ধরুন, ঢাকার একজন পোশাক রপ্তানিকারক ইউরোপের একটি ট্রেড ফেয়ারে অংশ নিয়ে নতুন বায়ার খুঁজতে চান। স্টল ভাড়া দেওয়া হয়েছে, ফ্লাইট ও হোটেলও বুক করা। এখন শুধু ভিসার অপেক্ষা। কিন্তু ভিসা না মিললে পুরো আয়োজনই ভেস্তে যেতে পারে। হাতছাড়া হতে পারে নতুন ব্যবসার সুযোগ, অথচ এই ক্ষতির হিসাব কোনো আর্থিক বিবরণীতে দেখা যায় না। হেনলি পাসপোর্ট ইনডেক্সের জুলাই ২০২৬ সংস্করণে বাংলাদেশের অবস্থান ৯৭তম, উত্তর কোরিয়ার সঙ্গে একই অবস্থানে। বাংলাদেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া যাওয়া যায় মাত্র ৩৫টি গন্তব্যে। অথচ বিশ্বে একটি পাসপোর্ট দিয়ে গড়ে ১০৮টি গন্তব্যে এই সুবিধা পাওয়া যায়। অর্থাৎ বৈশ্বিক গড়ের তুলনায় বাংলাদেশের নাগরিকদের চলাচলের সুযোগ প্রায় এক-তৃতীয়াংশ। তাই দুর্বল পাসপোর্টের সমস্যা শুধু ভ্রমণপিপাসু মানুষের নয়। এর প্রভাব পড়ে দেশের ব্যবসা, বিনিয়োগ, রপ্তানি এমনকি কর্মসংস্থানেও।
ভিসা কি শুধু ভ্রমণের অনুমতি, নাকি ব্যবসারও দরজা?
বিষয়টি বুঝতে অর্থনীতির একটি পুরোনো তত্ত্ব কাজে আসতে পারে। ডাচ অর্থনীতিবিদ ইয়ান টিনবারগেন ১৯৬২ সালে বাণিজ্যের গ্র্যাভিটি মডেল তুলে ধরেন। এর মূল ধারণা হলো, দুটি দেশের মধ্যে দূরত্ব যত বাড়ে, সাধারণত তাদের মধ্যে বাণিজ্য তত কমে। ভিসাকে এক ধরনের অদৃশ্য দূরত্ব হিসেবে দেখা যেতে পারে। ঢাকা থেকে ফ্রাঙ্কফুর্টের ভৌগোলিক দূরত্ব সবার জন্য সমান। কিন্তু ব্যবসার প্রয়োজনে সেখানে যেতে বাংলাদেশের একজন উদ্যোক্তাকে যে ভিসা-সংক্রান্ত বাধা পেরোতে হয়, তা সব দেশের নাগরিকের জন্য সমান নয়।
|
শুধু দাম নয়, পণ্যের নকশা, কাপড়ের মান, সরবরাহের সময় এবং কমপ্লায়েন্সের মতো বিষয়েও বায়ারের আস্থা প্রয়োজন। এসব ক্ষেত্রে সরাসরি দেখা করে কথা বলার গুরুত্ব অনেক। |
এখানে অর্থনীতিবিদ মেলিটজ ও চেনির গবেষণার আরেকটি ধারণা প্রাসঙ্গিক। নতুন কোনো বাজারে প্রবেশ করতে হলে একটি প্রতিষ্ঠানকে পণ্য বিক্রি শুরুর আগেই কিছু নির্দিষ্ট খরচ করতে হয়। যেমন নতুন বায়ারের সঙ্গে দেখা করা, পণ্যের মান বোঝানো এবং ব্যবসায়িক আস্থা তৈরি করা। অর্থনীতিবিদ অ্যাঙ্কা ক্রিস্টিয়ার ২০১১ সালের গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ব্যবসায়িক প্রয়োজনে বিমানে যাতায়াতের চাহিদার সঙ্গে বিশেষ ধরনের পণ্যের রপ্তানির সরাসরি সম্পর্ক রয়েছে। পোশাকের মতো পণ্যের ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। কারণ এখানে শুধু দাম নয়, পণ্যের নকশা, কাপড়ের মান, সরবরাহের সময় এবং কমপ্লায়েন্সের মতো বিষয়েও বায়ারের আস্থা প্রয়োজন। এসব ক্ষেত্রে সরাসরি দেখা করে কথা বলার গুরুত্ব অনেক।
ফ্রান্সের গবেষণা প্রতিষ্ঠান সিইপিআইআইয়ের একটি কার্যপত্রেও ভিসা ব্যবস্থার অসমতার বিষয়টি উঠে এসেছে। ধনী দেশের নাগরিকদের জন্য আন্তর্জাতিক ভ্রমণে ভিসা অনেক সময় বড় বাধা নয়। কিন্তু দরিদ্র দেশের ব্যবসায়ীদের ক্ষেত্রে এটিই গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। গবেষণায় দেখা গেছে, মাথাপিছু আয় যত কম, ভিসা ছাড়াই যাওয়া যায় এমন গন্তব্যের সংখ্যাও সাধারণত তত কম।
গবেষণায় বাণিজ্য ও বিনিয়োগের ক্ষতির কতটা প্রমাণ পাওয়া গেছে?
