আইডিএলসি ফাইন্যান্সের নতুন নেতৃত্বে দায়িত্ব নিয়েছেন দেশের আর্থিক খাতের সুপরিচিত ব্যক্তিত্ব কাজী মাহমুদ সাত্তার। এর আগে তিনি প্রতিষ্ঠানটির নমিনেটেড ডিরেক্টর হিসেবে যুক্ত ছিলেন।
আর্থিক খাতে কাজী মাহমুদ সাত্তারের অভিজ্ঞতা চার দশকেরও বেশি। ১৯৮১ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। কর্মজীবনের বিভিন্ন সময়ে তিনি দেশ ও দেশের বাইরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মুম্বাই ও মেলবোর্নে আন্তর্জাতিক পরিসরে কাজের পাশাপাশি বাংলাদেশে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকের কর্পোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং বিভাগের নেতৃত্ব দেন। তাকে দেশের প্রথম ইনভেস্টমেন্ট ব্যাংকিং কাঠামোর অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয়।
তিনি দেশের দুটি শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক ইস্টার্ন ব্যাংক পিএলসি এবং সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ব্র্যাক ব্যাংক, বিকাশ ও আইপিডিসি ফাইন্যান্সের মতো প্রতিষ্ঠানে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বর্তমানে তিনি আরএসএ অ্যাডভাইজরি ও ব্লু-ওয়েলথ অ্যাসেটসসহ একাধিক প্রতিষ্ঠানের শীর্ষ পদে দায়িত্বে রয়েছেন।
বাংলাদেশের ব্যাংকিং খাতের আধুনিকায়নে কাজী মাহমুদ সাত্তারের অবদান উল্লেখযোগ্য। কর্পোরেট ব্যাংকিং ও ট্রেজারি কার্যক্রমে আন্তর্জাতিক মান অনুসরণ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর অবকাঠামো গড়ে তুলতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।
আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম জামাল উদ্দিন বলেন, কাজী মাহমুদ সাত্তারের মতো অভিজ্ঞ একজনকে চেয়ারম্যান হিসেবে পেয়ে আমরা গর্বিত। তার নেতৃত্বে আইডিএলসি উদ্ভাবন ও প্রবৃদ্ধির নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আমরা আশাবাদী।

