চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি হবে ১১ হাজার ৯০০ টাকা। বর্তমানে এ খাতে ন্যূনতম মজুরি ৭ হাজার ১০০ টাকা। অর্থাৎ নতুন কাঠামোয় শ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়েছে ৪ হাজার ৮০০ টাকা। গত সপ্তাহে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ খাতের শ্রমিক ও কর্মচারীদের মজুরি চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৪০৫ টাকা। এত দিন তাঁদের ন্যূনতম মজুরি ছিল ৮ হাজার ৫২৫ টাকা। সেই হিসাবে কর্মচারীদের মজুরি বেড়েছে ৫ হাজার ৮৮০ টাকা। শিক্ষানবিশ কর্মচারীদের মজুরি ঠিক করা হয়েছে ১০ হাজার টাকা।
জানা গেছে, চলতি বছরের শুরুর দিকে এই খাতের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করা হয়। কয়েক দফা সভার পর গত আগস্টে বোর্ড মজুরিকাঠামো চূড়ান্ত করে। নতুন কাঠামোয় প্রতিবছর মজুরি ৫ শতাংশ হারে বাড়বে। এর আগে সর্বশেষ ২০২০ সালের সেপ্টেম্বরে মজুরি বোর্ডের মাধ্যমে এ খাতের মজুরি নির্ধারণ করা হয়েছিল।
নতুন মজুরিকাঠামো অনুযায়ী, ন্যূনতম মজুরি ১১ হাজার ৯০০ টাকা হলেও শিক্ষানবিশ শ্রমিকেরা সব মিলিয়ে পাবেন ১০ হাজার টাকা। শিক্ষানবিশকাল তিন মাস। প্রয়োজনে মালিকপক্ষ এই সময় বাড়াতে পারবে।
শ্রমিকদের জন্য মজুরিকাঠামোয় গ্রেড রয়েছে ছয়টি। সর্বনিম্ন ষষ্ঠ গ্রেডে সহকারী অপারেটরদের মাসিক মজুরি ১১ হাজার ৯০০ টাকা। এর মধ্যে মূল মজুরি ৬ হাজার টাকা এবং বাড়িভাড়া ৩ হাজার টাকা। এর বাইরে চিকিৎসা ভাতা ১ হাজার টাকা, যাতায়াত ভাতা ৬০০ টাকা এবং খাদ্য ভাতা ১ হাজার ৩০০ টাকা। চিকিৎসা, যাতায়াত ও খাদ্য ভাতা বাবদ এই ২ হাজার ৯০০ টাকা সব গ্রেডের শ্রমিক একই হারে পাবেন।
পঞ্চম গ্রেডের জেনারেল অপারেটরদের মোট মাসিক মজুরি ১৩ হাজার ৮৫ টাকা। চতুর্থ গ্রেডের জুনিয়র অপারেটরদের মজুরি ১৪ হাজার ৪০৫ টাকা। তৃতীয় গ্রেডের অপারেটরদের ১৫ হাজার ৮৭৫ টাকা এবং দ্বিতীয় গ্রেডের সিনিয়র অপারেটরদের ১৭ হাজার ৯৪৫ টাকা। প্রথম গ্রেডে চিফ কোয়ালিটি কন্ট্রোলার, লাইন লিডার ও স্যাম্পল ম্যান পদের শ্রমিকদের মজুরি বেড়ে হয়েছে ২৩ হাজার ২৫৫ টাকা।
কর্মচারীদের জন্য গ্রেড রয়েছে চারটি। সর্বনিম্ন গ্রেডে মজুরি ১৪ হাজার ৪০৫ টাকা, যার মধ্যে মূল মজুরি ৭ হাজার ৬৭০ টাকা ও বাড়িভাড়া ৩ হাজার ৮৩৫ টাকা। শ্রমিকদের মতো কর্মচারীরাও চিকিৎসা, যাতায়াত ও খাদ্য ভাতা বাবদ ২ হাজার ৯০০ টাকা পাবেন। তৃতীয় গ্রেডের কর্মচারীদের মজুরি ১৬ হাজার ২৩৫ টাকা, দ্বিতীয় গ্রেডে ১৮ হাজার ৮১৫ টাকা এবং প্রথম গ্রেডে বেড়ে হয়েছে ২০ হাজার ৬০০ টাকা।
দেশে প্রায় ২০০টি চামড়াপণ্য ও জুতা কারখানা রয়েছে। এসব কারখানায় দুই লাখের বেশি শ্রমিক-কর্মচারী কাজ করেন। মজুরি বোর্ডের আলোচনায় শ্রমিকপক্ষ শুরুতে ন্যূনতম সাড়ে ১২ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছিল। অন্যদিকে মালিকপক্ষ প্রথমে ৮ হাজার টাকা দিতে চেয়েছিল।
মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি মো. মুমিনুল আহসান বলেন, বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে মালিকেরা চ্যালেঞ্জের মধ্যে আছেন। আবার মূল্যস্ফীতির কারণে শ্রমিকেরাও ভালো নেই। সব দিক বিবেচনা করে সর্বসম্মতিক্রমে এই মজুরি নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।
তবে চূড়ান্ত মজুরিতে শ্রমিকের ন্যূনতম চাহিদা মিটবে কি না, এমন প্রশ্নে শ্রমিকপক্ষের প্রতিনিধি আওরেঙ্গজেব চৌধুরী বলেন, শ্রমিকদের সন্তুষ্ট হওয়ার কারণ নেই। কারণ, বর্তমান বাজারদরের সঙ্গে এই মজুরি সামঞ্জস্যপূর্ণ নয়। শ্রমিকপক্ষ কেন তুলনামূলক কম মজুরির প্রস্তাব দিয়েছিল, জানতে চাইলে তিনি বলেন, তখন দেশের সামগ্রিক অবস্থা বিবেচনা করে কম মজুরির প্রস্তাব করা হয়েছিল।

