মানবসভ্যতার ইতিহাসে লেনদেনের মাধ্যমের বিবর্তন অর্থনৈতিক উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। পণ্য বিনিময় প্রথা থেকে ধাতব মুদ্রা, কাগজের নোট, প্লাস্টিক কার্ড এবং পরবর্তী সময়ে অনলাইন ব্যাংকিং ও মোবাইল আর্থিক সেবা—প্রতিটি পর্যায়েই অর্থের ব্যবহার ও সংরক্ষণের পদ্ধতিতে পরিবর্তন এসেছে। একবিংশ শতাব্দীর চতুর্থ শিল্পবিপ্লবের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন, আর্থিক প্রযুক্তি এবং দ্রুতগতির ইন্টারনেট এই পরিবর্তনকে আরও ত্বরান্বিত করছে। এরই ধারাবাহিকতায় বিশ্ব অর্থনীতিতে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ডিজিটাল মুদ্রা।
একদিকে শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী ব্যাংকিং ব্যবস্থা আমানত সংগ্রহ, ঋণ বিতরণ, বিনিয়োগ ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা, ক্রিপ্টোকারেন্সি ও স্টেবলকয়েন প্রচলিত অর্থব্যবস্থার বাইরে নতুন সম্ভাবনা তৈরি করছে। ফলে প্রশ্ন উঠছে, ভবিষ্যতের আর্থিক ব্যবস্থা কি সম্পূর্ণ নগদবিহীন ডিজিটাল অর্থনীতিতে রূপান্তরিত হবে, নাকি প্রচলিত ব্যাংকিংয়ের সঙ্গে নতুন প্রযুক্তির সমন্বয়ে গড়ে উঠবে একটি আধুনিক আর্থিক কাঠামো? বাস্তবতা হলো, এই পরিবর্তন কেবল অর্থের বাহ্যিক রূপ বদলানোর বিষয় নয়; বরং অর্থের মালিকানা, লেনদেন, নিয়ন্ত্রণ এবং আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা পুনর্নির্ধারণের বিষয়।
ঐতিহ্যবাহী ব্যাংকিং ব্যবস্থা আধুনিক অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। বাণিজ্যিক ব্যাংকগুলো জনগণের সঞ্চয় সংগ্রহ করে তা শিল্প, কৃষি, ব্যবসা-বাণিজ্য, আবাসন ও অবকাঠামো উন্নয়নে ঋণ হিসেবে সরবরাহ করে। পাশাপাশি আমদানি-রপ্তানিতে ঋণপত্র খোলা, বৈদেশিক মুদ্রা লেনদেন, অর্থ স্থানান্তর এবং বিভিন্ন আর্থিক সেবা প্রদানের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখে।
এই ব্যবস্থার সবচেয়ে বড় শক্তি হলো প্রাতিষ্ঠানিক কাঠামো, নিয়ন্ত্রক তদারকি এবং গ্রাহকের সঙ্গে দীর্ঘদিনের আস্থার সম্পর্ক। কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুসরণ, মূলধন সংরক্ষণ, তারল্য ব্যবস্থাপনা এবং ঝুঁকি মূল্যায়নের মাধ্যমে ব্যাংকগুলো আর্থিক ব্যবস্থায় স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করে। বড় শিল্পপ্রতিষ্ঠানে অর্থায়ন কিংবা দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকের পেশাদার মূল্যায়ন ও অভিজ্ঞতার গুরুত্ব এখনো অপরিসীম।
