জমি অধিগ্রহণে দেরি আর বাস্তবায়নের ধীরগতির কারণে পদ্মা সেতু ও কর্ণফুলী টানেলসহ দেশের ছয়টি বড় অবকাঠামো প্রকল্পে প্রায় ৯ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ১ লাখ ১৬ হাজার ৪৮৭ কোটি টাকার ক্রমপুঞ্জীভূত ক্ষতি হয়েছে। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বাংলাদেশের প্রকল্প বাস্তবায়নের এই চিত্র উঠে এসেছে। বছরের পর বছর আমলাতান্ত্রিক জটিলতা, দুর্বল পরিকল্পনা, জমি অধিগ্রহণে বিলম্ব ও সমন্বয়হীনতার মাশুল এখন অর্থনীতিকে গুনতে হচ্ছে।
‘বাংলাদেশ পাবলিক ফাইন্যান্স রিভিউ: ফিসকাল রিফর্মস ফর গ্রোথ, ইনভেস্টমেন্ট অ্যান্ড জবস’ শীর্ষক প্রতিবেদনটি গত ১৯ নভেম্বর প্রকাশ করেছে বিশ্বব্যাংক। প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দশকে সরকারি উন্নয়ন প্রকল্পে দীর্ঘসূত্রতা, ব্যয় বৃদ্ধি ও বরাদ্দ সংকোচন নিয়মে পরিণত হয়েছে। এই ক্ষতি এক দিনে বা এক কারণে হয়নি। জমি বুঝে না পাওয়ায় প্রকল্পের মেয়াদ বেড়েছে, নির্মাণ ব্যয় বেড়েছে, আর সময়মতো চালু না হওয়ায় অর্থনীতি প্রত্যাশিত সুফল থেকে বঞ্চিত হয়েছে।
আলোচ্য ছয়টি প্রকল্প হলো পদ্মা সেতু, খুলনা-মোংলা রেললাইন, কর্ণফুলী টানেল, ঢাকা বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি), ঢাকা-টঙ্গী-জয়দেবপুর রেলপথ সম্প্রসারণ এবং দোহাজারী-কক্সবাজার রেললাইন। প্রতিবেদন অনুযায়ী, ক্ষতির একটি বড় অংশ প্রকল্প ব্যয় বৃদ্ধির সরাসরি আর্থিক চাপ। আরেকটি বড় অংশ কাঙ্ক্ষিত রাজস্ব ও অর্থনৈতিক সুফল না পাওয়ার ক্ষতি। অর্থনীতির ভাষায় পুঞ্জীভূত ক্ষতি বলতে বোঝায় ঠিকাদারি ব্যয় বৃদ্ধি, নির্মাণসামগ্রীর দাম বাড়া, ঋণের সুদ বাড়া এবং প্রকল্প সময়মতো চালু না হওয়ায় হারানো আয়ের সম্মিলিত হিসাব।
সময়ের হিসাবে চিত্রটি আরও উদ্বেগজনক। অদক্ষতা, অর্থায়নে বিলম্ব, ভূমি অধিগ্রহণে দীর্ঘসূত্রতা এবং সম্ভাব্যতা যাচাই ও নকশায় ত্রুটির কারণে ছয়টি প্রকল্পের মেয়াদ মোট ৬০ বছর ১০ মাস বাড়াতে হয়েছে। অথচ অনুমোদিত মোট মেয়াদ ছিল ২৬ বছর। অনুমোদনের সময় গড়ে সাড়ে চার বছর সময় ধরা হলেও বাস্তবায়নে গড়ে ১০ বছরের বেশি যুক্ত হয়েছে। অর্থাৎ মূল পরিকল্পনার তুলনায় প্রায় ২ দশমিক ৩৪ গুণ বেশি সময় লেগেছে।
মেয়াদের সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে খরচও। প্রকল্পগুলোর প্রাথমিক অনুমোদিত ব্যয় ছিল ২৫ হাজার ৭০ কোটি ৫৭ লাখ টাকা। ধীরগতির কারণে তা বেড়ে হয়েছে ৬৬ হাজার ১৬৭ কোটি ৪৬ লাখ টাকা। শুধু বিলম্বের কারণে সরাসরি ব্যয় বেড়েছে প্রায় ৪১ হাজার ৯৭ কোটি টাকা, যা মূল ব্যয়ের প্রায় ২ দশমিক ৬৪ গুণ।
