Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, নভে. 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » কমার্স ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যানের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ
    ব্যাংক

    কমার্স ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যানের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ

    নিউজ ডেস্কনভেম্বর 15, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদের শীর্ষ পর্যায়ে পরিবর্তন এলেও পুরোনো প্রভাববলয় ও বিতর্কের অবসান হয়নি বলে অভিযোগ উঠেছে। সাবেক পর্ষদ চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যানকে ঘিরে ওঠা অনিয়মের অভিযোগের রেশ কাটতে না কাটতেই এবার ব্যাংকটির অডিট কমিটির চেয়ারম্যান শেখ আশাফুজ্জামানকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।

    ব্যাংকের অভ্যন্তরীণ একাধিক সূত্রের দাবি, আগের নেতৃত্বের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আশাফুজ্জামানের প্রভাব এখনো অক্ষুণ্ন আছে। অভিযোগ অনুযায়ী, অডিট কমিটির দায়িত্ব ও এখতিয়ারের বাইরে গিয়ে তিনি ব্যাংকের প্রশাসনিক ও ব্যবসায়িক সিদ্ধান্তে হস্তক্ষেপ করছেন। বিশেষ নিরীক্ষার নামে কর্মকর্তাদের চাপে রাখা, পছন্দের লোকদের গুরুত্বপূর্ণ পদে বসানোর চেষ্টা এবং উচ্চপর্যায়ে যোগাযোগের পরিচয় ব্যবহার করে প্রভাব খাটানোর কথাও বলছেন অভিযোগকারীরা।

    সংশ্লিষ্টদের মতে, কমার্স ব্যাংকের পর্ষদ সদস্যদের বেশির ভাগই স্বাধীন পরিচালক। ফলে অনেক অভ্যন্তরীণ বিষয়ে পরিচালকেরা যে যার মতো সিদ্ধান্ত নিচ্ছেন। প্রকৃত শেয়ারহোল্ডারেরা পর্ষদে থাকলে এমন পরিস্থিতি তৈরি হতো না বলে তাঁদের ধারণা। অভিযোগ আছে, অডিট কমিটির চেয়ারম্যানের কর্মকাণ্ডে ব্যবস্থাপনা পরিচালকসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভাগীয় প্রধানদের পেশাগত স্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে। আর্থিক ও প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠার বদলে নিরীক্ষা কার্যক্রমকে ব্যক্তিগত প্রভাব বিস্তারের হাতিয়ার করা হচ্ছে বলেও দাবি তাঁদের।

    ব্যাংকের অভ্যন্তরীণ সূত্রের অভিযোগ, আশাফুজ্জামান নিজেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দেন। পেশাগত সনদ ও কেন্দ্রীয় ব্যাংকের উচ্চপর্যায়ে যোগাযোগের কথা সামনে এনে তিনি বিভিন্ন সিদ্ধান্তে প্রভাব খাটানোর চেষ্টা করেন বলে তাঁদের দাবি। সংশ্লিষ্টরা আরও বলছেন, সাবেক পর্ষদ চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যানের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং তাঁদের বিদায়ের পরও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাঁর প্রভাব কমেনি। এমনকি নতুন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যানের নিয়োগে নিজের ভূমিকা আছে এবং তাঁরা তাঁর মতামতের বাইরে যেতে পারবেন না, এমন কথাও তিনি বলে থাকেন বলে অভিযোগ।

    ব্যাংকের চলমান তারল্যসংকট মোকাবিলায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নেওয়া উদ্যোগে বাধা সৃষ্টির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এর অন্যতম ‘উজ্জীবন’ নামের আমানত সংগ্রহ কর্মসূচি। ব্যাংকসংশ্লিষ্ট সূত্রের দাবি, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উদ্যোগ ও পর্ষদের অনুমোদনে চালু হওয়া এই কর্মসূচির মাধ্যমে প্রায় ১০০ কোটি টাকা আমানত সংগ্রহ করা হয়। পরে পর্ষদ সভায় আশাফুজ্জামানের বিরোধিতা ও আপত্তি নথিভুক্ত হওয়ায় কর্মসূচির বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। এতে আমানত সংগ্রহ কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে বলে অভিযোগ। বিভিন্ন শাখায় আমানত সংগ্রহ ও স্বাভাবিক ঋণ বিতরণেও তাঁর হস্তক্ষেপের অভিযোগ আছে। তারল্যসংকটে থাকা ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমে এমন প্রতিবন্ধকতা পুনরুদ্ধার উদ্যোগকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে মনে করছেন ব্যাংক কর্মকর্তারা।