তবে এই ব্যবস্থার কিছু কাঠামোগত সীমাবদ্ধতাও রয়েছে। শাখা পরিচালনা, কর্মকর্তা-কর্মচারীদের বেতন, নিরাপত্তা, অবকাঠামো এবং কাগজপত্র ব্যবস্থাপনায় বিপুল পরিচালন ব্যয় হয়। আন্তর্জাতিক অর্থ স্থানান্তরে বিভিন্ন মধ্যস্থতাকারী ব্যাংক ও নিষ্পত্তি প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হয়। ফলে লেনদেনে সময় ও ব্যয় উভয়ই বাড়তে পারে। অন্যদিকে প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকের শাখা স্থাপন ও পরিচালনা ব্যয়বহুল হওয়ায় অনেক মানুষ এখনো পূর্ণাঙ্গ ব্যাংকিং সুবিধা থেকে বঞ্চিত।
এ ছাড়া প্রযুক্তিনির্ভর নতুন আর্থিক প্রতিষ্ঠান ও মোবাইলভিত্তিক সেবার সঙ্গে প্রতিযোগিতাও বাড়ছে। গ্রাহক এখন দ্রুত, সহজ এবং কম খরচে সেবা প্রত্যাশা করেন। ফলে ব্যাংকগুলোকে শুধু শাখাভিত্তিক কার্যক্রমের ওপর নির্ভর না করে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ করতে হচ্ছে।
ডিজিটাল মুদ্রার উত্থান: নতুন আর্থিক ব্যবস্থার তিন ধারা। আর্থিক প্রযুক্তির অগ্রগতির ফলে ডিজিটাল মুদ্রার ধারণা বহুমাত্রিক রূপ পেয়েছে। একে সাধারণভাবে তিনটি প্রধান শ্রেণিতে ভাগ করা যায়।
ক্রিপ্টোকারেন্সি: বিটকয়েন ও ইথেরিয়ামের মতো ক্রিপ্টোকারেন্সি সাধারণত ব্লকচেইন বা বিতরণকৃত খতিয়ান প্রযুক্তির ওপর ভিত্তি করে পরিচালিত হয়। এগুলোর অধিকাংশের পেছনে কোনো কেন্দ্রীয় ব্যাংক বা রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সরাসরি দায়বদ্ধতা নেই। বিকেন্দ্রীভূত নেটওয়ার্কের মাধ্যমে লেনদেন পরিচালিত হওয়ায় প্রচলিত ব্যাংকিংয়ের বাইরে অর্থ স্থানান্তরের সুযোগ তৈরি হয়েছে। তবে বাজারের চাহিদা ও জোগানের ওপর নির্ভরশীল হওয়ায় এসব সম্পদের মূল্য ব্যাপকভাবে ওঠানামা করতে পারে। ফলে এগুলোকে প্রচলিত জাতীয় মুদ্রার সমতুল্য নিরাপদ অর্থ হিসেবে বিবেচনা করা যায় না।
স্টেবলকয়েন: স্টেবলকয়েন এমন একধরনের ডিজিটাল সম্পদ, যার মূল্য সাধারণত মার্কিন ডলার বা অন্য কোনো সম্পদের সঙ্গে নির্দিষ্ট অনুপাতে যুক্ত রাখার চেষ্টা করা হয়। আন্তর্জাতিক লেনদেন, ডিজিটাল সম্পদ কেনাবেচা এবং দ্রুত অর্থ স্থানান্তরে এর ব্যবহার বাড়ছে। তবে এর স্থিতিশীলতা নির্ভর করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সংরক্ষিত সম্পদ, নগদায়নের নিশ্চয়তা, স্বচ্ছতা এবং নিয়ন্ত্রক কাঠামোর ওপর। নামের মধ্যে স্থিতিশীলতা থাকলেও সব স্টেবলকয়েনের মূল্য ও নিরাপত্তা সমান নয়।
কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা: সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি বা সিবিডিসি হলো কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ইস্যুকৃত জাতীয় মুদ্রার ডিজিটাল রূপ। এটি কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি দায় হিসেবে বিবেচিত হয় এবং দেশের প্রচলিত মুদ্রার সঙ্গে সমমূল্য বজায় রাখে। অর্থাৎ এক ডিজিটাল টাকা ও এক কাগজের টাকার মূল্য সমান। এটি সাধারণ ক্রিপ্টোকারেন্সির মতো বেসরকারি বা বিকেন্দ্রীভূত সম্পদ নয়; বরং রাষ্ট্রীয় মুদ্রাব্যবস্থার একটি সম্ভাব্য ডিজিটাল সম্প্রসারণ।
