মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের সাত হাজারের বেশি সন্দেহজনক হিসাব শনাক্ত হওয়ার ঘটনায় ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকের পরিচয় যাচাইয়ে নির্ধারিত নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে নিয়ম লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে কেন জরিমানা করা হবে না, সে বিষয়েও জবাব চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, বিকাশের প্ল্যাটফর্মে সাত হাজারের বেশি সন্দেহজনক হিসাব পাওয়া গেছে। এসব হিসাবের কয়েকটির গ্রাহকের বয়স ১০০ থেকে ১৫০ বছর পর্যন্ত উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অনেক হিসাবে অস্বাভাবিক পরিমাণ লেনদেনের তথ্যও পাওয়া গেছে। এত অসংগতি থাকার পরও হিসাবগুলো সচল থাকায় গ্রাহক পরিচয় যাচাইসংক্রান্ত নির্দেশনা লঙ্ঘনের আশঙ্কা তৈরি হয়েছে।
গত ৩ নভেম্বর পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট আইন, ২০২৪-এর ৩৭ ধারায় বিকাশের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চায় বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) গ্রাহক পরিচয় যাচাইসংক্রান্ত নির্দেশনা ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল আর্থিক সেবাদাতা এবং অন্যান্য পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানকে আইন অনুযায়ী জরিমানা করা হয়ে থাকে। তবে এ ক্ষেত্রে এখনো কোনো জরিমানা আরোপ করা হয়নি। তাঁর মতে, ব্যাখ্যা চাওয়াই প্রাথমিক পদক্ষেপ। প্রতিষ্ঠানের জবাব সন্তোষজনক না হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা আরও জানিয়েছেন, মোবাইল আর্থিক সেবা ব্যবহার করে অবৈধ লেনদেন, অনলাইন জুয়া, বাজি এবং ক্রিপ্টোকারেন্সি কেনাবেচার প্রবণতা বাড়ছে। এসব কর্মকাণ্ডের একটি বড় অংশ ভুয়া হিসাবের মাধ্যমে পরিচালিত হচ্ছে বলে তাঁদের ধারণা।
অন্যদিকে বিকাশের করপোরেট যোগাযোগ বিভাগের প্রধান শামসুদ্দিন হায়দার দালিম জানিয়েছেন, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসরণ করেই ই-কেওয়াইসি অথবা কাগজভিত্তিক পদ্ধতিতে সব হিসাব খোলা হয়। এ ক্ষেত্রে গ্রাহকের পরিচয় যাচাইয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে নির্বাচন কমিশনের তথ্যভান্ডারে থাকা তথ্য মিলিয়ে দেখা হয়। পাশাপাশি আঙুলের ছাপ ও মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করা হয়।
তিনি জানান, ই-কেওয়াইসি পদ্ধতিতে জাতীয় পরিচয়পত্রের তথ্য হুবহু সংগ্রহ করা হয়। এ জন্য অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করা হয় এবং মুখমণ্ডল শনাক্তের মাধ্যমে গ্রাহকের পরিচয় নিশ্চিত করা হয়। ফলে জাতীয় পরিচয়পত্রে কোনো ভুল থাকলে সেই ভুলই হিসাবের তথ্যেও প্রতিফলিত হয়। সংগৃহীত তথ্য পরিবর্তনের সুযোগ কেবল সংশ্লিষ্ট গ্রাহকের রয়েছে।
বিকাশের এই কর্মকর্তার দাবি, যেসব হিসাবে গ্রাহকের বয়স ১০০ বছর বা তার বেশি দেখা গেছে, সেগুলোর বড় একটি অংশের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রে জন্মতারিখের ভুল রয়েছে। সংশ্লিষ্ট গ্রাহকদের নির্বাচন কমিশনের তথ্যভান্ডারে জন্মতারিখ সংশোধন করে বিকাশকে জানানোর অনুরোধ করা হয়েছে, যাতে হিসাবের পরিচয়সংক্রান্ত তথ্য হালনাগাদ করা যায়।
তিনি আরও জানান, কাগজভিত্তিক পদ্ধতিতে হিসাব খোলার সময় হাতে তথ্য প্রবেশ করানোর ক্ষেত্রে কিছু জন্মসালের ভুল হয়েছিল। অনিচ্ছাকৃত এসব ভুল ইতোমধ্যে সংশোধন করা হয়েছে।
বিকাশের ভাষ্য অনুযায়ী, আলোচনায় থাকা সব হিসাবকে বাড়তি সতর্কতামূলক যাচাইয়ের আওতায় আনা হয়েছে। পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হয়েছে।