অর্থনীতিবিদ ও সংশ্লিষ্টদের মতে, অনুমোদনের পর্যায়ে অপর্যাপ্ত সমীক্ষা, ত্রুটিপূর্ণ নকশা ও অসম্পূর্ণ প্রাক্কলনের কারণে প্রাথমিক সময় ও ব্যয়ের হিসাব ধরে রাখা কঠিন হয়ে পড়ে। বিলম্ব শুধু ব্যয় বাড়ায় না, এর প্রভাব ছড়িয়ে পড়ে বিনিয়োগ, কর্মসংস্থান, জিডিপি প্রবৃদ্ধি ও ঋণ পরিশোধের চাপে। তাঁদের ভাষ্য, অবকাঠামো প্রকল্পগুলো সময়মতো শেষ হলে ব্যবসার খরচ কমত, গণপরিবহন সুশৃঙ্খল হতো এবং বেসরকারি বিনিয়োগ বাড়ত। তাতে উৎপাদন ও আয় বাড়ত, অভ্যন্তরীণ চাহিদা বেড়ে আরও বিনিয়োগের পথ খুলত।
প্রতিবেদনটিকে প্রশংসনীয় উল্লেখ করে সাবেক পরিকল্পনা সচিব মামুন আল রশিদ বলেন, বিলম্বের কারণে সৃষ্ট প্রকৃত অর্থনৈতিক ক্ষতিটি সঠিকভাবে তুলে ধরা হয়েছে। তাঁর ব্যাখ্যা, প্রতিটি প্রকল্পেই হিসাব থাকে, বাস্তবায়নের পর মানুষ কত টাকার সেবা বা উপযোগিতা পাবে। প্রকল্প সময়মতো শেষ না হলে মানুষ সেই সেবা থেকে বঞ্চিত হয়। উদাহরণ দিয়ে তিনি বলেন, কারও ১০০ টাকা পাওনা থাকলে তা দুই বছর পর দেওয়া হলে ওই দুই বছরের সুবিধা হারিয়ে যায়। তেমনি পদ্মা সেতু বা কোনো রেললাইন তিন থেকে পাঁচ বছর দেরিতে চালু হলে ওই সময়ের সুবিধা ও অর্থনৈতিক রিটার্ন হারিয়ে যায়। তাই এটিকে পরোক্ষ নয়, সরাসরি ক্ষতি হিসেবেই দেখা উচিত বলে মনে করেন তিনি।
প্রকল্পভিত্তিক চিত্রে ব্যয় ও মেয়াদ বৃদ্ধির মাত্রা স্পষ্ট। ২০০৭ সালের আগস্টে ১০ হাজার ১৬১ কোটি ৭৫ লাখ টাকায় পদ্মা বহুমুখী সেতু প্রকল্প অনুমোদিত হয়, যা ২০১৫ সালের জুনে শেষ করার লক্ষ্য ছিল। কয়েক দফায় ব্যয় বেড়ে সর্বশেষ অনুমোদিত ব্যয় দাঁড়ায় ৩২ হাজার ৩০৫ কোটি ৫২ লাখ টাকা। এতে ব্যয় বেড়েছে ২২ হাজার ১৪৩ কোটি ৭৭ লাখ টাকা এবং মেয়াদ বেড়েছে ৯ বছর।
২০১০ সালের ২১ ডিসেম্বর ১ হাজার ৭২১ কোটি ৩৯ লাখ টাকায় অনুমোদিত খুলনা-মোংলা রেলপথ প্রকল্পের শেষ হওয়ার কথা ছিল ২০১৩ সালের ডিসেম্বরে। সংশোধিত ব্যয় দাঁড়ায় ৪ হাজার ২২৫ কোটি ৭১ লাখ টাকা, অর্থাৎ ২ হাজার ৫০৪ কোটি ৩২ লাখ টাকা বেশি। প্রায় ১১ বছর ৬ মাস মেয়াদ বাড়ার পর ২০২৩ সালের ১ নভেম্বর রেলপথটি উদ্বোধন করা হয়।
কর্ণফুলী নদীর তলদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল প্রকল্প ২০১৫ সালের নভেম্বরে ৮ হাজার ৪৪৬ কোটি ৬৩ লাখ টাকায় অনুমোদন পায়, লক্ষ্য ছিল ২০২০ সালের জুনে কাজ শেষ করা। ব্যয় বেড়ে দাঁড়ায় প্রায় ১০ হাজার ৬৮৯ কোটি ৭১ লাখ টাকা, যা মূল ব্যয়ের চেয়ে প্রায় ২ হাজার ২৪৩ কোটি টাকা বেশি। প্রায় সাড়ে তিন বছর মেয়াদ বেড়ে ২০২৩ সালের ২৮ অক্টোবর টানেলটি উদ্বোধন করা হয়।