এখানে উল্লেখযোগ্য, ব্যাংক হিসাবের অর্থ কিংবা বিকাশ-নগদের মতো মোবাইল আর্থিক সেবায় সংরক্ষিত অর্থও ডিজিটালভাবে ব্যবহার করা যায়। কিন্তু সেগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা বলা যাবে না। কারণ এসব অর্থের দায় সংশ্লিষ্ট ব্যাংক বা অনুমোদিত আর্থিক সেবাদাতার, কেন্দ্রীয় ব্যাংকের নয়।
বিশ্ব অর্থনীতিতে ডিজিটাল মুদ্রার অগ্রযাত্রা। বিশ্বের বিভিন্ন দেশ ডিজিটাল মুদ্রার সম্ভাবনা যাচাইয়ে গবেষণা, পরীক্ষামূলক কার্যক্রম এবং প্রযুক্তিগত প্রস্তুতি গ্রহণ করছে। আটলান্টিক কাউন্সিলের ২০২৬ সালের মে মাসে হালনাগাদ করা কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা পর্যবেক্ষণ অনুযায়ী, বিশ্বের ১৪৬টি দেশ ও মুদ্রা অঞ্চল, যা বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের ৯৮ শতাংশেরও বেশি প্রতিনিধিত্ব করে, সিবিডিসি নিয়ে অনুসন্ধান বা গবেষণা করছে। এর মধ্যে ৭৭টি দেশ উন্নত পর্যায়ের গবেষণা, উন্নয়ন, পরীক্ষামূলক কার্যক্রম অথবা বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। তবে পূর্ণাঙ্গভাবে চালু করা দেশের সংখ্যা মাত্র তিনটি—বাহামা, জ্যামাইকা ও নাইজেরিয়া।
চীনের ডিজিটাল ইউয়ান বা ই-সিএনওয়াই বিশ্বের অন্যতম বৃহৎ পরীক্ষামূলক উদ্যোগ। ভারতও ডিজিটাল রুপি নিয়ে পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করছে। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল ইউরো নিয়ে প্রস্তুতিমূলক কাজ এগিয়ে নিচ্ছে। এসব উদ্যোগের লক্ষ্য কেবল নগদ অর্থের বিকল্প তৈরি নয়; বরং পেমেন্ট ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি, আর্থিক অন্তর্ভুক্তি এবং ভবিষ্যতের ডিজিটাল অর্থনীতিতে নিজস্ব মুদ্রার অবস্থান শক্তিশালী করা। তবে সব দেশ একই গতিতে এগোচ্ছে না। কোনো কোনো উন্নত অর্থনীতি খুচরা পর্যায়ের ডিজিটাল মুদ্রা চালুর বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে। কারণ প্রযুক্তিগত সক্ষমতার পাশাপাশি ব্যক্তিগত গোপনীয়তা, আর্থিক স্থিতিশীলতা এবং মানুষের গ্রহণযোগ্যতা নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ।
তুলনামূলক বিশ্লেষণ: ডিজিটাল মুদ্রা বনাম ঐতিহ্যবাহী ব্যাংকিং। ডিজিটাল মুদ্রা ও ঐতিহ্যবাহী ব্যাংকিংয়ের মধ্যে মূল পার্থক্য রয়েছে অর্থ সংরক্ষণ, লেনদেন পরিচালনা, নিয়ন্ত্রণ এবং নিরাপত্তার ব্যবস্থায়। ঐতিহ্যবাহী ব্যাংকিংয়ে গ্রাহকের অর্থ সাধারণত ব্যাংক হিসাবের মাধ্যমে সংরক্ষিত হয়। অর্থ জমা, উত্তোলন, স্থানান্তর কিংবা ঋণ গ্রহণের ক্ষেত্রে ব্যাংক মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। অন্যদিকে ডিজিটাল মুদ্রার ক্ষেত্রে অর্থের ডিজিটাল রূপ, প্রযুক্তিগত অবকাঠামো এবং পরিচালনব্যবস্থার ধরন অনুযায়ী লেনদেনের প্রক্রিয়া ভিন্ন হতে পারে।
