বাংলাদেশের ব্যাংক খাতের সংকট এখন শুধু আর্থিক প্রতিষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নেই; এর প্রভাব পড়ছে আমানতকারীর আস্থা, বেসরকারি বিনিয়োগ ও সামগ্রিক অর্থনীতিতে। দীর্ঘদিনের অনিয়ম, প্রভাবশালী গোষ্ঠীর ঋণ অনিয়ম এবং দুর্বল তদারকির কারণে দেশের ব্যাংকগুলোর বড় অংশ দেউলিয়া হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সাময়িকী দ্য ইকোনমিস্ট। বিশ্লেষণে বলা হয়েছে, ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে বিপুল অর্থের প্রয়োজন হলেও সরকারের আর্থিক সক্ষমতা সীমিত।
প্রতিবেদন অনুযায়ী, ব্যাংক খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ এখন খেলাপি। তুলনায় ভারতে খেলাপি ঋণের হার ১ দশমিক ৭ শতাংশ এবং পাকিস্তানে ৫ শতাংশ। একই সঙ্গে দেশের ব্যাংকগুলোর ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধনের অনুপাত ঋণাত্মক ৩ দশমিক ৮ শতাংশে নেমেছে। অর্থাৎ, ঋণ আদায় না হওয়া ও আর্থিক ক্ষতির চাপে ব্যাংক খাতের সামগ্রিক মূলধন পরিস্থিতি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে ব্যাংক খাত থেকে অর্থ লুটপাট ও রাজনৈতিক প্রভাবের মাধ্যমে ঋণ বিতরণের ফলে এই সংকট গভীর হয়েছে।
এর প্রভাব আমানতকারীদের জীবনেও পড়ছে। ঢাকার এক ক্যাফে মালিকের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে, যিনি প্রায় এক বছর ধরে ব্যাংকে জমা রাখা অর্থ তুলতে পারছেন না। একই ধরনের অভিযোগ করেছেন একাধিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারী। তাদের কেউ সন্তানের বিয়ে, কেউ আবার পরিবারের জরুরি প্রয়োজনের জন্য অর্থ জমিয়েছিলেন। ফলে ব্যাংক খাতের সংকট এখন শুধু হিসাবের খাতায় সীমাবদ্ধ নয়, সাধারণ মানুষের সঞ্চয় ও আর্থিক নিরাপত্তাকেও অনিশ্চয়তার মুখে ফেলেছে।
দ্য ইকোনমিস্টের বিশ্লেষণে বলা হয়েছে, খেলাপি ঋণের বড় অংশ কেন্দ্রীভূত হয়েছে ইসলামী ব্যাংক ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে। বিশেষ করে ইসলামী ব্যাংক বাংলাদেশের নিয়ন্ত্রণ পরিবর্তন এবং পরবর্তী সময়ে এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বিপুল ঋণ বিতরণের বিষয়টি। ব্যাংকটির প্রায় অর্ধেক ঋণ এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে যাওয়ার তথ্য উল্লেখ করে সাময়িকীটি বলেছে, রাজনৈতিক প্রভাব ও ঋণ বিতরণে অনিয়ম ব্যাংকটির আর্থিক অবস্থাকে দুর্বল করেছে। তবে এস আলম গ্রুপ সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে।
খেলাপি ঋণ বৃদ্ধির পেছনে ঋণের প্রকৃত অবস্থা প্রকাশ্যে আসার বিষয়টিও গুরুত্বপূর্ণ। ২০১৯ সালে ঋণগ্রহীতাদের বকেয়া ঋণের মাত্র ২ শতাংশ পরিশোধ করে বাকি অর্থ পরিশোধে দীর্ঘ সময় পাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। এতে অনেক ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হয়নি। পরে ২০২৫ সালে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে খেলাপি ঋণের সংজ্ঞা পরিবর্তন করা হলে ৯০ দিনের বেশি বকেয়া থাকা ঋণকে খেলাপি হিসেবে গণ্য করা শুরু হয়। ফলে সরকারি হিসাবে খেলাপি ঋণের হার বেড়ে প্রায় ৩৩ শতাংশে পৌঁছেছে। অর্থাৎ, সংকটের একটি অংশ আগে থেকেই ছিল, কিন্তু নতুন নিয়মে তার ব্যাপ্তি আরও স্পষ্ট হয়েছে।
