পের আওতায় দেওয়া ঋণ ও বিনিয়োগের মেয়াদও নতুন করে নির্ধারণ করা হয়েছে।
যোগ্য খাত বা প্রকল্পে দেওয়া ঋণ ও বিনিয়োগের মেয়াদ, প্রযোজ্য ক্ষেত্রে তিন মাসের গ্রেস পিরিয়ডসহ, সর্বোচ্চ ১৮ মাস হবে। পুনঃঅর্থায়ন পাওয়ার দিন থেকে এই সময়ের মধ্যেই সংশ্লিষ্ট ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের পাওনা মূলধন ও সুদ বা মুনাফা পরিশোধ করতে হবে।
অন্যদিকে, নির্দিষ্ট কিছু খাত ও প্রকল্পের জন্য ঋণ বা বিনিয়োগের সর্বোচ্চ মেয়াদ হবে ৩৬ মাস। এসব ক্ষেত্রে প্রযোজ্য হলে তিন থেকে ছয় মাসের গ্রেস পিরিয়ড রাখা যাবে। পুনঃঅর্থায়ন গ্রহণের তারিখ থেকে সর্বোচ্চ ৩৬ মাসের মধ্যে ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের মূলধন ও সুদ বা মুনাফা পরিশোধ করতে হবে।
পুনঃঅর্থায়ন সুবিধার অপব্যবহার কিংবা গ্রাহকের কাছ থেকে নির্ধারিত সীমার বেশি সুদ বা মুনাফা নেওয়ার বিষয়টিও নতুন নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে।
এ ধরনের অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যাংককে অনিয়মের সঙ্গে যুক্ত অর্থের ওপর নির্ধারিত হারের অতিরিক্ত ২ শতাংশ সুদ বা মুনাফা এককালীন আদায় হিসেবে বাংলাদেশ ব্যাংককে পরিশোধ করতে হবে।
কম সুদের এই ঋণ সুবিধা যাতে প্রকৃত উদ্যোক্তারা জানতে পারেন, সে বিষয়েও ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
শাখার ভেতরে ও বাইরে সহজে চোখে পড়ে—এমন স্থানে ব্যানার টাঙিয়ে প্রকল্পের সুবিধা সম্পর্কে জানাতে হবে। পাশাপাশি বিশেষ প্রচারাভিযানের মাধ্যমেও গ্রাহকদের কাছে এই ঋণ সুবিধার তথ্য পৌঁছে দিতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগের নির্দেশনার অন্যান্য সব শর্ত অপরিবর্তিত থাকবে। সংশোধিত নির্দেশনাগুলো তাৎক্ষণিকভাবে কার্যকর করার জন্য অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

