এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, এসআইবিএল, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করে অন্তরবর্তী সরকার। এসব ব্যাংকে নিয়োগ দেয়া হয় প্রশাসক, যারা মূলত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডির দায়িত্ব পালন করছেন।
গেল জুনে কাজি শায়রুল হাসানকে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দেয় সরকার। ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পান মো. আবেদুর রহমান শিকদার।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) তাদের কাছে এক্সিম ব্যাংকের ব্যবসায়িক ও অপারেশনাল দায়িত্ব হস্তান্তর করেন ব্যাংকটির প্রশাসক মো. শওকাতুল আলম।
এদিকে এক্সিম ব্যাংকসহ পাঁচ ব্যাংক থেকে প্রশাসক সরিয়ে নেয়া হবে, এসব ব্যাংকের লাইসেন্স বাতিলের পর। আর পর্যাক্রমে এক্সিমের মতো অন্য চার ব্যাংকেরও দায়-সম্পদ হস্তান্তর হবে সম্মিলিত ইসলামী ব্যাংকে।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, চেয়ারম্যান, এমডি নিয়োগসহ সাম্প্রতিক নেয়া উদ্যোগ প্রমাণ করছে সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে ওঠা গুঞ্জন সঠিক নয়।
অন্যদিকে পরিবারের সদস্যদের চিকিৎসা, শিক্ষা ও আমানতকারীর হজের জন্য যে কোনো পরিমাণ অর্থ উত্তোলন করতে পারবে একীভূত পাঁচ ব্যাংকের হিসাবধারীরা। শিগগিরই সংশোধিত স্কিম ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক।