রেল খাতের আরও দুটি প্রকল্পে ব্যয় ও মেয়াদ কয়েক গুণ বেড়েছে। ২০১২ সালের ১৩ নভেম্বর ৮৪৮ কোটি ৬০ লাখ টাকায় অনুমোদিত ঢাকা-টঙ্গী-জয়দেবপুর তৃতীয় ও চতুর্থ রেলপথ প্রকল্পের কাজ ২০১৫ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল। কয়েক দফা সংশোধনে ব্যয় দাঁড়িয়েছে ৩ হাজার ৩৪২ কোটি ৫৫ লাখ টাকা, অর্থাৎ ২ হাজার ৪৯৩ কোটি ৯৫ লাখ টাকা বেশি। মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়ায় মূল সময়ের চেয়ে ১২ বছর বেশি লাগছে।
২০১০ সালে ১ হাজার ৮৫২ কোটি ৩৫ লাখ টাকায় অনুমোদিত দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্প ২০১৩ সালের ডিসেম্বরে শেষ হওয়ার লক্ষ্য ছিল। প্রথম সংশোধনে ব্যয় ১৮ হাজার ৩৪৪ কোটি টাকার বেশি হলেও দ্বিতীয় সংশোধনে তা কমিয়ে ১১ হাজার ৩৩৫ কোটি ৯৭ লাখ টাকা করা হয়। এটি মূল ব্যয়ের চেয়ে ৯ হাজার ৪৮৩ কোটি ৬২ লাখ টাকা বা প্রায় ৫১২ শতাংশ বেশি। মেয়াদ ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ায় মূল সময়সীমার চেয়ে ১২ বছর বেড়েছে।
সবচেয়ে বড় গচ্চার উদাহরণ গাজীপুর-বিমানবন্দর বিআরটি প্রকল্প। ২০১২ সালে ২ হাজার ৩৯ কোটি ৮৫ লাখ টাকায় অনুমোদিত এ প্রকল্পের কাজ ২০১৬ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। ১৪ বছর খোঁড়াখুঁড়ির ভোগান্তি, দফায় দফায় ব্যয় বৃদ্ধি ও জনদুর্ভোগের পর প্রকল্পটি বাতিল ঘোষণা করা হয়েছে। এর মধ্যেই এতে ২ হাজার ৮১১ কোটি টাকার বেশি খরচ হয়ে গেছে।
প্রতিবেদনে দেশের মূলধন ব্যয়, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও বড় অবকাঠামো প্রকল্পের গতিপ্রকৃতিও বিশ্লেষণ করা হয়েছে। রাজস্ব আদায়ে বড় ঘাটতি এবং ভর্তুকি ও ঋণের সুদ পরিশোধের চাপ সামলাতে বাজেট ঘাটতি জিডিপির ৫ শতাংশের নিচে রাখতে সরকার মূলধন ব্যয় কমিয়েছে। ২০২২-২৩ অর্থবছরে মূলধন ব্যয় ছিল জিডিপির ৪ দশমিক ৯ শতাংশ, আর ২০২৫-২৬ অর্থবছরে তা নেমেছে ২ দশমিক ৮ শতাংশে। তুলনীয় দেশগুলোর গড় ৫ দশমিক ২ শতাংশ, অর্থাৎ বাংলাদেশের ব্যয় এখন প্রায় অর্ধেক।
এডিপির বরাদ্দ ও বাস্তবায়নেও ভাটা পড়েছে। ২০২৬-২৭ অর্থবছরে এডিপি বরাদ্দ আগের বছরের চেয়ে ৭ দশমিক ৬ শতাংশ কমেছে, যা টানা দ্বিতীয় বছরের পতন। একই সময়ে এডিপি বাস্তবায়নের হার ঐতিহাসিক সর্বনিম্ন ৬৭ দশমিক ৫ শতাংশে নেমেছে।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে একটি প্রকল্প প্রস্তুতিতে গড়ে প্রায় ৩ দশমিক ৫ বছর এবং জমি অধিগ্রহণে আরও ২ থেকে ৩ বছর লাগে। অর্থাৎ কাজ শুরুর আগেই সাড়ে পাঁচ বছরের মতো চলে যায়। প্রতি ধাপে সময় নষ্ট হওয়ায় প্রকল্প বারবার সংশোধন করতে হয় এবং ব্যয় বাড়তে থাকে। এ ছাড়া ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়ার্ধে প্রকল্প পরিচালকসহ গুরুত্বপূর্ণ জনবলের সাময়িক অনুপস্থিতি এবং অন্তর্বর্তী সরকারের প্রকল্প অনুমোদনে সতর্ক অবস্থানও গতি কমিয়েছে।