ঐতিহ্যবাহী ব্যাংকিংয়ের অন্যতম শক্তি হলো এর প্রতিষ্ঠিত নিয়ন্ত্রণব্যবস্থা, গ্রাহকসেবা, আমানত ও ঋণসুবিধা এবং দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা। ব্যাংক গ্রাহকের অর্থ সংরক্ষণের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে অর্থায়ন, বৈদেশিক বাণিজ্যের লেনদেন, বিনিয়োগ এবং আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে শাখানির্ভর সেবা, কাগজপত্রের জটিলতা, নির্দিষ্ট কার্যসময়ের সীমাবদ্ধতা এবং কোনো কোনো ক্ষেত্রে লেনদেন সম্পন্ন হতে দীর্ঘ সময় লাগা এই ব্যবস্থার উল্লেখযোগ্য দুর্বলতা।
অন্যদিকে ডিজিটাল মুদ্রা ও ডিজিটাল লেনদেনব্যবস্থা দ্রুত অর্থ স্থানান্তর, সহজ প্রবেশাধিকার এবং স্বয়ংক্রিয় সেবা প্রদানের সুযোগ তৈরি করতে পারে। বিশেষ করে সীমান্তপারের লেনদেন, ক্ষুদ্র অঙ্কের অর্থ পরিশোধ এবং অনলাইন বাণিজ্যে এর সম্ভাবনা উল্লেখযোগ্য। তবে সব ডিজিটাল মুদ্রা একই ধরনের নয়। ক্রিপ্টোকারেন্সি বাজারের চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করে ব্যাপক মূল্য ওঠানামার ঝুঁকিতে থাকে। স্টেবলকয়েন নির্দিষ্ট সম্পদ বা মুদ্রার সঙ্গে মূল্য স্থিতিশীল রাখার চেষ্টা করে, আর কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা সরাসরি কেন্দ্রীয় ব্যাংকের দায় হিসেবে বিবেচিত হয়।
নিরাপত্তার ক্ষেত্রেও দুই ব্যবস্থার চ্যালেঞ্জ আলাদা। ব্যাংকিংয়ে জালিয়াতি, পরিচয় চুরি, অননুমোদিত লেনদেন ও তথ্য ফাঁসের ঝুঁকি রয়েছে। ডিজিটাল মুদ্রার ক্ষেত্রে সাইবার হামলা, ডিজিটাল ওয়ালেটের নিয়ন্ত্রণ হারানো, ব্যক্তিগত চাবি চুরি এবং প্রযুক্তিগত ত্রুটি বড় ঝুঁকি হয়ে উঠতে পারে। তাই ডিজিটাল ব্যবস্থা চালু করলেই অর্থ স্বয়ংক্রিয়ভাবে নিরাপদ হয়ে যায় না; শক্তিশালী সাইবার নিরাপত্তা, কার্যকর তদারকি এবং গ্রাহকের তথ্য সুরক্ষা নিশ্চিত করা জরুরি।
লেনদেনের খরচ ও গতির বিষয়টিও ব্যবস্থার ধরন এবং প্রযুক্তিগত অবকাঠামোর ওপর নির্ভরশীল। ডিজিটাল মুদ্রায় প্রতিটি লেনদেন যে বিনা খরচে বা তাৎক্ষণিকভাবে সম্পন্ন হবে, এমন নিশ্চয়তা নেই। একইভাবে কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা চালু হলেও বাণিজ্যিক ব্যাংক বা অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠানের মধ্যস্থতা পুরোপুরি বিলুপ্ত হবে—এমন ধারণাও সঠিক নয়। ফলে ভবিষ্যতের আর্থিক ব্যবস্থায় ডিজিটাল মুদ্রা ও ঐতিহ্যবাহী ব্যাংকিংকে পরস্পরের বিকল্প হিসেবে না দেখে পরিপূরক ব্যবস্থা হিসেবে বিবেচনা করাই অধিক বাস্তবসম্মত।
