ব্যবসা-সংক্রান্ত সংস্কার ও রপ্তানি বহুমুখীকরণে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেছেন, ব্যবসার গুরুত্বপূর্ণ সেবা পেতে এখন যে ৫০-৫৫ দিন বা তার বেশি সময় লাগে, তা ১৪ দিনে নামিয়ে আনতে চায় সরকার।
আজ সকালে ঢাকার সচিবালয়ে বিশ্বব্যাংকের আট সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এসব পরিকল্পনার কথা তুলে ধরেন মন্ত্রী। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ ও ভুটানবিষয়ক বিভাগীয় পরিচালক জিন পেসমে।
মন্ত্রী জানান, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের আগে সরকার একটি তিন বছরমেয়াদি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরি করছে। ট্রেড লাইসেন্স, পরিবেশ ও অগ্নিনিরাপত্তা ছাড়পত্র এবং আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) সেবা ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর একক পোর্টাল ‘ইনভেস্ট বাংলাদেশ’ এর মাধ্যমে ডিজিটাল করা হচ্ছে।
তৈরি পোশাকের পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্য, চামড়াবহির্ভূত জুতা, জাহাজ নির্মাণ ও জাহাজ পুনর্ব্যবহার (রিসাইক্লিং) এবং হালকা প্রকৌশল খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। সাভারের চামড়াশিল্প নগরীতে একটি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা হয়। মন্ত্রী বলেন, জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) এবং সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) আলোচনা এগোচ্ছে।
বাণিজ্য সহজীকরণ, সিঙ্গেল উইন্ডো বাস্তবায়ন এবং এফটিএসংক্রান্ত গবেষণায় বিশ্বব্যাংকের সহায়তার আশ্বাস দেন। বিশ্বব্যাংকের সমৃদ্ধিবিষয়ক আঞ্চলিক প্র্যাকটিস পরিচালক সেবাস্টিয়ান একার্ড বলেন, এলডিসি উত্তরণের আগে আগামী তিন থেকে চার বছর খুবই গুরুত্বপূর্ণ।

