সংকটে থাকা রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক পিএলসির নেতৃত্বে এলেন অভিজ্ঞ ব্যাংকার মো. মাহবুব আলম। ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন তিনি। আজ বুধবার থেকে তিন বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন। ব্যাংকের প্রধান কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ২৬ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তাঁকে এ পদে নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন দেওয়া হয়। জনতা ব্যাংকে যোগ দেওয়ার আগে মাহবুব আলম সাউথইস্ট ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। ব্যাংকটির আর্থিক প্রবৃদ্ধি ও সুশাসন প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
তিন দশকের বেশি আগে শুরু হয় তাঁর কর্মজীবন। ১৯৯৫ সালে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে (বিআইডিএস) যোগ দেন। পরের বছর উত্তরা ব্যাংকে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে ব্যাংকিং পেশায় যাত্রা শুরু করেন। পরবর্তী সময়ে যমুনা ও মার্কেন্টাইল ব্যাংকের বিভিন্ন শাখার প্রধান হিসেবে কাজ করেন। করপোরেট ব্যাংকিংয়ের বিভিন্ন বিভাগেও অভিজ্ঞতা অর্জন করেন তিনি। এনসিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বও পালন করেছেন।
নতুন দায়িত্বে তাঁর সামনে অন্যতম বড় পরীক্ষা হবে ব্যাংকটির আর্থিক অবস্থার উন্নতি। চলতি মাসে সংসদে এক সদস্যের উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুনে জনতা ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছিল ৭৫ হাজার ৩৯৭ কোটি টাকা। এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন উঠলে অর্থমন্ত্রী যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়ার কথা জানান।
বিপুল খেলাপি ঋণ একটি ব্যাংকের আয়, নগদ অর্থপ্রবাহ ও নতুন বিনিয়োগের সক্ষমতার ওপর চাপ তৈরি করে। তাই ঋণ আদায় জোরদার, ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং ঋণ অনুমোদনে কঠোর যাচাই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। গ্রাহকের আস্থা বাড়াতে সুশাসন, স্বচ্ছতা ও সেবার মানেও দৃশ্যমান উন্নতি প্রয়োজন। ব্যাংকিং খাতে দীর্ঘ অভিজ্ঞতা এ ক্ষেত্রে নতুন এমডির জন্য সহায়ক হতে পারে।
শিক্ষাজীবনে মাহবুব আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের হিসাববিজ্ঞান বিভাগ থেকে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে একই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে অর্থায়ন বিষয়ে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) সম্পন্ন করেন। ১৯৭৩ সালে নরসিংদীর মনোহরদী উপজেলার দীঘাকান্দি গ্রামে তাঁর জন্ম। বাবা মুসলেহ উদ্দিন আহমেদ ও মা হাসনা বানু।
ব্যাংকের গ্রাহক, শুভানুধ্যায়ী এবং কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যাশা, মাহবুব আলমের নেতৃত্বে জনতা ব্যাংক বর্তমান সংকট কাটিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাবে।

