Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগের পাহাড়, ডলার কারসাজিতে ৫৪ কোটি টাকার ক্ষতি
    অপরাধ

    কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগের পাহাড়, ডলার কারসাজিতে ৫৪ কোটি টাকার ক্ষতি

    নিউজ ডেস্কনভেম্বর 11, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. সুমন মিয়া ওরফে শাহনেওয়াজ সুমনকে ঘিরে একের পর এক জালিয়াতি ও অনিয়মের অভিযোগ সামনে এসেছে। শিক্ষাছুটিতে থাকা অবস্থায় অনুমতি ছাড়া রিজার্ভসংক্রান্ত সম্মেলনে অংশ নেওয়া, চাকরিতে যোগদানের পর নাম-পরিচয় বদলানো, শিক্ষাগত সনদ নিয়ে প্রশ্ন, ডলার কেনাবেচায় রাষ্ট্রীয় ক্ষতি এবং অসুস্থতার কারণ দেখিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা তুলে নেওয়ার প্রমাণ মিলেছে।

    তাদের অনুসন্ধানে বলা হয়েছে, একই দিনে একই ব্যাংকের কাছে ১১০ টাকায় ডলার বিক্রি করে ১১৬ টাকায় আবার তা কিনে নেওয়ায় কেন্দ্রীয় ব্যাংকের প্রায় ৫৪ কোটি টাকা ক্ষতি হয়েছে। একই সঙ্গে একটি বেসরকারি ব্যাংকের সঙ্গে মৌখিক চুক্তির কারণে আরও ৪৩৬ কোটি টাকার বেশি ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। অভিযোগ আছে, এসব কাজের পেছনে কেন্দ্রীয় ব্যাংকের একজন ডেপুটি গভর্নরের প্রশ্রয় ছিল এবং তাঁর সুপারিশেই সুমন বারবার পদোন্নতি পেয়েছেন।

    গত ২৫ আগস্ট ডলার কারসাজি নিয়ে সুমনকে নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে একটি বেসরকারি ব্যাংককে সুবিধা দিয়ে রাষ্ট্রের প্রায় ৫৪ কোটি টাকা ক্ষতির বিস্তারিত তুলে ধরা হয়। অভ্যন্তরীণ সূত্রের বরাতে জানা গেছে, ওই প্রতিবেদনের পর কেন্দ্রীয় ব্যাংক একটি তদন্ত কমিটি গঠন করেছে, তবে এ বিষয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি। প্রতিবেদনের পর সুমনের নিয়োগ থেকে শুরু করে নানা অনিয়মের তথ্য-প্রমাণ আসতে থাকে। যাচাই-বাছাই করে প্রায় সবগুলোরই প্রমাণ পাওয়া গেছে বলে পত্রিকাটি জানিয়েছে।

    সবচেয়ে স্পর্শকাতর অভিযোগ শিক্ষাছুটিতে থাকা অবস্থায় গভর্নরের অনুমতি ছাড়া রিজার্ভসংশ্লিষ্ট সম্মেলনে অংশ নেওয়া।  হাতে আসা চিঠি অনুযায়ী, মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালয়ায় অর্থনীতিতে পিএইচডি করতে সুমনকে ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর থেকে ২০২৭ সালের ২৭ জুলাই পর্যন্ত পূর্ণ বেতনে প্রেষণ দেওয়া হয়। এরপর ২০২৭ সালের ২৮ জুলাই থেকে ২০২৯ সালের ২৭ জুলাই পর্যন্ত অর্ধেক বেতনে বিদেশে শিক্ষাছুটি মঞ্জুর করা হয়।

    অথচ একটি বিদেশি প্রতিষ্ঠানের চিঠিতে দেখা যায়, ছুটিতে থাকা অবস্থাতেই তিনি কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি হিসেবে দুটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন। ২০২৪ সালের ৫ ও ৬ ডিসেম্বর সিঙ্গাপুরে ‘গ্লোবাল ইস্ট’ এবং ২০২৫ সালের ৮ ও ৯ মে লন্ডনে ‘গ্লোবাল ওয়েস্ট’ সম্মেলনের অংশগ্রহণকারীদের তালিকায় তাঁর নাম আছে। আয়োজক প্রতিষ্ঠান ইনস্টিটিউশনাল ইনভেস্টরের এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড ডু প্লয়ের পাঠানো ইমেইলে তাঁর অংশগ্রহণের সত্যতা মেলে। এই সফরের কোনো অনুমোদন কেন্দ্রীয় ব্যাংকের ছিল না। সফরের খরচ কে বহন করেছে, সম্মেলনে তাঁর ভূমিকা কী ছিল এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো তথ্য বাইরে গেছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, দুটি অনুষ্ঠানেই বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক, সার্বভৌম সম্পদ তহবিল ও সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন। সেখানে রিজার্ভ ব্যবস্থাপনা, বৈশ্বিক বিনিয়োগ, ঝুঁকি ব্যবস্থাপনা ও সরকারি তহবিলের বিনিয়োগ কৌশল নিয়ে আলোচনা হয়।

