খেলাপি ঋণ ও পুঞ্জীভূত লোকসানের চাপে দেশের ব্যাংক খাতের আর্থিক ভিত্তি আরও দুর্বল হয়ে পড়েছে। ২০২৬ সালের জুন মাসে ব্যাংকগুলোর ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধনের অনুপাত (সিআরএআর) কমে ঋণাত্মক ৩ দশমিক ৮০ শতাংশে নেমেছে। দেশের ৬১টি ব্যাংকের মধ্যে ১৫টির মূলধনের এই অনুপাত ঋণাত্মক অবস্থায় রয়েছে। এতে ব্যাংকগুলোর আর্থিক ক্ষতি সামাল দেওয়ার সক্ষমতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর মাসে প্রথমবারের মতো ব্যাংক খাতের সামগ্রিক সিআরএআর ঋণাত্মক ২ দশমিক ৯ শতাংশে নেমে আসে। ২০২৬ সালের মার্চে তা আরও কমে ঋণাত্মক ৩ দশমিক ১৭ শতাংশ হয়। জুনে পরিস্থিতির আরও অবনতি ঘটে।
অথচ ২০২৩ সালের ডিসেম্বরেও ব্যাংক খাতের এই অনুপাত ছিল ১১ দশমিক ৬৪ শতাংশ। ২০২৪ সালের ডিসেম্বরে তা কমে ৩ দশমিক ০৮ শতাংশে দাঁড়ায়। ২০২৫ সালের জুনে সাময়িকভাবে বেড়ে ৪ দশমিক ৪৭ শতাংশ হলেও এরপর আবার নিম্নমুখী হয়।
ব্যাসেল-৩ নীতিমালা অনুযায়ী, প্রতিটি ব্যাংকের ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে ন্যূনতম ১০ শতাংশ মূলধন সংরক্ষণ করতে হয়। এর পাশাপাশি ২ দশমিক ৫ শতাংশ মূলধন সংরক্ষণ বাফার রাখার বাধ্যবাধকতা রয়েছে।
সিআরএআর মূলত একটি ব্যাংকের ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে তার মূলধনের পরিমাণ নির্দেশ করে। ঋণ ও বিনিয়োগসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ সম্পদের বিপরীতে সম্ভাব্য আর্থিক ক্ষতি মোকাবিলায় ব্যাংকের সক্ষমতা বোঝার অন্যতম সূচক এটি। এই অনুপাত ঋণাত্মক হয়ে যাওয়ার অর্থ হলো, পুঞ্জীভূত লোকসানের কারণে ব্যাংক খাতের নিয়ন্ত্রক মূলধন ক্ষয় হয়ে গেছে। ফলে নতুন আর্থিক ধাক্কা সামাল দেওয়ার সক্ষমতা মারাত্মকভাবে দুর্বল হয়েছে।
বাংলাদেশের ব্যাংক খাত এখন নির্ধারিত মূলধন সংরক্ষণের সীমা থেকে অনেক পিছিয়ে। দেশের ৬১টি ব্যাংকের মধ্যে ২১টি ন্যূনতম মূলধনের শর্ত পূরণ করতে পারেনি। এর মধ্যে ১৫টি ব্যাংকের সিআরএআর ঋণাত্মক।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা সতর্ক করেছেন, মূলধনের দুর্বল অবস্থান ব্যাংকগুলোর লোকসান মোকাবিলা, আমানতকারীদের সুরক্ষা এবং নতুন ঋণ বিতরণের সক্ষমতাকে বাধাগ্রস্ত করছে। ঋণাত্মক বা অপর্যাপ্ত মূলধনের ব্যাংকগুলোর দ্রুত নতুন মূলধন সংগ্রহ এবং পুনর্গঠন প্রয়োজন বলেও মনে করছেন তাঁরা।
খেলাপি ঋণে বাড়ছে মূলধনের ক্ষয়
ব্যাংক খাতের মূলধন পরিস্থিতির অবনতির পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে খেলাপি ঋণের ভয়াবহ বৃদ্ধি। ২০২৬ সালের জুন মাসে দেশের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের প্রায় ৩২ শতাংশ।