ভিসার কারণে অর্থনীতির কতটা ক্ষতি হয়, তা নিয়ে গবেষকদের মধ্যে কিছু মতপার্থক্য রয়েছে। তবে বিষয়টি যে বাণিজ্য ও বিনিয়োগে প্রভাব ফেলে, সে বিষয়ে বেশ কিছু গবেষণায় প্রমাণ পাওয়া গেছে।
অর্থনীতিবিদ এরিক নয়মায়ার ২০১১ সালে বিভিন্ন দেশের তথ্য বিশ্লেষণ করে দেখিয়েছেন, একতরফা ভিসা বিধিনিষেধের কারণে দুই দেশের মধ্যে বাণিজ্য সর্বোচ্চ প্রায় ১৯ শতাংশ এবং সরাসরি বিদেশি বিনিয়োগ সর্বোচ্চ প্রায় ২৫ শতাংশ পর্যন্ত কমতে পারে। দুই দেশই পরস্পরের নাগরিকদের জন্য ভিসা বাধ্যতামূলক করলে বাণিজ্যের ক্ষতি আরও বাড়ে। তবে ২০১৭ সালে মাথিয়াস চাইকার সঙ্গে করা তাঁর পরবর্তী গবেষণায় সময়ের সঙ্গে পরিবর্তিত তথ্য ব্যবহার করে বাণিজ্য ও বিনিয়োগে প্রভাব পাওয়া গেলেও আগের তুলনায় তা কিছুটা কম ছিল। পর্যটনের ক্ষেত্রে প্রভাব ছিল প্রায় এক-পঞ্চমাংশ।
|
শেনজেন অঞ্চল ইকুয়েডর ও বলিভিয়ার নাগরিকদের জন্য ভিসা বাধ্যতামূলক করার পর ওই দেশগুলোর সঙ্গে ইউরোপের বাণিজ্য কমেছে বলে দেখিয়েছেন গবেষক ক্যামিলো উমানা দাজুদ। |
এ বিষয়ে আরও শক্তিশালী প্রমাণ পাওয়া গেছে ইউরোপের একটি বাস্তব ঘটনার বিশ্লেষণে। শেনজেন অঞ্চল ইকুয়েডর ও বলিভিয়ার নাগরিকদের জন্য ভিসা বাধ্যতামূলক করার পর ওই দেশগুলোর সঙ্গে ইউরোপের বাণিজ্য কমেছে বলে দেখিয়েছেন গবেষক ক্যামিলো উমানা দাজুদ। তাঁর বিশ্লেষণে দেখা যায়, ডিজাইননির্ভর পণ্যের বাণিজ্যে এই প্রভাব বেশি ছিল। নতুন পণ্য রপ্তানির ক্ষেত্রেও বাণিজ্য কমার ইঙ্গিত পাওয়া গেছে।
বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও একই ধরনের বাধা কাজ করে। একজন বিদেশি বিনিয়োগকারী সাধারণত কারখানা দেখতে চান, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি কথা বলতে চান এবং স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চান। আবার দেশীয় উদ্যোক্তাদেরও বিদেশে গিয়ে নিজেদের ব্যবসায়িক পরিকল্পনা তুলে ধরতে হয়। ভিসা পেতে বেশি সময় ও খরচ লাগলে এই পুরো প্রক্রিয়াই কঠিন হয়ে পড়ে। ফলে শুধু একটি ভ্রমণ নয়, হাতছাড়া হতে পারে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্কও।
প্রতি দুই আবেদনকারীর একজনের বেশি ভিসা পাচ্ছেন না
বাংলাদেশের ক্ষেত্রে পরিস্থিতি আরও কঠিন। ইউরোপীয় কমিশনের ২০২৫ সালের শেনজেন ভিসা পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে অবস্থিত কনস্যুলেটগুলোতে জমা পড়া প্রায় ৩৯ হাজার আবেদনের মধ্যে ২১ হাজারের কাছাকাছি প্রত্যাখ্যাত হয়েছে। প্রত্যাখ্যানের হার ৫৪.৫ শতাংশ, যা বিশ্বগড়ের প্রায় পৌনে চার গুণ। বিশ্বজুড়ে যেখানে গড়ে প্রতি সাতজন আবেদনকারীর একজনের মতো ভিসা পান না, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রতি দুইজনের একজনেরও বেশি প্রত্যাখ্যাত হচ্ছেন।