    শিক্ষাগত সনদ নিয়েও প্রশ্ন উঠেছে। সুমনের গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি থানার হাসানপুরের ঢাকারগাঁও গ্রামে। তিনি দাউদকান্দি পাইলট উচ্চবিদ্যালয়ে মাধ্যমিক শেষ করেন, সেখানকার রেজিস্টারে তাঁর তথ্য ঠিক আছে। এরপর ঢাকার তেজগাঁও কলেজ থেকে ২০০১ সালে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক পাস করেন, তখন তাঁর নাম ছিল সুমন মিয়া। মার্কশিট অনুযায়ী ইংরেজিতে দুই পত্র মিলিয়ে তিনি পান ৬২। পরে ৪ নম্বর গ্রেস যোগ করে ৬৬ করে তাঁকে উত্তীর্ণ করা হয়।

    আগে তিনি দাবি করেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে পড়েছেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারে এর কোনো প্রমাণ মেলেনি। তবে চট্টগ্রামের সীতাকুণ্ডের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির একটি স্নাতক সনদ প্রতিবেদকের হাতে এসেছে, যা অনলাইনে যাচাই করা যায়নি। ওই বিশ্ববিদ্যালয়ের কাছে সুমনের সনদসংক্রান্ত বিস্তারিত তথ্য নেই, তবে তারা সনদটি সঠিক বলে নিশ্চিত করেছে। সেমিস্টারভিত্তিক ফলাফল চাইলে কিছু পাওয়া যায়নি। উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ড. মর্তুজা আহমেদ বলেন, তখনকার রেকর্ড রাখা হতো না এবং এই শিক্ষার্থী ঢাকা ক্যাম্পাসের।

    অনুসন্ধানে দেখা যায়, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সুপারিশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব আউটার ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত হয়। সনদ বিক্রির অভিযোগে প্রায় ১০০টি আউটার ক্যাম্পাসকে অবৈধ ঘোষণা করা হয়। ওই তালিকায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম ছিল এক নম্বরে। অথচ সুমনের সনদের তারিখ ৫ এপ্রিল ২০০৭। কালবেলার অনুসন্ধান অনুযায়ী, নিষিদ্ধ হওয়া ওই ক্যাম্পাসের সনদ দিয়েই তিনি পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সান্ধ্যকালীন কোর্সে এমবিএ করেন।

    চাকরিতে যোগদানের সময় এসব সনদ তিনি ঢাকা মেডিকেলের মেডিসিন অফিসার ডা. শাহ আ. হামিদ নামে একজনকে দিয়ে সত্যায়িত করান। সত্যায়নের তারিখ ১৮ জানুয়ারি ২০১০। কিন্তু ঢাকা মেডিকেলে খোঁজ নিয়ে ওই সময়ে এই নামে কোনো চিকিৎসক পাওয়া যায়নি, এখনো নেই। সিলমোহরেও কোনো আইডি বা বিএমডিসি নম্বর ছিল না। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের ওয়েবসাইটেও ওই নামে কাউকে পাওয়া যায়নি। এতে বোঝা যায়, সনদ সত্যায়িত হয়েছে অস্তিত্বহীন চিকিৎসকের মাধ্যমে।

