মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের চ্যালেঞ্জ মোকাবিলা, ডিজিটাল আর্থিক ব্যবস্থায় কমপ্লায়েন্স বা পরিপালনব্যবস্থা শক্তিশালী করার কৌশল এবং এ বিষয়ে সচেতনতা বাড়াতে একটি কর্মশালার আয়োজন করেছে বিকাশ। মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানটির আয়োজিত ‘রেগুলেটরি ফ্রেমওয়ার্কস ফর অ্যান্টি মানি লন্ডারিং গভর্ন্যান্স’ শীর্ষক এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। অনুষ্ঠানে বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল কাদীরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ এ তথ্য জানিয়েছে।
কর্মশালায় ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন বলেন, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নের বর্তমান প্রেক্ষাপটে এ খাতের ঝুঁকিগুলো আরও গভীরভাবে চিহ্নিত করতে হবে। পাশাপাশি এসব ঝুঁকি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, সব অংশীজনকে সঙ্গে নিয়ে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কাজ করা বিএফআইইউর দায়িত্ব। এ সমস্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও তিনি মত দেন। তাঁর মতে, বিটিআরসি থেকে শুরু করে এমএফএস প্রতিষ্ঠান ও আইনপ্রয়োগকারী সংস্থা, সবারই এখানে ভূমিকা রয়েছে।
বিকাশের সিইও কামাল কাদীর বলেন, প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে বিকাশ যেমন কমপ্লায়েন্স নিশ্চিত করে, তেমনি গ্রাহকসহ সব অংশীজনের সঙ্গে কাজ করার ক্ষেত্রেও তা মেনে চলে। এর অংশ হিসেবে ডিজিটাল লেনদেনের অপব্যবহার রোধে ধারাবাহিক প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে বিকাশ।
বিকাশের চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার শেখ মো. মনিরুল ইসলাম জানান, তাঁদের প্রতিষ্ঠান এমএফএসের অপব্যবহার, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন, অনলাইন জুয়া ও বেটিং, ইনফরমাল রেমিট্যান্স এবং ডিজিটাল পেমেন্টের অপব্যবহার প্রতিরোধে কাজ করছে।

