রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকে আমানত দ্রুত বাড়লেও সে তুলনায় ঋণ বিতরণ বাড়ছে না। এক বছরে সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, বেসিক ও বিডিবিএল ব্যাংকের আমানত বেড়েছে প্রায় ৫২ হাজার কোটি টাকা, আর ঋণ বেড়েছে মাত্র সাড়ে ৫ হাজার কোটি টাকা। ফলে ব্যাংকগুলোর আমানত-ঋণ অনুপাত (এডিআর) উল্লেখযোগ্যভাবে কমেছে। এই সময়ে আমানত বেড়েছে ১১.৬ শতাংশ, অথচ ঋণ বেড়েছে মাত্র ১.৬ শতাংশ।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের সভাপতিত্বে ১৮ নভেম্বর সচিবালয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা বৈঠকে ২০২৬ সালের জুন পর্যন্ত ব্যাংকগুলোর আর্থিক পরিস্থিতি তুলে ধরা হয়। বৈঠকে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের সদস্য ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঋণ বিতরণে ব্যাংকগুলোর ভূমিকা নিয়ে বৈঠকে অসন্তোষ প্রকাশ করা হয়। কম সুদের আমানত সংগ্রহ, ঋণের মান উন্নয়ন এবং নির্ধারিত সময়ের মধ্যে খেলাপি ঋণ আদায়ের পরিকল্পনা নিতে ব্যাংকগুলোকে পরামর্শ দেওয়া হয়।
বৈঠকে জানানো হয়, ২০২৫ সালের জুনে ছয় ব্যাংকের মোট আমানত ছিল ৪ লাখ ৮৬ হাজার ৩৪৩ কোটি টাকা, যা ২০২৬ সালের জুনে বেড়ে ৫ লাখ ৩৮ হাজার ১০৭ কোটি টাকায় দাঁড়িয়েছে। এ সময়ে শুধু রূপালী ব্যাংকের আমানত সামান্য কমেছে। সোনালীর আমানত ১ লাখ ৬৯ হাজার ৩৮৮ কোটি থেকে বেড়ে ১ লাখ ৯৭ হাজার ৩৪৯ কোটি টাকা হয়েছে। জনতার আমানত বেড়ে হয়েছে ১ লাখ ৩০ হাজার ৮৫৭ কোটি এবং অগ্রণীর ১ লাখ ১৬ হাজার ৯৭২ কোটি টাকা।
ঋণের ক্ষেত্রে সোনালী ব্যাংকের ঋণ ৮৯ হাজার ৭৮৩ কোটি থেকে কমে ৮৬ হাজার ৪৩২ কোটি টাকায় নেমেছে। বেসিক ব্যাংকের ঋণও কিছুটা কমে ১২ হাজার ২৮৪ কোটি টাকা হয়েছে। অন্যদিকে জনতা ব্যাংকের ঋণ বেড়ে ১ লাখ ৮৭৬ কোটি টাকা, রূপালীর ৪৭ হাজার ৯০৬ কোটি এবং বিডিবিএলের ২ হাজার ২০২ কোটি টাকা হয়েছে। অগ্রণীর ঋণ প্রায় অপরিবর্তিত থেকে ৭৩ হাজার ৬৭ কোটি টাকায় দাঁড়িয়েছে।
বৈঠকে আরও জানানো হয়, গত সেপ্টেম্বর পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে নেমেছে, যা দেশের ইতিহাসে সর্বনিম্ন। টানা সাত মাস ধরে এই প্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে আছে। ব্যাংকাররা বলছেন, ঋণের চাহিদা কম থাকায় চাইলেও ঋণ দেওয়া যাচ্ছে না। আবার যাচাই ছাড়া আগের সরকারের সময়ের মতো ঢালাও ঋণ দিতেও তারা আগ্রহী নন।
ছয় ব্যাংকের মধ্যে চারটিই এখন বড় অঙ্কের মূলধনঘাটতিতে রয়েছে। সম্মিলিত মূলধনঘাটতি ১ লাখ ১৭ হাজার ৫৫৬ কোটি টাকা, যার মধ্যে একা জনতা ব্যাংকেরই ৬৬ হাজার ৮১১ কোটি টাকা। তবে সোনালী ব্যাংকের ১ হাজার ১২৭ কোটি এবং বিডিবিএলের ৪১৮ কোটি টাকা মূলধন উদ্বৃত্ত আছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বলেছে, শুধু মূলধন জোগান দিলেই সমস্যার সমাধান হবে না। অতীতে ঋণ বিতরণের দুর্বলতা ও অনিয়মের কারণে খেলাপি ঋণ বেড়েছে, সেগুলো দূর না হলে নতুন মূলধন দিয়েও তেমন লাভ হবে না।
গত ৩০ জুন পর্যন্ত ছয় ব্যাংকের মোট খেলাপি ঋণ ছিল ১ লাখ ৫২ হাজার ৫০৯ কোটি টাকা, যা মোট ঋণের ৪৭.২৫ শতাংশ। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা জনতা ব্যাংকের, যেখানে খেলাপির হার ৬৯.৯৭ শতাংশ। মোট খেলাপি ঋণের ৫৯.৮ শতাংশ আটকে আছে প্রতিটি ব্যাংকের শীর্ষ ২০ খেলাপির কাছে। ১২০ জন খেলাপির কাছে আটকে থাকা ঋণের পরিমাণ ৯১ হাজার ১৬৫ কোটি টাকা। জনতা ব্যাংকের খেলাপি ঋণের ৭৭.৪৭ শতাংশই শীর্ষ ২০ খেলাপির কাছে।
ঋণ আদায়ের চিত্রও হতাশাজনক। ২০২৬ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে খেলাপি ঋণ থেকে নগদ আদায় হয়েছে ২ হাজার ১৫৬ কোটি ৮০ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার মাত্র ১৭ শতাংশ। একই সময়ে অবলোপন করা ঋণ থেকে আদায় হয়েছে ১৭১ কোটি ১৫ লাখ টাকা।
সোনালী ব্যাংকের এমডি শওকত আলী খান বলেন, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ব্যাংকটি ২৮ হাজার কোটি টাকার নতুন ঋণ দিয়েছে এবং ডিসেম্বর শেষে মোট ঋণ আগের চেয়ে বাড়বে বলে তিনি আশা করেন। বেসিক ব্যাংকের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী বলেন, ঋণের চাহিদা কম, আর স্থিতিপত্র স্বচ্ছ রাখতে ব্যাংকগুলো এখন ঋণ অবলোপন করছে, যার ফলে পরে জামানত বিক্রি থেকে আদায় বাড়বে। সরকার ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পদক্ষেপে নিকট ভবিষ্যতে ঋণের চাহিদা ও বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি বাড়বে।