    ব্যক্তিগত জীবন নিয়েও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অভিযোগ আছে, বাংলাদেশ ব্যাংকে চাকরির পর তিনি আইইএলটিএস সনদ জাল করে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেন। ধরা পড়ায় ভিসা বাতিল হয় এবং তাঁর পাসপোর্ট যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হয়। এরপর তিনি নির্বাচন কমিশনে আবেদন করে নাম বদলে মো. সুমন মিয়া থেকে শাহনেওয়াজ সুমন হন। প্রতিবেদক নাম পরিবর্তনের আবেদনের সব কাগজপত্র সংগ্রহ করেছে। সেখানে ‘দৈনিক সোনালী বার্তা’ নামের একটি পত্রিকার বিজ্ঞাপন, ২০১৫ সালের ৯ জুলাইয়ের বাংলাদেশ ব্যাংকের একটি অফিস আদেশ, এসএসসির অনলাইন মার্কশিট, এইচএসসির সনদ ও একটি হলফনামা জমা দেওয়া হয়েছিল। এসএসসির মার্কশিটে মায়ের নামের ঘর থাকলেও সেখানে নাম নেই। আবেদনের কপিতে নির্বাচন কমিশনের একজন কর্মকর্তার স্বাক্ষরসহ ‘জরুরি ভিত্তিতে পেশ করুন’ লেখা আছে। এ ছাড়া ছবি ও স্বাক্ষরও সংশোধিত হবে বলে উল্লেখ আছে।

    নাম-পরিচয় নিয়ে এমন লুকোচুরির সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকে আনসারী নিয়োগ জালিয়াতির মিল পাওয়া যায়। ২০১৩ সালে নিয়োগ পেয়েও মো. আব্দুল ওয়ারেছ আনসারী যোগ না দেওয়ায় মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. শাহজাহান মিঞা তাঁর জায়গায় নিজের ভাগনেকে নিয়োগ দেন। ভাগনের নাম বদলে রাখা হয় আব্দুল ওয়ারেছ আনসারী। তিনি ১২ বছর চাকরি করে দুই দফা পদোন্নতি পেয়ে যুগ্ম পরিচালক হন। সম্প্রতি এক তদন্তে বিষয়টি ধরা পড়লে শাহজাহান মিঞাকে বরখাস্ত এবং তাঁর ভাগনের নিয়োগ বাতিল করা হয়।

    ডলার কারসাজির অভিযোগে সুমন দাবি করেছিলেন, ডলার পরের দিন বিক্রি হলেও চুক্তি আগে হয়েছিল। এর সত্যতা যাচাইয়ে কালবেলা ইসলামী ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের সব চিঠিপত্র সংগ্রহ করে, কিন্তু তাঁর বক্তব্যের পক্ষে প্রমাণ মেলেনি। নথি অনুযায়ী, ২০২৪ সালের ৮ মে বাংলাদেশ ব্যাংকের এক অফিস আদেশে ডলারের দর বাড়িয়ে ১১৭ টাকা করা হয়, যা কার্যকর হয় ৯ মে থেকে। ইসলামী ব্যাংকের সঙ্গে সুমনের সব লেনদেন হয় ৯ তারিখের চিঠিতে। অনিয়ম ঢাকতে ওই চিঠিতে ৮ তারিখ বসানো হয়েছিল বলে অভিযোগ, যার প্রমাণ মেলে চিঠির স্মারক নম্বরে।

    অনুসন্ধানে দেখা যায়, ৯ তারিখের দুটি চিঠিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে ৮৫ মিলিয়ন ডলার বিক্রি করে, প্রতি ডলার ১১৬ দশমিক ৪৬ টাকা দরে। ওই চিঠির স্মারক নম্বর ২৪০০০০৯২৫ ও ২৪০০০০৯২৬। অন্যদিকে ৮ তারিখ উল্লেখ করা দুটি চিঠিতে ব্যাংকটি বাংলাদেশ ব্যাংক থেকে ৮২ মিলিয়ন ডলার কেনে ১১০ টাকা দরে। কিন্তু পেছনের তারিখ দেওয়া হলেও এই ক্রয়ের চিঠির স্মারক নম্বর ২৪০০০০৯২৭ ও ২৪০০০০৯২৮, অর্থাৎ বিক্রয়ের চিঠির পরে ইস্যু করা। এর বিনিময়ে ইসলামী ব্যাংকের সিএসআর তহবিল থেকে বড় অঙ্কের সুবিধা নিয়েছেন সুমন, যা তিনি প্রতিবেদকের কাছে স্বীকারও করেছেন বলে দাবি।

