মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এম এ খান বেলাল। বৃহস্পতিবার রাজধানীর ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৪৯০তম সভায় তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।
এর আগে তিনি ব্যাংকটির নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে ব্যাংকটির বিভিন্ন নীতিনির্ধারণী কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকায় নতুন দায়িত্বে তার অভিজ্ঞতা ব্যাংকের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টদের আশা।
এম এ খান বেলাল দেশের ব্যবসায়িক অঙ্গনে সুপরিচিত একজন উদ্যোক্তা। বাণিজ্য, শিল্প, নৌপরিবহন ও ব্যাংকিং খাতে দীর্ঘ অভিজ্ঞতার পাশাপাশি তিনি বাংলাদেশে একাধিক সফল ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন। বর্তমানে তিনি সম্রাট গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও সক্রিয়। বর্তমানে তিনি নোয়াখালী জেলা সমিতির নির্বাচিত সভাপতি।
নিজ এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নে তার বিভিন্ন উদ্যোগ রয়েছে। বেগমগঞ্জে তার প্রতিষ্ঠিত একাধিক স্কুল, মাদ্রাসা, মসজিদ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান স্থানীয় উন্নয়নে ভূমিকা রেখে চলেছে।
বিশ্লেষকদের মতে, ব্যাংকিং ও ব্যবসা খাতে দীর্ঘ অভিজ্ঞতার কারণে চেয়ারম্যান হিসেবে এম এ খান বেলালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংক ব্যবসা সম্প্রসারণ, সুশাসন এবং গ্রাহকসেবার মান উন্নয়নে নতুন উদ্যোগ নিতে পারে।