শুধু আবেদন প্রত্যাখ্যানের কারণে অর্থনৈতিক খরচও কম নয়। শেনজেন ভিসার আবেদন ফি ৯০ ইউরো, যা আবেদন প্রত্যাখ্যাত হলেও ফেরত পাওয়া যায় না। সাধারণত সিদ্ধান্ত আসতে ১৫ দিন লাগে। তবে জটিল ক্ষেত্রে এই সময় ৪৫ দিন পর্যন্ত হতে পারে।
|
প্রতি সাতজন আবেদনকারীর একজনের মতো ভিসা পান না, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রতি দুইজনের একজনেরও বেশি প্রত্যাখ্যাত হচ্ছেন। |
এবার একটি সহজ হিসাব করা যাক। এটি আমার নিজস্ব আনুমানিক হিসাব, কোনো সরকারি পরিসংখ্যান নয়। যদি প্রতিবার আবেদনে ভিসা পাওয়ার সম্ভাবনা ৪৫.৫ শতাংশ ধরা হয়, তাহলে একটি ভিসা পেতে গড়ে দুইবারের কিছু বেশি আবেদন করতে হতে পারে। সে হিসাবে শুধু সরকারি ফি বাবদ একজন আবেদনকারীর খরচ দাঁড়াতে পারে প্রায় ২০০ ইউরো। এর সঙ্গে সার্ভিস চার্জ ও অন্যান্য প্রস্তুতির খরচ যোগ করলে অঙ্কটি আরও বাড়বে। অবশ্য আবেদনকারীর কাগজপত্র ও প্রস্তুতি ভালো হলে এই খরচ কম হতে পারে। তাই এটিকে নির্দিষ্ট হিসাবের বদলে পরিস্থিতি বোঝার একটি ধারণা হিসেবে দেখা উচিত।
তবে টাকার বাইরেও বড় ক্ষতি হচ্ছে সময়ের। আন্তর্জাতিক ট্রেড ফেয়ারের তারিখ বা ব্যবসায়িক বৈঠকের সময় কারও জন্য অপেক্ষা করে না। ভিসার জন্য ব্যাংক স্টেটমেন্ট, করসংক্রান্ত নথি এবং নিয়োগদাতার চিঠিসহ নানা কাগজপত্র প্রস্তুত করতে হয়। এসব করতে গিয়ে কয়েক সপ্তাহ চলে যেতে পারে। দ্য ডেইলি স্টারের একটি মতামতধর্মী লেখায় ভ্রমণ পরামর্শক নাজমুস সাদাতও বিষয়টি তুলে ধরেছেন। তাঁর বক্তব্যের মূল কথা, অনেক সময় কনস্যুলেটে আবেদন পৌঁছানোর আগেই আবেদনকারীর সফরের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হয়।
যেখানে বাজার বাড়ানো সবচেয়ে জরুরি, সেখানেই বাধা
বাংলাদেশের রপ্তানি খাতের দিকে তাকালে ভিসা জটিলতার গুরুত্ব আরও স্পষ্ট হয়। ২০২৫-২৬ অর্থবছরে দেশের মোট রপ্তানি ছিল প্রায় ৪৮ বিলিয়ন ডলার। আগের বছরের তুলনায় তা সামান্য কম এবং সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও অনেকটা পিছিয়ে। এর মধ্যে তৈরি পোশাক খাত একাই মোট রপ্তানির পাঁচ ভাগের চার ভাগের বেশি জোগান দিয়েছে।
বাংলাদেশের পোশাক রপ্তানির প্রায় অর্ধেক যায় ইউরোপীয় ইউনিয়নে এবং এক-পঞ্চমাংশ যুক্তরাষ্ট্রে। অর্থাৎ প্রতি ১০ ডলারের প্রায় ৭ ডলারের রপ্তানি নির্ভর করছে মাত্র দুটি বাজারের ওপর। অন্যদিকে জাপান, অস্ট্রেলিয়া, রাশিয়া, তুরস্ক ও উপসাগরীয় দেশগুলোর মতো বিকল্প বাজারে রপ্তানি কমেছে প্রায় ৪.২৫ শতাংশ।
