অর্থনীতিতে নগদ টাকার ওপর অতিরিক্ত নির্ভরতা এবং অপরিকল্পিত অনানুষ্ঠানিক (শ্যাডো ইকোনমি) কর্মকাণ্ডের কারণে প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। বাংলাদেশ ব্যাংকের এক গবেষণায় দেখা গেছে, শুধু নগদ অর্থ নির্ভরতার কারণেই বছরে সম্ভাব্য রাজস্ব ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ৯৩ হাজার ৩০০ কোটি টাকা।
‘দ্য কস্ট অব ক্যাশ স্টাডি ইন বাংলাদেশ’ শীর্ষক ওই গবেষণাপত্র অনুযায়ী, দেশের প্রাক্কলিত অনানুষ্ঠানিক অর্থনীতির আকার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ২৭.২ শতাংশ। এই বিপুল লেনদেনের সিংহভাগই কাগজের নোটে সম্পন্ন হওয়ায় পূর্ণাঙ্গ হিসাব সংরক্ষণ কিংবা কর পরিপালন তদারকি করা সম্ভব হয় না। নগদ টাকা ছাপানো, পরিবহন, ট্রানজিট নিরাপত্তা ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার অদৃশ্য ব্যয় হিসাব করলে দেশে নগদনির্ভর অর্থনৈতিক কার্যক্রমের বার্ষিক ক্ষতি দাঁড়ায় প্রায় ১ লাখ ৭০ হাজার ৩৬০ কোটি টাকা, যা মোট জিডিপির ৩.২৪ শতাংশ।
নগদ টাকা ব্যবস্থাপনার এই বিশাল লোকসানের মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোর পেছনেই বার্ষিক ব্যয় হয় প্রায় ৩৬ হাজার ৮০০ কোটি টাকা। সাধারণ ভোক্তাদের সময় ও সুযোগ ব্যয়ের মূল্য হিসেবে লোকসান হয় ২৮ হাজার কোটি টাকা, আর ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ ৬ হাজার ২০০ কোটি টাকা। অন্যদিকে, একটি সমন্বিত ডিজিটাল পেমেন্ট পরিকাঠামো বজায় রাখার বার্ষিক পরিচালন ব্যয় মাত্র ৫ হাজার ৯৬৪ কোটি টাকা; যা ক্যাশ ইকোনমির মোট খরচের মাত্র ২৮ ভাগের এক ভাগ।

