চিকিৎসার জন্য বিদেশে যাওয়া বাংলাদেশিদের ডলার খরচের সীমা বাড়িয়ে দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। এ সংক্রান্ত একটি সার্কুলার আজ সোমবার (৯ নভেম্বর) জারি করা হয়েছে।
নতুন নিয়মে চিকিৎসার জন্য এখন থেকে জনপ্রতি ৩০ হাজার ডলার পর্যন্ত বিদেশে খরচ করা যাবে। এত দিন এই সীমা ছিল ১৫ হাজার ডলার। এর বেশি অর্থ বাইরে নিতে হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হতো।
একই সার্কুলারে বিদেশে শিক্ষা খরচের ক্ষেত্রেও নিয়ম শিথিল করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের পড়াশোনার জন্য ডলার নিতে এখন আর কেন্দ্রীয় ব্যাংকের অনুমতির প্রয়োজন হবে না। পেশাগত কোর্সের খরচের জন্য ডলার নেওয়ার ক্ষেত্রেও আগাম অনুমোদন লাগবে না।