ব্যাংকারদের মতে, বিপুল পরিমাণ ঋণ খেলাপি হয়ে পড়ায় সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় ব্যাংকগুলোকে বেশি অর্থ সংস্থান বা প্রভিশন রাখতে হচ্ছে। এতে ব্যাংকের মুনাফা ও মূলধনের ওপর সরাসরি চাপ তৈরি হচ্ছে।
তাঁরা এ সংকটের জন্য যথাযথ ঝুঁকি মূল্যায়ন ছাড়াই বড় অঙ্কের ঋণ বিতরণ, বারবার ঋণ পুনঃতফসিল এবং নিয়ন্ত্রক সংস্থার শিথিলতার কথা উল্লেখ করেছেন। এসব কারণে দীর্ঘদিন খেলাপি ঋণের প্রকৃত চিত্র আড়ালে ছিল বলে তাঁদের মত।
পরবর্তী সময়ে ঋণ শ্রেণীকরণ ও প্রভিশন সংরক্ষণের কঠোর নিয়ম কার্যকর হলে ব্যাংকগুলোর প্রকৃত আর্থিক দুর্বলতা সামনে আসে। এর ফলে দীর্ঘদিনের পুঞ্জীভূত লোকসান দ্রুত ব্যাংকগুলোর মূলধন কমিয়ে দেয়।
ঋণ বিতরণ ও বিনিয়োগে নেতিবাচক প্রভাব
ব্যাংকের দুর্বল মূলধন পরিস্থিতির প্রভাব শুধু আর্থিক হিসাবের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। এর প্রভাব পড়ছে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে।
মূলধন কম থাকলে ব্যাংকগুলোর নতুন ঋণ বিতরণের সক্ষমতা সীমিত হয়ে পড়ে। কারণ, নতুন ঋণ বিতরণের সঙ্গে অতিরিক্ত ঝুঁকিও যুক্ত হয়। এতে ব্যবসাপ্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের অর্থায়ন পাওয়া কঠিন হয়ে যেতে পারে। বাধাগ্রস্ত হতে পারে নতুন বিনিয়োগ ও উৎপাদন সম্প্রসারণ।
এরই মধ্যে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কমেছে। সেপ্টেম্বরে এ প্রবৃদ্ধি নেমে এসেছে রেকর্ড সর্বনিম্ন ৪ দশমিক ১৭ শতাংশে।
ব্যাংকগুলোর মূলধন দুর্বল হলে আমানতকারীদের আস্থাও ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সঙ্গে জরুরি তারল্য সহায়তার জন্য বাংলাদেশ ব্যাংকের ওপর নির্ভরতা বাড়তে পারে।
ইতিমধ্যে সংকটে থাকা ১২টি ব্যাংককে বিশেষ তারল্য সহায়তার আওতায় ৮৪ হাজার ৯৪৫ কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলোর কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন এড়াতে এ অর্থ সরবরাহ করা হয়েছে।
সরকারি অর্থের ওপরও বাড়তে পারে চাপ
ব্যাংক খাতের এই সংকট ভবিষ্যতে সরকারি অর্থের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মূলধন ঘাটতি পূরণে সরকারকে অর্থ জোগান দিতে হতে পারে। অন্যদিকে আর্থিক সংকটে থাকা বেসরকারি ব্যাংকগুলোও নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে আরও সহায়তা চাইতে পারে।
ফলে খেলাপি ঋণ ও পুঞ্জীভূত লোকসানের কারণে সৃষ্ট ব্যাংক খাতের দুর্বলতা শুধু ব্যাংকগুলোর আর্থিক স্থিতিশীলতাকেই নয়, আমানতকারীদের আস্থা, বেসরকারি বিনিয়োগ এবং সামগ্রিক অর্থনীতিকেও ঝুঁকির মুখে ফেলছে।