ডিজিটাল মুদ্রার সম্ভাবনা ও অর্থনৈতিক প্রভাব। ডিজিটাল মুদ্রার অন্যতম সম্ভাবনা হলো অর্থ স্থানান্তরের গতি বৃদ্ধি এবং লেনদেনের প্রক্রিয়া সহজ করা। উপযুক্ত প্রযুক্তিগত কাঠামো থাকলে অর্থপ্রদান ও নিষ্পত্তির মধ্যবর্তী সময় কমানো সম্ভব। বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্য ও আন্তদেশীয় অর্থ স্থানান্তরের ক্ষেত্রে বিভিন্ন দেশের পেমেন্ট ব্যবস্থার মধ্যে সমন্বয় ঘটানো গেলে লেনদেনের ব্যয় ও জটিলতা কমতে পারে।
দ্বিতীয়ত, আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে। ব্যাংকের শাখা থেকে দূরে বসবাসকারী মানুষ ডিজিটাল পরিচয় ও উপযুক্ত প্রযুক্তির মাধ্যমে আর্থিক ব্যবস্থায় যুক্ত হতে পারবেন। তবে এজন্য স্মার্টফোন থাকা বাধ্যতামূলক না করে সাধারণ মোবাইল, অফলাইন লেনদেন এবং সহজ ব্যবহারযোগ্য প্রযুক্তির ব্যবস্থাও বিবেচনা করা প্রয়োজন। তৃতীয়ত, সরকারি ভাতা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও বিভিন্ন প্রণোদনা বিতরণে ডিজিটাল মুদ্রা কার্যকর ভূমিকা রাখতে পারে। নির্দিষ্ট উপকারভোগীর কাছে সরাসরি অর্থ পৌঁছে দেওয়া সম্ভব হলে বিতরণ প্রক্রিয়ায় মধ্যবর্তী জটিলতা কমতে পারে।
চতুর্থত, নির্ধারিত শর্ত অনুযায়ী স্বয়ংক্রিয় অর্থপ্রদানের ব্যবস্থা তৈরি করা সম্ভব। যেমন কৃষি প্রণোদনা, নির্দিষ্ট প্রকল্পের অর্থ ছাড় কিংবা চুক্তিভিত্তিক লেনদেন নির্ধারিত নিয়মে সম্পন্ন করা যেতে পারে। তবে এ ধরনের ব্যবস্থায় ভুল সিদ্ধান্ত, অননুমোদিত নিয়ন্ত্রণ ও গ্রাহকের অধিকার ক্ষুণ্ন হওয়ার ঝুঁকি প্রতিরোধে শক্তিশালী আইনি সুরক্ষা প্রয়োজন।
বাংলাদেশের ব্যাংকিং খাত ও ডিজিটাল অর্থনীতির অগ্রগতি। উন্নয়নশীল অর্থনীতি হিসেবে বাংলাদেশও ডিজিটাল আর্থিক ব্যবস্থার সম্প্রসারণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। মোবাইল আর্থিক সেবা, এজেন্ট ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, কার্ডভিত্তিক লেনদেন এবং কিউআর কোডের ব্যবহার সাধারণ মানুষের দৈনন্দিন আর্থিক কর্মকাণ্ডে জায়গা করে নিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস প্রতিবেদন ২০২৫ অনুযায়ী, ওই বছরে দেশে মোট লেনদেনের সংখ্যা প্রায় ১০৮৫ কোটি ৯০ লাখে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ১৯ শতাংশ বেশি। একই সময়ে ডিজিটাল লেনদেনের সংখ্যা বেড়ে প্রায় ৫৪৬ কোটি ৩০ লাখে দাঁড়িয়েছে এবং এর মোট মূল্য দাঁড়িয়েছে প্রায় ১০২ লাখ ২৪ হাজার ২০০ কোটি টাকা। উভয় ক্ষেত্রেই প্রবৃদ্ধি ছিল ১৩ শতাংশ।
প্রতিবেদনে আরও দেখা যায়, দেশে মোবাইল আর্থিক সেবার আওতায় প্রায় ২৫ কোটি হিসাব এবং প্রায় ২০ লাখ এজেন্ট রয়েছে। তবে একই ব্যক্তির একাধিক হিসাব থাকতে পারে বলে এই হিসাবসংখ্যাকে স্বতন্ত্র গ্রাহকের সংখ্যা হিসেবে বিবেচনা করা যাবে না। বাংলা কিউআর ব্যবস্থার সম্প্রসারণ, জাতীয় কার্ড ব্যবস্থার বিকাশ এবং বিভিন্ন ব্যাংক ও আর্থিক সেবার মধ্যে আন্তঃসংযোগ তৈরির উদ্যোগ দেশের ডিজিটাল পেমেন্ট অবকাঠামোকে আরও শক্তিশালী করছে। এর ফলে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বড় প্রতিষ্ঠান পর্যন্ত বিভিন্ন পর্যায়ে ডিজিটাল লেনদেনের সুযোগ বাড়ছে।
