রোববার (৮ নভেম্বর) দুপুর ২টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখার গ্রাহকেরা। ভুক্তভোগী গ্রাহক ঐক্য পরিষদের আহ্বায়ক জাফরিন আলম ওরফে রাখী এ সময় সাত দফা দাবি তুলে ধরেন। একই সঙ্গে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিত আবেদন জমা দেন তাঁরা।
ভুক্তভোগী জাফরিন আলম জানান, তিনি দুই দফায় মোট ১৫ লাখ টাকা জমা দিয়েছিলেন। প্রথম দফায় ১০ লাখ টাকা জমা দেওয়ার পর তাঁর মুঠোফোনে টাকা জমার বার্তাও আসে। পরে আরও পাঁচ লাখ টাকা জমা দেন। তবে দ্বিতীয় দফার জমার কোনো বার্তা না পেয়ে ব্যাংকে যোগাযোগ করলে তাঁকে সফটওয়্যারের সমস্যার কথা জানানো হয়।
অন্য গ্রাহক ফারহানা আলমের অভিযোগ, তিনি দুই দফায় মোট তিন লাখ টাকার এফডিআর করেছিলেন। তাঁর কাছে ব্যাংকের জমার রসিদও রয়েছে। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পরও টাকা ফেরত পাচ্ছেন না। ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগ করেও সমাধান পাননি বলে জানান তিনি।
গ্রাহকদের অভিযোগ, ব্যাংকের নিয়ম মেনেই তাঁরা টাকা জমা দিয়েছেন। অথচ পরে টাকা তুলতে গেলে ব্যাংকের হিসাবে তাঁদের আমানতের কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। এতে অনেকেই তাঁদের সারা জীবনের সঞ্চয়, অবসরকালীন অর্থ ও ব্যবসার মূলধন হারানোর আশঙ্কায় পড়েছেন।
এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। গত ৮ অক্টোবর প্রকাশিত দুদকের প্রাথমিক অনুসন্ধানের তথ্য অনুযায়ী, তখন পর্যন্ত ৯১ জন গ্রাহকের কাছ থেকে পাওয়া অভিযোগে ৮ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮২৬ টাকা আত্মসাতের তথ্য পাওয়া গিয়েছিল। ওই সময় ক্ষতিগ্রস্ত গ্রাহকের সংখ্যা ২০০ ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছিল সংস্থাটি।
দুদকের অনুসন্ধানে ভুয়া এফডিআর, জাল চেক, ভুয়া জমার রসিদ এবং ব্যাংক হিসাবের তথ্য পরিবর্তনের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ উঠে আসে। এ ঘটনায় ব্যাংকের বরখাস্ত ক্যাশ অফিসারসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, গ্রাহকদের দাবি অনুযায়ী ক্ষতিগ্রস্তের সংখ্যা ৩১৫ এবং আত্মসাতের অভিযোগে অর্থের পরিমাণ প্রায় ৩০ কোটি টাকা। অর্থাৎ গ্রাহকদের দাবির মোট পরিমাণ এবং দুদকের প্রাথমিকভাবে শনাক্ত করা অর্থের মধ্যে এখনো পার্থক্য রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেছেন, ব্যাংকে নিয়ম মেনে টাকা জমা দিলে গ্রাহকের সেই অর্থ ফেরত পাওয়ার অধিকার রয়েছে। জমার প্রমাণ থাকলে ব্যাংককে টাকা ফেরত দিতে হবে। তবে কোনো গ্রাহক ব্যাংকের আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ না করে শুধু ব্যাংকারের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে টাকা দিলে সে ক্ষেত্রে বিষয়টি আলাদাভাবে বিবেচিত হবে।
অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ জানিয়েছেন, দুদক তদন্ত শেষে এ ঘটনায় মামলা করেছে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, প্রত্যেক গ্রাহক তাঁদের টাকা ফেরত পাবেন। তবে কারা কত টাকা জমা দিয়েছেন, তা যাচাই করা প্রয়োজন। বর্তমানে সেই যাচাই-বাছাইয়ের কাজ চলছে।
এদিকে ভুক্তভোগীরা শ্রীনগর শাখার আর্থিক অনিয়ম তদন্তে নিরপেক্ষ উচ্চপর্যায়ের কমিটি গঠন, ক্ষতিগ্রস্ত গ্রাহকদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি, বৈধ আমানত যাচাই করে দ্রুত টাকা ফেরত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি টাকা ফেরতের প্রক্রিয়া ও সময়সীমা সম্পর্কে লিখিতভাবে জানানোরও দাবি তুলেছেন তাঁরা।
তবে কবে নাগাদ গ্রাহকেরা তাঁদের আমানতের অর্থ ফেরত পাবেন, সে বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ এখনো নির্দিষ্ট সময় জানায়নি। ফলে দীর্ঘদিনের সঞ্চয় আটকে থাকা গ্রাহকদের অনিশ্চয়তা কাটেনি।