ব্যাংক খাতের দুর্বলতা বেসরকারি বিনিয়োগেও প্রভাব ফেলছে। চলতি বছর বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪ দশমিক ৫ শতাংশে নেমেছে, যা ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন। একই সময়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিও মন্থর হওয়ার আশঙ্কা রয়েছে। ব্যাংকগুলো যখন খেলাপি ঋণের চাপ সামলাতে ব্যস্ত এবং নতুন ঋণ দিতে সতর্ক, তখন শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য অর্থায়ন পাওয়া কঠিন হয়ে পড়ে। এর সঙ্গে জ্বালানি সংকট ও শ্রমিক অসন্তোষ যুক্ত হয়ে উৎপাদন ও কর্মসংস্থানের ওপর বাড়তি চাপ তৈরি করছে।
সংকটে থাকা ব্যাংকগুলোকে সহায়তা দিতে বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত ৬ দশমিক ২ বিলিয়ন ডলার জরুরি তারল্য সহায়তা দিয়েছে। তবে এই অর্থ যথেষ্ট নয় বলে আশঙ্কা প্রকাশ করেছে। ঋণমান নির্ধারণকারী সংস্থা মুডিসের হিসাব উদ্ধৃত করে বলা হয়েছে, আগামী কয়েক বছরে ব্যাংক খাত পুনঃমূলধনীকরণে জিডিপির ১০ শতাংশের সমপরিমাণ অর্থ প্রয়োজন হতে পারে। অথচ কর ফাঁকি ও দুর্বল রাজস্ব ব্যবস্থার কারণে সরকারের আয় সীমিত। ফলে এত বড় অঙ্কের অর্থ জোগাড় করা সরকারের জন্য কঠিন হয়ে উঠতে পারে।
সরকারের ব্যাংক ঋণনির্ভরতাও পরিস্থিতিকে জটিল করছে। বাজেট ঘাটতি মেটাতে তুলনামূলকভাবে শক্তিশালী বেসরকারি ব্যাংক থেকে ঋণ নেওয়া হচ্ছে। এতে একদিকে বেসরকারি খাতের জন্য ঋণের সুযোগ সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে, অন্যদিকে অর্থ সরবরাহ ও মূল্যস্ফীতির ওপর চাপ বাড়ছে। এমন পরিস্থিতিতে ব্যাংক খাতের সংস্কার, খেলাপি ঋণ আদায় এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা জরুরি হয়ে পড়েছে।
তাই, বাংলাদেশের ব্যাংক খাতের সংস্কারের গতি নিয়ে প্রশ্ন তুলেছে যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্ট। তাদের মূল্যায়নে, সমস্যাগ্রস্ত ঋণগ্রহীতাদের ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়া এবং সুদহার নির্ধারণে সীমা আরোপের মতো সিদ্ধান্ত ব্যাংকগুলোর ঝুঁকি বিবেচনা করে ঋণ দেওয়ার সক্ষমতাকে দুর্বল করে দিতে পারে।
তবে এ বিষয়ে ভিন্ন অবস্থান তুলে ধরেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সরকার ব্যাংকগুলোর আর্থিক হিসাব পরিষ্কার করার চেষ্টা করছে। যেসব ঋণ সামান্য সময় দিলে আদায়ের সম্ভাবনা আছে, সেগুলো বিবেচনায় নেওয়া হবে।
সব মিলিয়ে, দ্য ইকোনমিস্ট বাংলাদেশের ব্যাংক খাতের সংকটকে শুধু খেলাপি ঋণ বা তারল্য ঘাটতির সমস্যা হিসেবে দেখছে না। সাময়িকীটির বিশ্লেষণে উঠে এসেছে, এই সংকটের সঙ্গে রাজনৈতিক প্রভাব, দুর্নীতি, দুর্বল প্রতিষ্ঠান ও অর্থনৈতিক শাসনব্যবস্থার গভীর সম্পর্ক রয়েছে। তাই স্বচ্ছতা, জবাবদিহি ও ঋণ আদায়ের ভিত্তিতে সংস্কার না হলে পুরোনো অনিয়মের জায়গায় নতুন প্রভাবশালী গোষ্ঠীর আধিপত্য তৈরি হওয়ার ঝুঁকি থেকেই যাবে।

