অর্থনৈতিক বৈষম্য কমানো এবং সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আনুষ্ঠানিক আর্থিক সেবা পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগ ‘ই-ঋণ’ পুনঃ অর্থায়ন স্কিম নামে একটি সার্কুলার জারি করেছে। ১০০ কোটি টাকার এই আবর্তনশীল তহবিলের মাধ্যমে প্রান্তিক ও অনানুষ্ঠানিক খাতের ক্ষুদ্র উদ্যোক্তা এবং সুবিধাবঞ্চিত মানুষ সহজ শর্তে ডিজিটাল মাধ্যমে ক্ষুদ্রঋণ নিতে পারবেন।
তহবিলটি গঠন করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে। নির্ধারিত মেয়াদের মধ্যে এটি ঘূর্ণায়মান পদ্ধতিতে চলবে। অর্থাৎ ঋণের অর্থ আদায় হলে তা আবার নতুন ঋণ হিসেবে দেওয়া যাবে। স্কিমের মেয়াদ ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত। ফলে এই সময়ের মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলো প্রান্তিক পর্যায়ে ডিজিটাল উপায়ে ক্ষুদ্রঋণ বিতরণে বারবার এই তহবিল ব্যবহারের সুযোগ পাবে।
অংশগ্রহণকারী ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে বছরে মাত্র ১ শতাংশ সুদে পুনঃ অর্থায়ন পাবে। তবে গ্রাহক পর্যায়ে ঋণের সুদ বা মুনাফার হার বছরে সর্বোচ্চ ৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এই সুদ গ্রাহকের ঋণের ক্রমহ্রাসমান স্থিতির ওপর হিসাব করতে হবে। শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর ক্ষেত্রেও উপযুক্ত শর্ত বজায় রেখে এবং শরিয়াহ-অনুমোদিত বিনিয়োগ পদ্ধতিতে বছরে ৯ শতাংশের বেশি মুনাফা নেওয়া যাবে না। এই তহবিল থেকে একজন গ্রাহক নির্দিষ্ট সময়ে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাবেন।
আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে প্রান্তিক জনগোষ্ঠী, দূরবর্তী এলাকার বাসিন্দা এবং প্রচলিত ব্যাংকিং সুবিধার বাইরে থাকা মানুষ এই ঋণের জন্য যোগ্য বিবেচিত হবেন। বিশেষ করে আয়মূলক কাজে যুক্ত প্রান্তিক নারী এবং অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র নারী উদ্যোক্তারা অগ্রাধিকার পাবেন।
এর বাইরে ১৬ থেকে ২৫ বছর বয়সী স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারী শিক্ষার্থীরাও এই ঋণ নিতে পারবেন। তাঁরা শিক্ষা ব্যয়, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কেনা, বৃত্তিমূলক বা কারিগরি প্রশিক্ষণ এবং দক্ষতাভিত্তিক পেশা বা ব্যবসা পরিচালনায় এই অর্থ ব্যবহার করতে পারবেন। একই সঙ্গে বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী ব্যক্তি এবং তৃতীয় লিঙ্গের যেসব গ্রাহক আয়মূলক কাজে যুক্ত, তাঁরাও অগ্রাধিকার খাতের অন্তর্ভুক্ত থাকবেন।
বাণিজ্যিক ব্যাংকগুলোকে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ঋণ দিতে হবে। ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং অ্যাপ, মোবাইল আর্থিক সেবা (এমএফএস) ও ই-ওয়ালেটের মাধ্যমে ঋণগ্রহীতা অন্তর্ভুক্তি, ঋণ বিতরণ ও আদায়ের পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ১২ মাস।
কেন্দ্রীয় ব্যাংকের পুনঃ অর্থায়নের অর্থ সাধারণত ত্রৈমাসিক ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যাংকের চলতি হিসাব থেকে কেটে আদায় করা হবে। তবে গ্রাহক পর্যায়ে ঋণের মেয়াদ তিন মাসের কম হলে ব্যাংক মাসিক কিস্তিতে টাকা আদায় করবে। মেয়াদ তিন মাসের বেশি হলেও যদি তা তিনের গুণিতক না হয়, তাহলে ত্রৈমাসিক ভিত্তিতে আদায়ের পর বাকি অংশ মাসিক কিস্তিতে নেওয়া হবে।
ক্ষুদ্র উদ্যোক্তা, নারী, শিক্ষার্থী ও প্রতিবন্ধী ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণির মানুষকে আনুষ্ঠানিক ব্যাংকিংয়ের আওতায় আনার সুযোগ তৈরি করেছে এই উদ্যোগ। ২০২৮ সালের জুন পর্যন্ত ব্যাংকগুলো কতটা সক্রিয়ভাবে তহবিলটি কাজে লাগায়, তার ওপরই নির্ভর করবে স্কিমের সাফল্য।

