রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন অভিজ্ঞ ব্যাংকার নূর মোহাম্মদ। ব্যাংকিং খাতে ২৮ বছরের বেশি অভিজ্ঞতা নিয়ে তিনি প্রতিষ্ঠানটির নেতৃত্বে এসেছেন।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) রাজধানীতে ব্যাংকের প্রধান কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, বিভিন্ন বিভাগের মহাব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপকরা তাঁকে স্বাগত জানান। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর নূর মোহাম্মদ বলেন, দেশজুড়ে ৯৭৯টি শাখা এবং প্রায় ১১ হাজার কর্মকর্তা-কর্মচারী নিয়ে অগ্রণী ব্যাংকের বিপুল সম্ভাবনা রয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টা ও দলগত কাজের মাধ্যমে ব্যাংকের সুনাম ও অতীত গৌরব ফিরিয়ে আনা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ লক্ষ্য অর্জনে ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় জানান নতুন ব্যবস্থাপনা পরিচালক।
অগ্রণী ব্যাংকে যোগদানের আগে নূর মোহাম্মদ যমুনা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসায়িক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের জ্যেষ্ঠ নির্বাহী সহসভাপতি ও করপোরেট ব্যবসা বিভাগের প্রধান হিসেবে কাজ করেছেন তিনি। ওয়ান ব্যাংক পিএলসির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
১৯৯৮ সালে ইস্টার্ন ব্যাংকে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং পেশায় যাত্রা শুরু করেন নূর মোহাম্মদ। দীর্ঘ কর্মজীবনে করপোরেট ও ক্ষুদ্র-মাঝারি উদ্যোগের ব্যাংকিং, কাঠামোবদ্ধ অর্থায়ন, প্রকল্প অর্থায়ন, ঋণঝুঁকি ব্যবস্থাপনা এবং ঋণ আদায়ে বিশেষ অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি।
শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন নূর মোহাম্মদ। পরবর্তী সময়ে একই বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি (এমবিএ) লাভ করেন।

