দামি ঘড়ি কেনার আগে ক্রেতাদের মনে সাধারণত একই প্রশ্ন ঘোরে: কোন ব্র্যান্ড নির্ভরযোগ্য, কোন ঘড়ির দাম ভবিষ্যতে বাড়বে, আর কোনটি কিনলে খরচের পুরো মূল্য পাওয়া যাবে। এসব প্রশ্নের উত্তরের জন্য এখন বিপুলসংখ্যক ক্রেতা কৃত্রিম বুদ্ধিমত্তার, অর্থাৎ এআইয়ের, শরণাপন্ন হচ্ছেন। ফলে বিলাসবহুল ঘড়ির বাজারে ক্রেতার মন জয়ের লড়াই নতুন এক মোড় নিয়েছে।
এতদিন বিজ্ঞাপন, তারকাদের প্রচার আর বিশেষজ্ঞদের মতামতই ছিল ক্রেতার সিদ্ধান্তের প্রধান ভরসা। এখন ঘড়ি নির্মাতাদের নতুন একটি বিষয়ও খেয়াল রাখতে হচ্ছে। তাঁদের পণ্য নিয়ে এআই কী বলছে এবং কোন ব্র্যান্ড কিনতে পরামর্শ দিচ্ছে, সেটিও এখন ব্যবসার ভাগ্য নির্ধারণ করছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ঘড়ির নকশা, দাম ও মান বিচারে ক্রেতাদের এআইনির্ভরতা ক্রমে বাড়ছে। সম্ভাব্য ক্রেতার কাছে পৌঁছানোর কৌশল তাই নতুন করে সাজাচ্ছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। ক্রেতাদের বদলে যাওয়া আচরণের সঙ্গে তাল মেলাতে হচ্ছে খুচরা বিক্রেতাদেরও।
পরামর্শক প্রতিষ্ঠান বেইন অ্যান্ড কোম্পানি এবং ফ্রান্সের বিলাসপণ্য ও সংস্কৃতিবিষয়ক সংগঠন কমিতে কোলবার্ট চলতি বছর একটি যৌথ গবেষণা চালায়। তাতে দেখা যায়, বিলাসপণ্যে যিনি যত বেশি অর্থ খরচ করেন, কেনাকাটার সিদ্ধান্তে এআই ব্যবহারের প্রবণতাও তাঁর মধ্যে তত বেশি। গবেষণায় বিলাসপণ্যের ক্রেতাদের ২৮ শতাংশ কেনাকাটায় এআইয়ের সাহায্য নেন বলে উঠে এসেছে। অর্থাৎ যাঁরা সবচেয়ে বেশি খরচ করেন, সেই ক্রেতারাই এআইয়ের সবচেয়ে সক্রিয় ব্যবহারকারী।
বিলাসবহুল ঘড়ির ব্র্যান্ড হাবলটের প্রধান নির্বাহী কর্মকর্তা জুলিয়েন তোরনারে পরিবর্তনটিকে সহজ ভাষায় ব্যাখ্যা করেছেন। তাঁর মতে, কোনো পণ্য সম্পর্কে জানতে মানুষ আগে গুগলে অনুসন্ধান করতেন। এখন তাঁরা সরাসরি এআইয়ের মতামত চাইছেন। অর্থাৎ অনুসন্ধানের ধরনটাই বদলে গেছে। কয়েকটি ওয়েবসাইটের তালিকা ঘেঁটে সিদ্ধান্তে পৌঁছানোর বদলে ক্রেতা এখন একটি গুছিয়ে দেওয়া উত্তর হাতে পাচ্ছেন।
সুইস ব্র্যান্ড ট্যাগ হিউয়ারের প্রধান বিপণন কর্মকর্তা জর্জ সিজ মনে করেন, এতে নির্মাতাদের ওপর নিখুঁত পণ্য বানানোর চাপ বাড়ছে। কারণ, কোনো ঘড়িতে ত্রুটি বা দুর্বলতা থাকলে এআইয়ের মাধ্যমে তা আগের চেয়ে অনেক সহজে ক্রেতার সামনে চলে আসতে পারে। বিজ্ঞাপনের চমক দিয়ে দুর্বলতা আড়াল রাখার সুযোগ তাই সংকুচিত হচ্ছে।
তবে এআই ক্রেতার পছন্দ আসলে কতটা বদলে দিচ্ছে, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে একমত নেই। সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ডিজিটাল লাক্সারি গ্রুপের কৌশলবিষয়ক পরিচালক ডমিনিক উইয়ার মনে করেন, এআই নতুন কোনো মত তৈরি করছে না। বরং আগে থেকে প্রতিষ্ঠিত ব্র্যান্ড ও বিশেষজ্ঞদের মতামতকেই নতুনভাবে সামনে আনছে।