    ন্যাশনাল ব্যাংকের সঙ্গে আরেকটি অসম চুক্তির তথ্যও কালবেলার হাতে এসেছে। ন্যাশনাল ব্যাংক সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে তাদের একটি মৌখিক চুক্তি হয়েছিল। সেখানে বেসরকারি ব্যাংকটি ৩১১ দশমিক ৫০ মিলিয়ন ডলার ১১০ টাকা দরে দাবি করেছে। বর্তমানে ডলারের দর ১২৪ টাকা। সে হিসাবে প্রতি ডলারে ১৪ টাকা লোকসান ধরলে ওই ডলার ছাড় করলে কেন্দ্রীয় ব্যাংকের ক্ষতি ৪৩৬ কোটি টাকার বেশি হবে। তথ্য অনুযায়ী, এসব লেনদেনের সময় সংশ্লিষ্ট শাখার চিফ ডিলার ছিলেন সুমন নিজেই। অভিযোগ আছে, তাঁর সব কাজের পেছনে তৎকালীন নির্বাহী পরিচালক এবং বর্তমান ঊর্ধ্বতন এক কর্মকর্তার হাত রয়েছে।

    অসুস্থতার কারণ দেখিয়ে অর্থ নেওয়ার ঘটনাও ধরা পড়েছে কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে। ব্যাংকের অন্তত এক ডজন কর্মকর্তা কালবেলাকে জানিয়েছেন, সুমন নিজের অসুস্থতার কথা বলে সহকর্মীদের সহানুভূতি আদায় করেছেন এবং চিকিৎসার নামে সহকর্মী ও কেন্দ্রীয় ব্যাংক, উভয়ের কাছ থেকেই বিপুল আর্থিক সহায়তা নিয়েছেন। এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রতিবেদকের হাতে এসেছে।

    প্রতিবেদন অনুযায়ী, চিকিৎসা ব্যয় ও ওষুধের বিল যাচাই করতে ২০২৫ সালের ৪ মে চার সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটি ২০ মে সংশ্লিষ্ট চিকিৎসকের চেম্বারে গিয়ে নথি ও ওষুধের দোকানের তথ্য যাচাই করে। সুমনের নথিতে ভারতের ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজের এক চিকিৎসকের ব্যবস্থাপত্র ছিল। ওষুধের ব্যবহার নিয়ে কমিটি চ্যাটজিপিটি ও এআই সফটওয়্যারের সহায়তায় বিশ্লেষণ করে এবং ওই চিকিৎসকের মতামত চায়। চিকিৎসক জানান, এ ধরনের ছত্রাকরোধী ওষুধ সাধারণত চার সপ্তাহের কোর্সে দেওয়া হয় এবং দৈনিক মাত্রা ২০০ থেকে সর্বোচ্চ ৪০০ মিলিগ্রাম হতে পারে। কিন্তু সুমন প্রতিদিন ১ হাজার ৮০০ মিলিগ্রাম একটি ওষুধ এবং ১ হাজার ২০০ মিলিগ্রাম আরেকটি ওষুধ সেবনের কথা উল্লেখ করেছেন। কমিটি এ মাত্রাকে অস্বাভাবিক বলেছে। ভাউচার ও বিলে অসংগতিও পাওয়া গেছে। প্রতি মাসে চিকিৎসা বাবদ ২ লাখ ৬৪ হাজার ২৫৬ টাকা ব্যয় দেখানো হয়, যা তিনি কেন্দ্রীয় ব্যাংক থেকে নিয়েছেন। তদন্ত কমিটি একেও অস্বাভাবিক বলেছে।

    সম্পদের তথ্যও উঠে এসেছে অনুসন্ধানে। কুমিল্লায় তাঁর নামে আলিশান ডুপ্লেক্স বাড়ির কথা বলা হচ্ছে, যার সামনে ব্যক্তিগত সুইমিং পুল আছে এবং চারদিকে সীমানাপ্রাচীর। সরেজমিনে সেখানে কাউকে পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, বাড়ি থাকলেও সুমন মিয়ার পরিবারের কেউ সেখানে থাকেন না। বাড়ির সামনে তাঁর ভাইয়ের নামে ‘কামাল মঞ্জিল’ লেখা একটি নামফলক আছে। এ ছাড়া নিউ ইস্কাটনের র‍্যাংগস টাওয়ারে তাঁর একটি আধুনিক ফ্ল্যাট এবং ডেমরায় প্লটসহ একটি বহুতল বাড়ি রয়েছে। ডেমরার ওই বাড়ি দেখিয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে এক কোটি টাকারও বেশি ঋণ নিয়েছেন বলে জানা গেছে।