এখানেই বাংলাদেশের সামনে বড় একটি চ্যালেঞ্জ তৈরি হয়েছে। রপ্তানি বহুমুখী করার জন্য নতুন বাজার খুঁজতে হবে। কিন্তু নতুন বাজারে প্রবেশ করতে হলে নতুন বায়ার খুঁজতে হবে, তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে এবং ব্যবসায়িক আস্থা তৈরি করতে হবে। আর ঠিক এই জায়গাতেই ভিসা জটিলতা বাধা হয়ে দাঁড়াতে পারে। পুরোনো বায়ারের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ধরে রাখা এক বিষয়, আর নতুন বাজারে অপরিচিত ক্রেতার আস্থা অর্জন সম্পূর্ণ আলাদা বিষয়। উমানা দাজুদের গবেষণার ইঙ্গিতও এমন যে ভিসা বাধা শুধু রপ্তানির পরিমাণ কমায় না, নতুন পণ্য ও বাজারে প্রবেশের সুযোগও সীমিত করতে পারে।
|
নতুন বাজারে প্রবেশ করতে হলে নতুন বায়ার খুঁজতে হবে, তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে এবং ব্যবসায়িক আস্থা তৈরি করতে হবে। আর ঠিক এই জায়গাতেই ভিসা জটিলতা বাধা হয়ে দাড়ায়। |
এখন সময়ের বিবেচনাও গুরুত্বপূর্ণ। ২৯ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদ বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের সময় তিন বছর পিছিয়ে ২০২৯ সালের ২৪ নভেম্বর নির্ধারণ করেছে। আগের সূচি অনুযায়ী চলতি বছরের ২৪ নভেম্বরই উত্তরণের কথা ছিল। বাংলাদেশের মোট রপ্তানির প্রায় তিন-চতুর্থাংশ বর্তমানে স্বল্পোন্নত দেশ হিসেবে পাওয়া শুল্কমুক্ত সুবিধার আওতায় রয়েছে। ফলে বাড়তি সময়টি রপ্তানি খাতের প্রস্তুতি নেওয়ার একটি সুযোগ তৈরি করেছে।
তবে এই সুযোগ কাজে লাগানো সহজ হবে না। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও ভিয়েতনামের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য প্রতিযোগিতার চাপ বাড়াতে পারে। এদিকে সরকার ২০২৬ ও ২০২৭ সালে আট থেকে দশটি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য বা অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি করার পরিকল্পনা করছে। এসব চুক্তি শুধু কাগজে স্বাক্ষর করলেই হবে না। এর পেছনে প্রয়োজন ব্যবসায়িক আলোচনা, দর-কষাকষি এবং সংশ্লিষ্ট দেশের উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ। তাই আমার মতে, এসব আলোচনায় ব্যবসায়িক ভিসা সহজ করার বিষয়টিকেও শুল্ক সুবিধার মতো গুরুত্ব দেওয়া উচিত। উমানা দাজুদও নীতিনির্ধারকদের বাণিজ্য চুক্তির মধ্যে ভিসা সহজীকরণের বিষয়টি অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন।
প্রতিযোগীদের তুলনায় বাংলাদেশ কতটা পিছিয়ে?