    সবচেয়ে গুরুতর অভিযোগ নিরীক্ষা কার্যক্রম নিয়ে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থা শক্তিশালী করা ও প্রকৃত অনিয়ম শনাক্ত করার বদলে ছোটখাটো, অস্পষ্ট কিংবা মনগড়া বিষয় তুলে বারবার বিশেষ নিরীক্ষার নির্দেশ দেওয়া হচ্ছে। এসব নিরীক্ষার মাধ্যমে শাখা ও বিভাগীয় কর্মকর্তাদের ভয় দেখিয়ে অনৈতিক আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা হয় বলেও অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের ভাষ্য, তাঁর পছন্দের কয়েকজন কর্মকর্তাকে নিয়ে একটি বিশেষ বলয় তৈরি হয়েছে। তাঁদের দিয়ে বিভিন্ন শাখা ও বিভাগে নিরীক্ষা চালানো হয়। প্রতিবেদন মনঃপূত না হলে একই বিষয়ে দ্বিতীয় বা তৃতীয় দফায় নিরীক্ষা করানো এবং পছন্দমতো প্রতিবেদনের জন্য চাপ দেওয়ার অভিযোগও আছে। এতে নিরীক্ষার নিরপেক্ষতা ও পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

    ধোলাইখাল শাখার বর্তমান ব্যবস্থাপক মো. সারওয়ার আহমেদকে আবার অডিট বিভাগের প্রধান করে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। তিনি আগে এই বিভাগের প্রধান ছিলেন। অভিযোগকারীদের দাবি, অতীতে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও তাঁকে গুরুত্বপূর্ণ পদে ফেরানোর চেষ্টা হয় এবং এর পেছনে অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগও আছে। কর্মকর্তা-কর্মচারীদের আপত্তির মুখে সংশ্লিষ্ট বদলি আদেশ বাতিল হলেও তাঁকে দিয়ে বিভিন্ন বিশেষ নিরীক্ষা করানো হচ্ছে বলে অভিযোগ। এতে নিরীক্ষা বিভাগের নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।

    আর্থিক সংকটের মধ্যে অডিট কমিটির ঘন ঘন সভা ও সভার বিপরীতে সম্মানি গ্রহণ নিয়েও অসন্তোষ আছে। অভিযোগকারীদের দাবি, বছরে সাত-আটটি বোর্ড সভা করার কথা থাকলেও প্রয়োজনীয়তা ও আলোচ্যসূচির গুরুত্ব বিবেচনা না করেই বারবার অডিট কমিটির সভা ডাকা হচ্ছে। চলতি নভেম্বরেই দায়িত্ব নেওয়ার পর কমিটি ৭টি সভা করেছে। চার সদস্যের কমিটির প্রতি সভায় জনপ্রতি ১০ হাজার টাকা হিসাবে ৪০ হাজার টাকা বাড়তি ব্যয় হচ্ছে। সভার সম্মানি নেওয়ার যৌক্তিকতা এবং সম্ভাব্য স্বার্থের সংঘাত নিয়েও প্রশ্ন উঠেছে।

    কর্মকর্তা-কর্মচারীদের বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট দীর্ঘদিন আটকে থাকার বিষয়েও তাঁর ভূমিকা নিয়ে অভিযোগ আছে। সংশ্লিষ্টদের দাবি, যৌক্তিক প্রশাসনিক কারণ ছাড়াই ইনক্রিমেন্ট আটকে রাখা হয়েছে। এমনকি অতীতে নিয়ম মেনে দেওয়া বেতন-ভাতা ও ইনক্রিমেন্ট নিয়েও অযৌক্তিক নিরীক্ষা আপত্তি তোলা হচ্ছে। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও হতাশা বাড়ছে, কমছে পেশাদার ব্যাংকারদের কর্মস্পৃহা। নিয়োগ ও পদায়নেও ব্যক্তিগত পছন্দ প্রাধান্য পাচ্ছে বলে অভিযোগ। তাঁর পছন্দের বাইরের যোগ্য ও দক্ষ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদ থেকে সরানোর চেষ্টা এবং অনিয়মে অভিযুক্ত বা বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ শাখা ও বিভাগে বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দাবি অভিযোগকারীদের। এসব সিদ্ধান্তেও অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন তাঁরা।