উদাহরণ হিসেবে তিনি রোলেক্সের কথা বলেন। তাঁদের সংগৃহীত তথ্যে এআইয়ের সুপারিশে রোলেক্স সাধারণত শীর্ষে থাকে। কিন্তু এর অর্থ এই নয় যে এআই নিজে বিচার করে রোলেক্সকে সেরা ঘোষণা করেছে। দশকের পর দশক ধরে সাংবাদিক, ঘড়িবিশেষজ্ঞ ও অনলাইন আলোচনায় ব্র্যান্ডটি যে গুরুত্ব পেয়েছে, এআই কেবল সেই জমে থাকা ধারণাই প্রতিফলিত করছে।
ক্রেতা কী প্রশ্ন করছেন, তার ওপর সুপারিশও বদলে যায়। উইয়ারের ভাষ্য অনুযায়ী, দীর্ঘ মেয়াদে বিনিয়োগের জন্য সেরা ঘড়ি কোনটি, এমন প্রশ্নে প্যাটেক ফিলিপের নাম সামনে আসে। আবার কেউ পাঁচ হাজার পাউন্ডের কম দামে ভালো ঘড়ি খুঁজলে টিউডর বা টিসোর মতো ব্র্যান্ডের নাম উঠে আসতে পারে। এর মানে, এআইয়ের উত্তর অনেকটাই নির্ভর করে ক্রেতা কী জানতে চাইছেন এবং কীভাবে প্রশ্নটি করছেন, তার ওপর।
এআইনির্ভর কেনাকাটা প্রতিষ্ঠিত ব্র্যান্ডের জন্য সুবিধা তৈরি করলেও ছোট ও স্বাধীন ঘড়ি নির্মাতাদের সামনে এনেছে নতুন সংকট। ফসিল গ্রুপের প্রধান ডিজিটাল ও তথ্য কর্মকর্তা আন্তোনিও ক্যারিয়েরো বলেন, যেসব ব্র্যান্ড ও ঘড়ি নিয়ে অনলাইনে প্রচুর তথ্য আছে, বিশেষজ্ঞদের মতামত আছে, যাদের নাম নিয়মিত আলোচনায় আসে এবং যাদের তথ্য সহজে মেলে, এআইয়ের যুগে তাদের প্রভাব আরও বাড়তে পারে।
উল্টো চিত্রটিও সমান বাস্তব। কোনো স্বাধীন নির্মাতা অসাধারণ ঘড়ি বানালেও অনলাইনে যথেষ্ট ও গোছানো তথ্য না থাকলে এআইয়ের সুপারিশে তাঁর নাম খুব কমই আসবে। এর ফলে শুধু ভালো ঘড়ি বানালেই চলছে না। ঘড়ির ইতিহাস, বৈশিষ্ট্য, প্রযুক্তি ও স্বাতন্ত্র্য সম্পর্কে ডিজিটাল মাধ্যমে পর্যাপ্ত তথ্যও নিশ্চিত করতে হচ্ছে। যাঁদের সেই সামর্থ্য বা দক্ষতা কম, তাঁরা পিছিয়ে পড়ার ঝুঁকিতে আছেন।
প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলোর জন্যও বিষয়টি নিরাপদ নয়। যেসব ব্র্যান্ডের ভাবমূর্তি নিয়ে আগে থেকেই সমালোচনা আছে, এআইয়ের সুপারিশে তাদের জন্য নতুন উদ্বেগ তৈরি হয়েছে।
এই বাস্তবতায় বিপণনের কৌশলও বদলাচ্ছে। এআইয়ের সুপারিশে জায়গা পেতে নির্মাতারা এখন বিশেষায়িত গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন। নিজেদের ওয়েবসাইটে পণ্যের বিস্তারিত তথ্য দিচ্ছেন এবং সেই তথ্য এমনভাবে সাজাচ্ছেন, যাতে এআই সহজে বুঝতে পারে।