ধীরগতির কারণ ব্যাখ্যা করে মামুন আল রশিদ বলেন, প্রকল্প পরিচালকদের অদক্ষতা যেমন স্থবিরতা তৈরি করে, তেমনি বৈদেশিক উন্নয়ন সহযোগীদের আমলাতান্ত্রিক জটিলতাও কম দায়ী নয়। অনেক সময় নানা নিয়মের অজুহাতে তারা অর্থ ছাড়ে বছরের পর বছর দেরি করে, ফলে প্রকল্পের মেয়াদ ও আর্থিক ক্ষতি দুটিই বাড়ে। তাঁর মতে, জবাবদিহি নিশ্চিত না হলে এ সংকট থেকে উত্তরণ সম্ভব নয়।
বিদ্যুৎ খাতেও অসামঞ্জস্য ধরা পড়েছে। গত এক দশকে উৎপাদন সক্ষমতা ১৬০ শতাংশ বাড়লেও ২০১৩-১৪ অর্থবছরের পর সঞ্চালন লাইন বেড়েছে মাত্র ৬০ শতাংশ। ফলে দেশে ২৭ হাজার ৪১৪ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা ও প্রায় ১০ গিগাওয়াট উদ্বৃত্ত সক্ষমতা থাকা সত্ত্বেও সঞ্চালন জটিলতা ও গ্যাস সংকটে লোডশেডিং হচ্ছে। আবার বসিয়ে রাখা কেন্দ্রগুলোকে ক্যাপাসিটি পেমেন্ট দিতে হচ্ছে।
দেশের সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বব্যাংক। প্রকল্প বাস্তবায়নে স্থবিরতার মধ্যেও এডিপিতে কিছু নির্দিষ্ট প্রকল্পকে অগ্রাধিকার দিয়ে বড় বরাদ্দ ধরে রাখা হচ্ছে। এর সবচেয়ে বড় উদাহরণ ২ হাজার ৪০০ মেগাওয়াটের এই কেন্দ্র, যা ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত এডিপির ১ হাজার ১৪২টি প্রকল্পের মধ্যে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে।
২০১৫ সালের ডিসেম্বরে ১২ দশমিক ৬ বিলিয়ন ডলার বা আনুমানিক ১ লাখ ৫১ হাজার ৩১৩ কোটি টাকার চুক্তির আওতায় রাশিয়ার ঋণ ও রোসাটমের মাধ্যমে ১ হাজার ২০০ মেগাওয়াটের দুটি ইউনিট নির্মাণ হচ্ছে। একাধিকবার বিলম্বের পর প্রথম ইউনিট ২০২৬ সালের ডিসেম্বরে এবং দ্বিতীয় ইউনিট ২০২৭ সালের ডিসেম্বরে চালুর সংশোধিত সময়সীমা ঠিক হয়েছে। সঞ্চালন লাইন ২০২৫ সালের জুনে প্রস্তুত হলেও চূড়ান্ত বিদ্যুৎ ট্যারিফ এখনো নির্ধারিত না হওয়ায় ব্যয় নিয়ে উদ্বেগ রয়ে গেছে। বিশ্বব্যাংকের মতে, জ্বালানি তেলের দাম যখন চড়া, তখন এই কেন্দ্র সময়মতো উৎপাদনে না আসায় বিদ্যুৎ খাতের সংকট আরও ঘনীভূত হচ্ছে।
কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে নীতিগত পরিবর্তনের তথ্যও প্রতিবেদনে এসেছে। জ্বালানি ব্যয় বৃদ্ধি ও নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের লক্ষ্যে ২০২১ সালের জুনে সরকার ১০টি পরিকল্পিত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাতিলের ঘোষণা দিয়েছিল। বাতিল তালিকায় ছিল পটুয়াখালী ও মহেশখালীর ১ হাজার ৩২০ মেগাওয়াটের দুটি কেন্দ্র, বাংলাদেশ-সিঙ্গাপুর যৌথ প্রকল্প এবং জাপানের সুমিতোমো করপোরেশন ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের যৌথ প্রকল্পও। পরে অন্তর্বর্তী সরকার মহেশখালীতে ১ হাজার ২০০ মেগাওয়াটের কয়লাভিত্তিক কেন্দ্রটি পুনরুজ্জীবনের ঘোষণা দেয়। ২০২৪ সালের নভেম্বরে দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন ২০১০ বাতিল করে সব বিদ্যুৎ ও জ্বালানি প্রকল্পে প্রতিযোগিতামূলক দরপত্র বাধ্যতামূলক করা হয়েছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় জ্বালানি প্রকল্পের হার মাত্র ৩ শতাংশ হওয়ায় জমি অধিগ্রহণ জটিলতা নিরসন ও চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানোর পরামর্শও দেওয়া হয়েছে।
ভবিষ্যৎ করণীয় হিসেবে বিশ্বব্যাংক কয়েকটি প্রাতিষ্ঠানিক ও প্রযুক্তিগত সংস্কারের তাগিদ দিয়েছে। সংস্থাটির পরামর্শ, সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনার আমূল সংস্কার করতে হবে এবং প্রকল্প অনুমোদনের আগে সম্ভাব্যতা যাচাই স্বাধীন ও নিরপেক্ষ বিশেষজ্ঞ দিয়ে করাতে হবে, যাতে রাজনৈতিক বিবেচনায় কোনো অকার্যকর প্রকল্প পাস না হয়। জমি অধিগ্রহণের আইনি জটিলতা কমাতে আগাম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ক্ষতিপূরণ কাঠামো তৈরি করতে হবে, যাতে কাজ শুরুর আগেই অন্তত ৮০ শতাংশ জমি অধিগ্রহণ শেষ হয়। বিদ্যুৎ ও জ্বালানি খাতের মতো অন্যান্য খাতেও বিশেষ আইন বাতিল করে উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক দরপত্র বাধ্যতামূলক করার কথাও বলা হয়েছে।
এ ছাড়া নতুন অবকাঠামোর পাশাপাশি রক্ষণাবেক্ষণ ও পরিচালন ব্যয়ের জন্য মধ্যমেয়াদি বাজেট কাঠামোয় নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পৃথক প্রকল্প পরিচালক নিয়োগ ও তাঁদের জবাবদিহি নিশ্চিত করা এবং পিপিপি মডেলকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে কার্যকর করার কথাও বলেছে বিশ্বব্যাংক।
প্রতিবেদনের প্রাক্কলন অনুযায়ী, রাজস্ব ও ব্যয় সংস্কার যথাযথভাবে বাস্তবায়িত হলে ২০৩৫-৩৬ অর্থবছরের মধ্যে দেশের মূলধন ব্যয় ২০২৫-২৬ অর্থবছরের জিডিপির ২ দশমিক ৮ শতাংশ থেকে বেড়ে ৬ শতাংশে উন্নীত হতে পারে। এতে অবকাঠামো ঘাটতি পূরণ এবং টেকসই প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করে সংস্থাটি।