তবে ডিজিটাল লেনদেনের বিস্তার ঘটলেও নগদ অর্থের ব্যবহার এখনো গুরুত্বপূর্ণ। বিশেষ করে গ্রামীণ বাজার, ক্ষুদ্র কেনাকাটা, পরিবহন এবং অনানুষ্ঠানিক অর্থনীতিতে নগদ লেনদেনের প্রয়োজন রয়েছে। ফলে বাংলাদেশে সম্পূর্ণ নগদবিহীন অর্থনীতি গড়ে তোলার আগে প্রযুক্তিগত সুবিধা ও মানুষের আর্থিক সক্ষমতার পার্থক্য বিবেচনা করা জরুরি।
বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রার সম্ভাবনা। বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা চালুর বিষয়টি এখনো গবেষণা ও সম্ভাব্যতা যাচাইয়ের পর্যায়ে রয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদের দপ্তর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত ‘সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি: কনসেপ্টস অ্যান্ড প্রসপেক্টস ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণাপত্রে এ বিষয়ে বিভিন্ন দিক বিশ্লেষণ করা হয়েছে।
গবেষণাপত্রে ডিজিটাল মুদ্রার সম্ভাব্য ব্যবহার, প্রযুক্তিগত অবকাঠামো, আইনি কাঠামো এবং আর্থিক স্থিতিশীলতার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। পরীক্ষামূলক ডিজিটাল টাকা ব্যবস্থা গড়ে তোলার সম্ভাবনাও আলোচনায় এসেছে। তবে গবেষণাপত্র প্রকাশকে ডিজিটাল টাকা চালুর আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা বাস্তবায়ন হিসেবে দেখার সুযোগ নেই।
বাংলাদেশে ভবিষ্যতে সিবিডিসি চালু হলে প্রবাসী আয় স্থানান্তর, সরকারি অর্থ বিতরণ, ক্ষুদ্র ব্যবসার লেনদেন এবং আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষ করে বৈধ পথে প্রবাসী আয় পাঠানোর প্রক্রিয়া সহজ ও স্বল্প ব্যয়বহুল করার ক্ষেত্রে আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সঙ্গে সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে হুন্ডি প্রতিরোধ কিংবা রেমিট্যান্স ব্যয় কমানোর ক্ষেত্রে শুধু ডিজিটাল মুদ্রা চালু করলেই সমস্যার সমাধান হবে না। বৈদেশিক মুদ্রার বিনিময় হার, বৈধ চ্যানেলের খরচ, প্রবাসীদের সুবিধা এবং আন্তর্জাতিক নিয়ন্ত্রক সহযোগিতাও নিশ্চিত করতে হবে।
ঐতিহ্যবাহী ব্যাংকিং কি অস্তিত্বের সংকটে? ডিজিটাল মুদ্রার বিকাশে ব্যাংকগুলোর ভূমিকা কমে যাওয়ার আশঙ্কা থাকলেও বাস্তবে ব্যাংকিং ব্যবস্থার প্রয়োজনীয়তা এখনো ব্যাপক। কারণ ডিজিটাল মুদ্রা মূলত অর্থ ধারণ ও স্থানান্তরের একটি নতুন মাধ্যম; এটি ব্যাংকের সব কার্যক্রমের বিকল্প নয়।