প্রতিযোগী দেশগুলোর সঙ্গে তুলনা করলে বাংলাদেশের অবস্থান আরও পরিষ্কার হয়। হেনলি পাসপোর্ট ইনডেক্সের জুলাই সংস্করণ অনুযায়ী, ভারতের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া ৫৫টি গন্তব্যে যাওয়া যায়। বাংলাদেশের ক্ষেত্রে এই সংখ্যা ৩৫। অর্থাৎ ভারতীয় পাসপোর্টধারীরা প্রায় দেড় গুণ বেশি গন্তব্যে ভিসা ছাড়াই যেতে পারেন। পাকিস্তান বাংলাদেশের চেয়ে পিছিয়ে, তাদের ক্ষেত্রে এই সংখ্যা ৩০টির কাছাকাছি।
তবে এখানে একটি বিষয় মনে রাখা দরকার। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মতো বড় বাজারে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের নাগরিকদেরই ভিসা প্রয়োজন হয়। তাই এসব বাজারে আসল প্রতিযোগিতা শুধু পাসপোর্টের র্যাংকিংয়ে নয়, বরং ভিসা পাওয়ার সম্ভাবনা ও কত দ্রুত ভিসা পাওয়া যাচ্ছে, তার ওপরও নির্ভর করে। এ ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যাখ্যানের হার ৫৪.৫ শতাংশ, আর পাকিস্তানের প্রায় ৪৬ শতাংশ। দুই দেশের হারই বেশি, তবে বাংলাদেশের পরিস্থিতি তুলনামূলক কঠিন।
|
যেসব দেশের সঙ্গে অন্য রাষ্ট্রগুলো বাণিজ্য, বিনিয়োগ ও সহযোগিতার সম্পর্ক গড়তে আগ্রহী, সাধারণত সেসব দেশের পাসপোর্টও বেশি শক্তিশালী হয়। |
হেনলি অ্যান্ড পার্টনার্সের চেয়ারম্যান ক্রিশ্চিয়ান কাইলিনের মতে, যেসব দেশের সঙ্গে অন্য রাষ্ট্রগুলো বাণিজ্য, বিনিয়োগ ও সহযোগিতার সম্পর্ক গড়তে আগ্রহী, সাধারণত সেসব দেশের পাসপোর্টও বেশি শক্তিশালী হয়। অর্থাৎ পাসপোর্টের শক্তি অনেকাংশে আন্তর্জাতিক সম্পর্কের প্রতিফলন। এখান থেকে আমার পর্যবেক্ষণ হলো, শুধু র্যাংকিং বাড়ানোর জন্য কোনো শর্টকাট নেই। অন্য দেশের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কের উন্নতি ঘটলে তার ইতিবাচক প্রভাব ধীরে ধীরে পাসপোর্টের অবস্থানেও পড়তে পারে।
ভিসার বাধা কমলে লাভ হতে পারে চাকরি ও রেমিট্যান্সেও
এই সমস্যার প্রভাব শেষ পর্যন্ত কর্মসংস্থানেও পড়তে পারে। বাংলাদেশের পোশাক খাতে ৪০ লাখের বেশি শ্রমিক কাজ করেন, যাঁদের বড় অংশ নারী। নতুন বাজারে প্রবেশের সুযোগ কমে গেলে পোশাক কারখানাগুলোকে সীমিত কয়েকটি বাজারের ওপর বেশি নির্ভর করতে হয়। এতে ওই বাজারগুলোতে চাহিদা কমলে বা অর্ডার বাতিল হলে কারখানার উৎপাদন ও কর্মসংস্থানও চাপে পড়ে। অন্যদিকে নতুন বাজার তৈরি হলে রপ্তানির অর্ডার বাড়ার পাশাপাশি নতুন কাজের সুযোগও তৈরি হতে পারে।
এর সঙ্গে রয়েছে প্রবাসী শ্রমবাজারের বিষয়টি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের বিশ্লেষণ অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশের রেমিট্যান্স রেকর্ড ৩২.৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বিদেশে কাজের সুযোগ, কর্মী নিয়োগের চুক্তি এবং বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কের ওপর এই প্রবাহ অনেকটাই নির্ভর করে। হেনলি যে বিষয়টি তুলে ধরেছে, পাসপোর্টের শক্তির সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের যোগসূত্র এখানেও গুরুত্বপূর্ণ।
