সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক (এসবিএসি)-এর চেয়ারম্যান এস এম আমজাদ হোসেনকে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তিনি জনতা ব্যাংকে ৭৫ কোটি ২২ লাখ টাকা ঋণ খেলাপি। একই সঙ্গে তার স্ত্রী সুফিয়া আমজাদকেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
গতকাল বুধবার (১৯ নভেম্বর) ঢাকা অর্থ ঋণ আদালত-৫ এর বিচারক মুজাহিদুল রহমান এই নিষেধাজ্ঞা দেন। আমজাদ হোসেন খুলনার লকপুর গ্রুপের সাবেক চেয়ারম্যান। এর আগে আমজাদ হোসেন, তার স্ত্রী ও কন্যার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। ঋণ জালিয়াতি, রাজনৈতিক কর্মকাণ্ডে অর্থায়ন ও অন্যান্য অভিযোগের সত্যতা পাওয়ায় দুদক তাদের বিদেশযাত্রায় বাধা দেয়।
দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০২০ সালের ৯ জানুয়ারি পুলিশের বিশেষ শাখার (এসবি) ইমিগ্রেশন বিভাগে চিঠি পাঠিয়ে এই নিষেধাজ্ঞার আবেদন করে। চিঠিতে দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বিষয়টি নিশ্চিত করেন।
নিষেধাজ্ঞার আওতায় অন্যরা হলেন- আমজাদ হোসেনের স্ত্রী বেগম সুফিয়া আমজাদ এবং কন্যা মিস তাজরি। চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে দেশে মানিলন্ডারিং এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। প্রাথমিক অনুসন্ধানে দুদক এই অভিযোগের সত্যতা পেয়েছে। এছাড়া, তাদের বিদেশে যাওয়ার তথ্য থাকায় কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