ব্যাংকগুলো জনগণের সঞ্চয় সংগ্রহ করে উৎপাদনশীল খাতে ঋণ দেয়। শিল্পায়ন, কর্মসংস্থান, কৃষি উন্নয়ন, ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়ন এবং আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনায় তাদের ভূমিকা অপরিহার্য। এ ছাড়া ঋণগ্রহীতার সক্ষমতা যাচাই, ঝুঁকি মূল্যায়ন, দীর্ঘমেয়াদি বিনিয়োগ এবং আর্থিক পরামর্শের ক্ষেত্রে ব্যাংকের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ।
তবে কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা ব্যাপকভাবে ব্যবহৃত হলে বাণিজ্যিক ব্যাংক থেকে আমানত সরে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে আর্থিক সংকটের সময় মানুষ ব্যাংকের আমানতের পরিবর্তে কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রায় অর্থ স্থানান্তর করতে চাইতে পারেন। এতে ব্যাংকের তারল্য ও ঋণ বিতরণের সক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। এ কারণে ডিজিটাল মুদ্রার ধারণক্ষমতা, ব্যবহারসীমা এবং সুদ প্রদানের নীতির মতো বিষয়গুলো সতর্কতার সঙ্গে নির্ধারণ করতে হবে।
সাইবার নিরাপত্তা, গোপনীয়তা ও নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ। ডিজিটাল অর্থনীতির সবচেয়ে বড় উদ্বেগের একটি হলো সাইবার নিরাপত্তা। অনলাইন প্রতারণা, পরিচয় চুরি, ফিশিং, তথ্য চুরি এবং অননুমোদিত অর্থ স্থানান্তরের মতো অপরাধ ডিজিটাল আর্থিক ব্যবস্থার প্রতি মানুষের আস্থাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
ডিজিটাল মুদ্রার ক্ষেত্রে কেন্দ্রীয় অবকাঠামোতে সাইবার হামলা হলে বড় পরিসরে লেনদেন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে ব্যক্তিগত আর্থিক তথ্যের গোপনীয়তা রক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। নাগরিকের প্রতিটি লেনদেনের তথ্য কীভাবে সংরক্ষণ ও ব্যবহার করা হবে, কারা তা দেখতে পারবে এবং কোন পরিস্থিতিতে তথ্য প্রকাশ করা যাবে—এসব বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন।
এ ছাড়া অর্থ পাচার, সন্ত্রাসে অর্থায়ন এবং অবৈধ লেনদেন প্রতিরোধে গ্রাহক পরিচয় যাচাই ও সন্দেহজনক লেনদেন পর্যবেক্ষণের ব্যবস্থা থাকতে হবে। তবে অপরাধ প্রতিরোধের নামে ব্যক্তিগত গোপনীয়তা যেন অযৌক্তিকভাবে ক্ষুণ্ন না হয়, সেটিও নিশ্চিত করতে হবে। বাংলাদেশের ক্ষেত্রে সাইবার নিরাপত্তা দক্ষতা বৃদ্ধি, তথ্য সুরক্ষা আইন কার্যকর করা, প্রযুক্তিগত নিরীক্ষা এবং গ্রাহকের অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা শক্তিশালী করা অপরিহার্য।