    কমার্স ব্যাংকসংশ্লিষ্টদের মতে, সাবেক পর্ষদ চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যানের বিদায়ের পর ব্যাংকে স্বচ্ছতা, জবাবদিহি ও পেশাদারিত্ব প্রতিষ্ঠার প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু অডিট কমিটির চেয়ারম্যানকে ঘিরে ধারাবাহিক অভিযোগ সেই প্রত্যাশাকে প্রশ্নের মুখে ফেলেছে। তাঁদের আশঙ্কা, পুরোনো প্রভাববলয় বহাল থাকলে ব্যাংকের পুনরুদ্ধার কার্যক্রম বাধাগ্রস্ত হবে।

    এ বিষয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল হক বলেন, ফরেনসিক অডিটের নামে কেন বিশেষ অডিট করানো হচ্ছে, তা তাঁর বোধগম্য নয়। তাঁর ভাষ্য, এর আগে বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংক অডিট করেছে এবং কেন্দ্রীয় ব্যাংক প্রতিবেদনও জমা দিয়েছে। তার পরও আবার কেন অডিটের প্রয়োজন পড়ল, তা তিনি বুঝতে পারছেন না। আশাফুজ্জামানের এখতিয়ারবহির্ভূত কাজের প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে তাঁর কাছে কোনো লিখিত অভিযোগ নেই। অভিযোগ এলে বোর্ড সদস্যদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন। ব্যাংকটি দীর্ঘদিন ধরে দুর্বল অবস্থায় আছে উল্লেখ করে তিনি আশা করেন, বোর্ডের সবাই ব্যাংকের মঙ্গলের কথা ভেবেই সিদ্ধান্ত নেবেন।

    অভিযোগগুলো অস্বীকার করেছেন আশাফুজ্জামান নিজেও। তিনি বলেন, গভর্নর হওয়ার আগে তিনি কখনো গভর্নরের নামও শোনেননি, ঘনিষ্ঠতা তো দূরের কথা। ‘উজ্জীবন’ কর্মসূচির আওতায় ১০০ কোটি টাকা আমানত সংগ্রহে ১৩ জন কর্মকর্তার ব্যাংক হিসাবের মাধ্যমে ৪ কোটি টাকা আপ্যায়ন ব্যয় হয়েছে, যা নিয়ে তিনি নোট অব ডিসেন্ট দিয়েছেন বলে জানান। তাঁর ভাষ্য, আপ্যায়ন ব্যয়ের বিষয়ে আগের বোর্ড কোনো সিদ্ধান্ত দেয়নি, তাই নতুন বোর্ড দায়িত্ব নিয়ে বিষয়টি অডিট করতে বলেছে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করায় কর্মকর্তাদের একাংশ তাঁর বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে বলে দাবি করেন তিনি। এ নিয়ে সংবাদ করার কিছু নেই বলেও মন্তব্য করেন আশাফুজ্জামান। যাঁরা এসব নিয়ে কথা বলছেন, তাঁদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করার কথাও জানান তিনি।

    অভিযোগ ও পাল্টা বক্তব্যের এই টানাপোড়েনে বিষয়টি এখন ব্যাংকের অভ্যন্তরেই বড় আলোচনার জন্ম দিয়েছে। উল্লেখ্য, অভিযোগগুলো মূলত অভিযোগকারী ও অভ্যন্তরীণ সূত্রের বক্তব্যনির্ভর এবং এখন পর্যন্ত স্বাধীনভাবে যাচাই বা প্রমাণিত হয়নি। তারল্যসংকট ও আমানতকারীদের আস্থার সংকটে থাকা একটি ব্যাংকে অডিট কমিটি ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দায়িত্ব স্পষ্ট রাখা, নিরীক্ষাকে প্রভাবমুক্ত রাখা এবং নিয়োগ-পদায়নে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন দেখার বিষয়, পর্ষদ ও নিয়ন্ত্রক সংস্থা এসব অভিযোগের বিষয়ে কী পদক্ষেপ নেয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    দুর্বল ব্যাংকে আটকা তিন সরকারি তেল কোম্পানির ২৬০০ কোটি টাকা

    নভেম্বর 23, 2026
    অর্থনীতি

    উন্নয়নের নামে নেওয়া ঋণ, ভবিষ্যৎ প্রজন্মের কাঁধে কতটা বোঝা

    নভেম্বর 23, 2026
    ব্যাংক

    চার মাসে ব্যাংকের বাইরে নগদ অর্থ কমেছে ৩৮ হাজার কোটি টাকা

    নভেম্বর 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.