আর্থিক সংকটে থাকা ইসলামী ব্যাংককে পুনরুদ্ধারে সরকারের কাছে পাঁচ বছরে ৭৫ হাজার কোটি টাকার সহায়তা চেয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। প্রস্তাব অনুযায়ী, প্রতিবছর ১৫ হাজার কোটি টাকা করে এই অর্থ দিতে হবে। ষষ্ঠ বছর থেকে মুনাফাসহ পুরো অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ব্যাংকটি। একই সঙ্গে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আটকে থাকা প্রায় ১৪ হাজার কোটি টাকা আদায়ে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপও চাওয়া হয়েছে।
এস আলম গ্রুপের আত্মসাৎ করা ৮২ হাজার কোটি টাকা উদ্ধারে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় পর্ষদ সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কাছে পুনরুদ্ধারের জন্য ১৩ দফা প্রস্তাব পাঠিয়েছে। তিন ভাগে সাজানো ‘ইসলামী ব্যাংক পর্ষদের প্রস্তাব’ শীর্ষক এই নথিতে মূলধন ঘাটতি পূরণ, তারল্য সংকট নিরসন এবং সরকারি আর্থিক সহায়তার বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। নথিতে বলা হয়েছে, ব্যাংকটির স্বাভাবিক ও টেকসই কার্যক্রম ফিরিয়ে আনতে এই তিনটি বিষয়েই একসঙ্গে পদক্ষেপ প্রয়োজন।
তারল্য সংকট মেটাতে সম্মিলিত ইসলামী ব্যাংকের আদলে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ৪ শতাংশ সুদে বিশেষ তারল্য সহায়তা চেয়েছে ইসলামী ব্যাংক। দীর্ঘমেয়াদি পরিশোধ ব্যবস্থা ও উপযুক্ত শর্তের আওতায় এই অর্থ ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। এস আলম গ্রুপসহ অন্যান্য দুর্দশাগ্রস্ত ঋণখেলাপির কাছ থেকে অর্থ আদায়েও নিয়ন্ত্রক সংস্থার সহায়তা চেয়েছে ব্যাংকটি। এ জন্য দেশি-বিদেশি সম্পদ জব্দ, অবরুদ্ধ শেয়ারের মালিকানা গ্রহণ এবং সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি বা বিশেষ উদ্দেশ্যে গঠিত প্রতিষ্ঠানের মাধ্যমে সেসব সম্পদ বিক্রির সুযোগ চাওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পরিদর্শনের তথ্য অনুযায়ী, ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের নামে-বেনামে থাকা ২৪টি প্রতিষ্ঠানের শেয়ার ৮১ দশমিক ৯২ শতাংশ। ২০২৪ সালের আগস্টের পর থেকে এসব শেয়ার স্থগিত রয়েছে। গত ৩০ আগস্ট আদালতের এক আদেশে তিন মাসের জন্য শেয়ারগুলো অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ইসলামী ব্যাংকের প্রায় ১৪ হাজার কোটি টাকা আটকে আছে। এর মধ্যে পাঁচ ব্যাংকের সমন্বয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে রয়েছে ১১ হাজার ২৬৪ কোটি টাকা। জনতা ব্যাংকে আটকে আছে ১ হাজার ৩০৯ কোটি টাকা এবং আভিভা ফাইন্যান্সে ১ হাজার ৮৫ কোটি টাকা। এই অর্থ ফেরত পেলে তারল্য সংকট কমবে, পুরোনো সম্পদ আদায় হবে এবং ব্যাংকের আর্থিক হিসাব স্বাভাবিক করা সহজ হবে বলে ব্যাংকটির পরিকল্পনা।
পুনরুদ্ধার পরিকল্পনায় নগদ জমা সংরক্ষণ অনুপাত (সিআরআর) ও বিধিবদ্ধ তারল্য অনুপাতের (এসএলআর) ঘাটতির বিপরীতে আরোপিত জরিমানা ও সংশ্লিষ্ট চার্জ মওকুফের প্রস্তাবও আছে। তবে প্রচলিত আইনে এ ধরনের জরিমানা মওকুফের ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের নেই। ব্যাংক কোম্পানি আইনের আওতায় কেবল সরকারই এ সিদ্ধান্ত নিতে পারে। বর্তমান নিয়মে একটি ব্যাংককে মোট তলবি ও মেয়াদি দায়ের ৪ শতাংশ সিআরআর হিসেবে বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হয়। শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর জন্য এসএলআরের হার সাড়ে ৫ শতাংশ। সিআরআর রাখতে ব্যর্থ হলে ঘাটতি অংশের ওপর ৯ শতাংশ এবং এসএলআর রাখতে ব্যর্থ হলে ১১ শতাংশ হারে জরিমানা দিতে হয়।