ভবিষ্যতের পথ: প্রতিস্থাপন নয়, সমন্বিত আর্থিক ব্যবস্থা। আন্তর্জাতিক নিষ্পত্তি ব্যাংকের ২০২৬ সালের বার্ষিক অর্থনৈতিক প্রতিবেদনে ভবিষ্যতের আর্থিক ব্যবস্থায় টোকেনভিত্তিক অর্থ ও আধুনিক ডিজিটাল অবকাঠামোর সম্ভাবনা তুলে ধরা হয়েছে। তবে একই সঙ্গে বিদ্যমান দুই স্তরবিশিষ্ট ব্যাংকিং ব্যবস্থার ভিত্তি অক্ষুণ্ন রেখে প্রযুক্তিগত উদ্ভাবনকে যুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এ ধারণা অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংক অর্থের ভিত্তিগত নিরাপত্তা ও আস্থার নিশ্চয়তা দেবে, আর বাণিজ্যিক ব্যাংক ও অন্যান্য অনুমোদিত প্রতিষ্ঠান গ্রাহকসেবা, ঋণ এবং আর্থিক মধ্যস্থতার কাজ চালিয়ে যাবে। ফলে ডিজিটাল প্রযুক্তি ব্যাংকিংকে প্রতিস্থাপন করার পরিবর্তে তার কার্যকারিতা বাড়াতে পারে।
ভবিষ্যতে ওপেন ব্যাংকিং, তাৎক্ষণিক অর্থ স্থানান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ঋণ মূল্যায়ন, স্বয়ংক্রিয় জালিয়াতি শনাক্তকরণ এবং টোকেনভিত্তিক সম্পদ ব্যবস্থাপনা আর্থিক খাতকে নতুন মাত্রা দিতে পারে। একই সঙ্গে বিভিন্ন দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মধ্যে সমন্বয় ঘটলে আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থ স্থানান্তর আরও সহজ হওয়ার সুযোগ রয়েছে।
বাংলাদেশের জন্য এ ক্ষেত্রে প্রথম অগ্রাধিকার হওয়া উচিত বিদ্যমান ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সক্ষমতা বাড়ানো। পাশাপাশি আন্তঃব্যবহারযোগ্য লেনদেন, সাইবার নিরাপত্তা, গ্রাহক সুরক্ষা এবং আর্থিক সাক্ষরতা নিশ্চিত করে কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা নিয়ে পর্যায়ক্রমে গবেষণা ও পরীক্ষামূলক উদ্যোগ গ্রহণ করা যেতে পারে।
ডিজিটাল মুদ্রা বনাম ঐতিহ্যবাহী ব্যাংকিংয়ের প্রতিযোগিতা মূলত পুরোনো ও নতুন ব্যবস্থার মধ্যে অস্তিত্ব রক্ষার লড়াই নয়; এটি আর্থিক খাতের স্বাভাবিক বিবর্তন। ঐতিহ্যবাহী ব্যাংকিংয়ের প্রাতিষ্ঠানিক আস্থা, আমানত ব্যবস্থাপনা ও ঋণ বিতরণের সক্ষমতার সঙ্গে ডিজিটাল মুদ্রার গতি, প্রযুক্তিগত দক্ষতা এবং সহজলভ্যতার সমন্বয় ঘটাতে পারলে অর্থনীতির জন্য নতুন সম্ভাবনা তৈরি হবে।
তবে প্রযুক্তির অগ্রগতির নামে আর্থিক স্থিতিশীলতা, গ্রাহকের নিরাপত্তা কিংবা ব্যক্তিগত গোপনীয়তার সঙ্গে আপস করা যাবে না। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য প্রয়োজন বাস্তবসম্মত পরিকল্পনা, শক্তিশালী নিয়ন্ত্রণ, প্রযুক্তিগত প্রস্তুতি এবং পর্যায়ক্রমিক বাস্তবায়ন।
সবশেষে বলা যায়, ভবিষ্যতের আর্থিক ব্যবস্থা কেবল কাগজের নোটনির্ভর থাকবে না, আবার ব্যাংকিং প্রতিষ্ঠানহীনও হবে না। বরং নগদ অর্থ, ডিজিটাল ব্যাংক আমানত এবং কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রার সমন্বয়ে গড়ে উঠতে পারে নতুন অর্থনৈতিক কাঠামো। সেখানে প্রযুক্তি হবে পরিবর্তনের চালিকাশক্তি, ব্যাংকিং প্রতিষ্ঠান হবে আর্থিক মধ্যস্থতার গুরুত্বপূর্ণ ভিত্তি এবং মানুষের আস্থা হবে পুরো ব্যবস্থার প্রধান শক্তি।