    বক্তব্য জানতে বেশ কয়েক দিন সুমনকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি। প্রশ্ন লিখে পাঠানো বার্তারও জবাব মেলেনি। তবে তাঁর পক্ষ থেকে দুজন ব্যক্তি সাংবাদিক পরিচয়ে প্রতিবেদকের সঙ্গে দেখা করেন। প্রতিবেদকের দাবি, তাঁরা প্রথমে সংবাদ না করতে অনুরোধ করেন, পরে অনৈতিক সুবিধার প্রলোভন দেখান। প্রতিবেদক রাজি না হয়ে সুমনকে সরাসরি যোগাযোগ করতে বলেন। পরদিন সুমন নিজে ফোন করে স্ত্রীকে নিয়ে কালবেলার কার্যালয়ে আসেন।

    সেখানে তিনি প্রায় সব অভিযোগের কথা মেনে নিয়ে বলেন, ‘কিছু গ্যাপ আছে।’ তবে সব দায় নিতে রাজি হননি। তাঁর দাবি, সে সময় সরকার ও ওপর মহলের চাপে অনেক কিছু করতে হয়েছে। অনুমতি ছাড়া সম্মেলনে যাওয়াকে তিনি ‘ভুল বোঝাবুঝি’ বলেন। তখন তাঁর স্ত্রী বলেন, বিষয়টি মহাপরিচালক জানতেন। সুমন সঙ্গে সঙ্গে তাঁকে থামিয়ে দিয়ে আবার বলেন, ওটা ভুল বোঝাবুঝি ছিল।

    কুমিল্লার বাড়ি প্রসঙ্গে সুমন প্রথমে বলেন, সেটি তাঁর এক আত্মীয়ের। পরে বলেন, বাড়িটি তাঁর ভাইয়ের, যিনি ব্যবসা করেন, সেখানে তাঁর কোনো টাকা নেই এবং তিনি জীবনে একবার সেখানে গিয়েছেন। স্ত্রীও একবার গিয়েছেন বলে জানান। ইস্কাটনের ফ্ল্যাট সম্পর্কে বলেন, সেটি ২০ বছরের পুরোনো এবং ঋণ নিয়ে কেনা। ফ্ল্যাট দেখিয়ে ঋণ নেওয়ার প্রশ্নে কিছুটা অপ্রস্তুত হয়ে বলেন, ডেমরায় তাঁর একটি প্লট আছে, সেটিকে বাড়ি দেখিয়ে বহুতল ভবনের নামে ঋণ নিয়েছেন।

    ডলার কারসাজি ও অসম চুক্তির প্রশ্নে তিনি বলেন, তিনি ‘চুনোপুঁটি’, একজন যুগ্ম পরিচালক, তাঁর পক্ষে এসব চুক্তি করা সম্ভব নয়; ঊর্ধ্বতনদের নির্দেশে আইন মেনে সব করেছেন। অসুস্থতার নামে মাসে আড়াই লাখ টাকা নেওয়া প্রসঙ্গে বলেন, বিষয়টি পরে নিষ্পত্তি হয়েছে এবং এখন আর নেন না। মার্কিন ভিসা প্রসঙ্গে তিনি সরাসরি নিষিদ্ধ হওয়ার কথা স্বীকার না করে বলেন, একবার ভিসা প্রত্যাখ্যাত হয়েছিল এবং তখন অনেক সরকারি কর্মকর্তারই ভিসা প্রত্যাখ্যাত হয়েছিল। ইসলামী ব্যাংকের সিএসআর তহবিল থেকে সুবিধা নেওয়ার বিষয়ে তাঁর বক্তব্য, ডলার লেনদেন ও সিএসআর এক বিষয় নয় এবং তিনি নিয়ম মেনেই সেখান থেকে অর্থ নিয়েছেন।

    এসব অভিযোগ কতটা প্রমাণিত হবে এবং কেন্দ্রীয় ব্যাংকের গঠিত তদন্ত কমিটি কী সিদ্ধান্ত নেয়, তার ওপরই এখন নির্ভর করছে সুমনের ভবিষ্যৎ। একই সঙ্গে ডেপুটি গভর্নর ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভূমিকা নিয়ে ওঠা প্রশ্নের জবাব মেলে কি না, সেদিকেও নজর থাকবে।

    সূত্র: কাল বেলা

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    ডিগ্রি আছে, মেধা আছে, কিন্তু চাকরি নেই: তরুণদের স্বপ্নভঙ্গের দায় নেবে কে?

    নভেম্বর 11, 2026
    ব্যাংক

    আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে ১০০ কোটি টাকার ই-ঋণ তহবিল চালু করল বাংলাদেশ ব্যাংক

    নভেম্বর 11, 2026
    ব্যাংক

    রমজান সামনে রেখে ১০ পণ্য আমদানিতে বড় ছাড়

    নভেম্বর 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.