প্রস্তাবের প্রথম ধাপে অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার কোটি টাকা করতে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি চাওয়া হয়েছে। এর পাশাপাশি ব্যাংকের মেমোরেন্ডাম ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের প্রয়োজনীয় ধারা সংশোধনের সুযোগও চাওয়া হয়েছে।
দ্বিতীয় ধাপে মূলধন ঘাটতি পূরণে সরকারকে কৌশলগত অংশীদার করার প্রস্তাব দিয়েছে ব্যাংকটি। এ জন্য ১০ টাকা অভিহিত মূল্যের ৬০০ কোটি নতুন শেয়ার ইস্যুর পরিকল্পনা রয়েছে। এতে ব্যাংকটির পরিশোধিত মূলধন বর্তমানের ১ হাজার ৬১০ কোটি টাকা থেকে বেড়ে ৭ হাজার ৬১০ কোটি টাকায় উন্নীত হবে। সরকার বা যোগ্য সরকারি প্রতিষ্ঠান ইকুইটি বিনিয়োগ কিংবা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে অর্থ ঢাললে ব্যাংকটির ৭৮ দশমিক ৮৪ শতাংশ মালিকানা সরকারের হাতে যাবে।
ব্যাংকটির দাবি, মূলধন বাড়ালে বাসেল-৩ নীতিমালার আওতায় মূলধন ঘাটতি পূরণ এবং সম্ভাব্য আর্থিক ক্ষতি মোকাবিলার সক্ষমতা বাড়বে। একই সঙ্গে তারল্য সহায়তার ওপর নির্ভরতা কমিয়ে টেকসই পুনরুদ্ধার সম্ভব হবে। এতে আমানতকারীদের আস্থা ফেরানো এবং প্রয়োজনীয় ব্যাংকিং সেবা চালু রাখাও সহজ হবে।
এদিকে ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে আন্দোলন করছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। সংগঠনটি জামায়াতপন্থি হিসেবে পরিচিত। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন এবং পদাধিকারবলে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসাইন চৌধুরী ব্যাংকটির পর্ষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। জানা গেছে, ক্ষমতাসীন বিএনপি ও প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনার ভিত্তিতে শিগগিরই পূর্ণাঙ্গ পর্ষদ গঠন করা হতে পারে। এ বিষয়ে বক্তব্য জানতে মোহাম্মদ জহির হোসেন ও আলতাফ হোসাইন চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি। তবে একজন কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা পর্ষদ সদস্যও পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের বিষয়ে মতামত দিয়েছেন এবং এ নিয়ে কাজ চলছে।
১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংক দেশের প্রথম শরিয়াহভিত্তিক ব্যাংক। দীর্ঘদিন জামায়াতপন্থিদের কর্তৃত্বে চলা ব্যাংকটির পর্ষদ ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। এরপর বিভিন্ন সময়ে আন্দোলনের মুখে তিনজন চেয়ারম্যান বদল হয়েছেন। ব্যবস্থাপনা পরিচালক বদল হয়েছেন দুজন। দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক দিয়েই চলছে প্রতিষ্ঠানটি।
ব্যাংকটির আর্থিক পরিস্থিতি এখন বেশ নাজুক। চলতি বছরের জুন পর্যন্ত ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৯৮ হাজার ৯১৫ কোটি টাকা, যা মোট ঋণের ৫২ দশমিক ১৫ শতাংশ। একই সময়ে প্রভিশন ঘাটতি হয়েছে ৮২ হাজার ৩৩৪ কোটি টাকা। চলতি বছরের প্রথম নয় মাসেই ব্যাংকটি নিট লোকসান করেছে ৩ হাজার ২৮৬ কোটি টাকা।
সব মিলিয়ে ইসলামী ব্যাংকের প্রস্তাব এখন সরকার ও বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের অপেক্ষায়। ৭৫ হাজার কোটি টাকার সহায়তা দেওয়া হলে সরকার ব্যাংকটির প্রায় ৭৯ শতাংশ মালিকানা পাবে, যা ব্যাংকটির মালিকানা কাঠামোয় বড় পরিবর্তন আনবে। তবে এত বড় অঙ্কের অর্থ জোগানো, জরিমানা মওকুফের আইনি এখতিয়ার এবং পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের রাজনৈতিক সমঝোতা—এসব প্রশ্নের উত্তরের ওপরই নির্ভর করছে ব্যাংকটির ভবিষ্যৎ।

