বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আবারও বাড়িয়েছেন আদালত। এবার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। প্রায় ১০ বছর ধরে চলা এই মামলার তদন্ত প্রতিবেদন এ নিয়ে ১০০তমবারের মতো পিছিয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। তবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেন। এর আগে গত ১৯ অক্টোবরও প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত ২৫ নভেম্বর দিন ধার্য করেছিলেন।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে সুইফট ব্যবস্থায় জালিয়াতির মাধ্যমে অর্থ সরিয়ে নেওয়া হয়। মোট ১০ কোটি ১০ লাখ ডলারের জাল লেনদেনের নির্দেশ পাঠানো হয়েছিল। এর মধ্যে ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনের চারটি ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়। শ্রীলঙ্কায় পাঠানোর চেষ্টা করা আরও ২ কোটি ডলারের লেনদেন নামের বানান ভুল থাকায় আটকে যায়।
এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের তৎকালীন উপপরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। অর্থ পাচার প্রতিরোধ আইনসহ সংশ্লিষ্ট আইনে করা মামলাটির তদন্তভার পরদিন সিআইডিকে দেওয়া হয়। এরপর থেকে সংস্থাটি তদন্ত করছে।