জর্জ সিজের মতে, এআই এত দ্রুত বদলাচ্ছে যে আজ যেসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আগামী বছর পরিস্থিতি সম্পূর্ণ আলাদা হতে পারে। এই পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে ফরাসি বিলাসপণ্য প্রতিষ্ঠান এলভিএমএইচ ইতিমধ্যে আটশর বেশি ব্যবস্থাপককে এআই বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দিয়েছে।
ভবিষ্যতে এ খাতে আরও বড় পরিবর্তন আনতে পারে ‘এজেন্টিক এআই’। এ ধরনের প্রযুক্তি শুধু তথ্য বা পরামর্শ দিয়েই থেমে থাকে না, ব্যবহারকারীর হয়ে নানা কাজও সম্পন্ন করতে পারে। যেমন ক্রেতার পছন্দ ও বাজেট অনুযায়ী ঘড়ি খুঁজে দেওয়া, একাধিক বিক্রেতার দাম তুলনা করা, পণ্যটি কোথায় পাওয়া যাচ্ছে তা যাচাই করা, এমনকি নির্দিষ্ট অনুমতি ও ব্যবস্থার আওতায় কেনাকাটাও সেরে ফেলা। উইয়ারের মতে, যেসব ব্র্যান্ড এখনই ডিজিটাল মাধ্যমে শক্ত অবস্থান ও পরিচিতি গড়ে তুলতে পারবে, ভবিষ্যতে এআই এজেন্টের সুপারিশে তারাই এগিয়ে থাকতে পারে।
এআইয়ের প্রভাব বাড়লেও দামি ঘড়ি কেনায় মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতার গুরুত্ব পুরোপুরি হারাবে বলে মনে করছেন না সংশ্লিষ্টরা। বিলাসবহুল ঘড়ির বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াচেস অব সুইজারল্যান্ড গ্রুপের ই-কমার্স পরিচালক ইয়ান ওয়ারউইকের ভাষ্য, সাধারণ ক্রেতারা এখনো দোকানে গিয়ে ঘড়ি দেখতে, হাতে নিয়ে পরখ করতে এবং কেনাকাটার অভিজ্ঞতা উপভোগ করতে চান। এআই এখনো সেই আবেগঘন অনুভূতি পুরোপুরি দিতে পারে না।
তবে অনলাইনে বিক্রির কৌশলে পরিবর্তন শুরু হয়ে গেছে। ওয়ারউইক জানান, আগে সার্চ ইঞ্জিনে এগিয়ে থাকতে নির্দিষ্ট শব্দ বা কিওয়ার্ড বারবার ব্যবহারের ওপর জোর দেওয়া হতো। এখন ভাবতে হয়, ক্রেতারা এআইকে কী কী প্রশ্ন করতে পারেন এবং সেসব প্রশ্নের উত্তর দেওয়ার মতো তথ্য ওয়েবসাইটে আছে কি না।
নতুন ঘড়ির পাশাপাশি ব্যবহৃত বা পুরোনো বিলাসবহুল ঘড়ির বাজারেও এআই বড় পরিবর্তন আনতে পারে। এআইয়ের সাহায্যে ক্রেতারা এখন নতুন ও ব্যবহৃত ঘড়ির দাম সহজেই তুলনা করতে পারছেন। একই মডেলের ঘড়ি নতুন অবস্থায় কত দামে বিক্রি হচ্ছে এবং ব্যবহৃত অবস্থায় বাজারে তার মূল্য কত, সেই তথ্যও আগের তুলনায় সহজে মিলছে।
জর্জ সিজ মনে করেন, দামের এই স্বচ্ছতা নির্মাতাদের ওপর নতুন চাপ তৈরি করছে। নিজেদের পণ্যের দাম যে যুক্তিসংগত, তা এখন প্রমাণ করতে হবে। দুর্বলতা আড়াল করার সুযোগও ক্রমে কমে আসছে।
সব মিলিয়ে বিলাসবহুল ঘড়ির বাজারে ক্রেতা ও নির্মাতার সম্পর্কের সমীকরণ নতুন করে লেখা হচ্ছে। যে ব্র্যান্ড ডিজিটাল দুনিয়ায় নিজের তথ্য, সুনাম ও পরিচিতি গুছিয়ে রাখতে পারবে, এআইয়ের যুগে তার টিকে থাকা ও এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি।