তাহলে বাংলাদেশের করণীয় কী? এখানে অর্থনীতিবিদ রোনাল্ড কোয়াজের লেনদেন খরচের তত্ত্ব কাজে লাগতে পারে। এর মূল কথা হলো, ব্যবসা করতে গিয়ে অপ্রয়োজনীয় খরচ ও বাধা যত বাড়ে, বাজারের কার্যকারিতা তত কমে। ভিসাও এক ধরনের লেনদেন খরচ। তাই লক্ষ্য হওয়া উচিত, প্রকৃত ও যাচাইকৃত ব্যবসায়ীদের জন্য এই খরচ কমিয়ে আনা। এর অর্থ অবশ্য সবার জন্য ভিসার দরজা খুলে দেওয়া নয়। কারণ ভিসা নীতির সঙ্গে অভিবাসন, নিরাপত্তা ও শ্রমবাজারের বিষয়ও জড়িত।
এ ক্ষেত্রে একটি সুযোগ তৈরি হতে পারে ইউরোপীয় কমিশনের শেনজেন ভিসা কোড পর্যালোচনার মাধ্যমে। ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে এ পর্যালোচনা শুরু হয়েছে। আলোচনায় থাকা একটি প্রস্তাবে যাচাইকৃত কোম্পানির তালিকা তৈরি করে তাদের কর্মীদের জন্য অগ্রাধিকারভিত্তিক অ্যাপয়েন্টমেন্ট, দ্রুত ভিসা প্রক্রিয়া এবং তুলনামূলক কম কাগজপত্রের সুযোগ দেওয়ার কথা রয়েছে। তবে এটি এখনো প্রস্তাবের পর্যায়ে। চূড়ান্ত আইনি প্রস্তাব ২০২৭ সালের শুরুর দিকে আসার কথা।
|
ব্যবসা করতে গিয়ে অপ্রয়োজনীয় খরচ ও বাধা যত বাড়ে, বাজারের কার্যকারিতা তত কমে; ভিসাও এক ধরনের লেনদেন খরচ। তাই লক্ষ্য হওয়া উচিত, প্রকৃত ও যাচাইকৃত ব্যবসায়ীদের জন্য এই খরচ কমিয়ে আনা। |
এই আলোচনায় বিজিএমইএ, এফবিসিসিআই ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর মতো সংস্থাগুলো একসঙ্গে বাংলাদেশের ব্যবসায়ীদের স্বার্থ তুলে ধরতে পারে। পাশাপাশি দেশের ভেতরেও ভিসা আবেদনসংক্রান্ত নথি যাচাইয়ের ব্যবস্থা আরও নির্ভরযোগ্য করা প্রয়োজন। ব্যাংক, নিয়োগদাতা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের নথি যাচাইয়ের জন্য মানসম্মত ব্যবস্থা তৈরি করা যেতে পারে। একই সঙ্গে ‘ভিসা গ্যারান্টি’ দেওয়ার নামে প্রতারণা করা মধ্যস্বত্বভোগীদের জবাবদিহির আওতায় আনতে হবে। দ্য ডেইলি স্টারের ওই মতামতধর্মী লেখাতেও এ ধরনের উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতের মুক্ত বাণিজ্য চুক্তিগুলোতে ব্যবসায়িক ভিসা সহজ করার বিষয়টি যুক্ত করা যেতে পারে।
শেষ কথা হলো, পাসপোর্টের র্যাংক এক দিনে বদলানো সম্ভব নয়। এটি দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক, আন্তর্জাতিক আস্থা ও অর্থনৈতিক অবস্থানের প্রতিফলন। তবে দেশের ব্যবসায়ীদের কাগজপত্রের বিশ্বাসযোগ্যতা, ভিসা আবেদন প্রক্রিয়া এবং আন্তর্জাতিক যোগাযোগের সক্ষমতা এক বছরের মধ্যেও উন্নত করা সম্ভব। ব্যবসায়িক সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হলো আস্থা। সেই আস্থা তৈরি করার জন্য ব্যবসায়ীদের সামনে একটি কার্যকর পথ থাকা জরুরি। সব দায় অন্য দেশের ওপর চাপিয়ে দিলে সমাধান আসবে না। আবার সব সমস্যার দায় বাংলাদেশেরও নয়, কারণ ভিসা দেওয়ার ক্ষেত্রে অন্য দেশগুলোর নিজস্ব রাজনৈতিক, নিরাপত্তা ও শ্রমবাজারসংক্রান্ত বিবেচনা থাকে। তবে আমাদের হাতে যে বিষয়গুলো রয়েছে, সেগুলো ঠিক করার উদ্যোগ এখনই নেওয়া প্রয়োজন।

