জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) কাজী আব্দুর রহমান পদোন্নতি পেয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক নিযুক্ত হয়েছেন।
গত মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জনতা ব্যাংকে যোগদানের আগে তিনি রূপালী ব্যাংক এবং অগ্রণী ব্যাংক পিএলসিতেও উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১৯৯৮ সালে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির (বিআরসি) মাধ্যমে সিনিয়র অফিসার পদে রূপালী ব্যাংকে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন কাজী আব্দুর রহমান। এরপর দীর্ঘ কর্মজীবনে তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক, রূপালী ব্যাংকে মহাব্যবস্থাপক পদে স্থানীয় কার্যালয় এবং রাজশাহী, রংপুর ও ঢাকা দক্ষিণের বিভাগীয় প্রধান হিসেবে কাজ করেছেন। এ ছাড়া জোনাল প্রধান ও বিভিন্ন শাখার ব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
কর্মজীবনে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট এবং বাংলাদেশ ব্যাংকসহ দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশ নিয়েছেন।
শিক্ষাজীবনে কাজী আব্দুর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে স্নাতকোত্তর এবং খুলনা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তার জন্ম বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার সৈয়দ মহল্লা গ্রামে।

