বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ার পণ্য আমদানি সম্প্রতি প্রায় ৬ শতাংশ বেড়েছে। তবে দুই দেশের বাণিজ্যে এখনো ইন্দোনেশিয়ার রপ্তানির পরিমাণ বেশি। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি ওষুধ, জ্বালানি, হালাল খাদ্য ও শিল্পের কাঁচামাল খাতে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্তিওয়াতি।
বুধবার (১১ নভেম্বর) সকালে চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ সভার আয়োজন করে।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বলেন, দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বিশেষ করে হালাল খাদ্য, জ্বালানি, ওষুধ, রাসায়নিক পণ্য এবং শিল্পের কাঁচামাল খাতে নতুন উদ্যোগ নেওয়া যেতে পারে।
বাংলাদেশের ওষুধের মানের প্রশংসা করে তিনি বলেন, ইন্দোনেশিয়ার বাজারে বাংলাদেশি ওষুধের রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে। এ জন্য বাংলাদেশের ব্যবসায়ীদের ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর আহ্বান জানান তিনি।
লিস্তিওয়াতি বলেন, চট্টগ্রাম বাংলাদেশের অন্যতম প্রধান অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র। এখানকার সমুদ্রবন্দর, শিল্পকারখানা ও ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগিয়ে দুই দেশের বাণিজ্য আরও সম্প্রসারণ করা সম্ভব।
এ ক্ষেত্রে চট্টগ্রাম চেম্বারের সঙ্গে ইন্দোনেশিয়ার ব্যবসায়ী সংগঠনগুলোর প্রাতিষ্ঠানিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন রাষ্ট্রদূত। পাশাপাশি দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর বিনিময়, সমুদ্রপথে যোগাযোগ ও পণ্য পরিবহনব্যবস্থার উন্নয়ন এবং সরাসরি বিমান যোগাযোগ চালুর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করা এবং বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে ইন্দোনেশিয়ার দূতাবাস প্রয়োজনীয় সহযোগিতা করবে বলে আশ্বাস দেন লিস্তিওয়াতি।
মতবিনিময় সভায় চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, ইন্দোনেশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। দেশটি থেকে বাংলাদেশ বিপুল পরিমাণ কয়লা, ক্লিংকার, পাম তেল, জ্বালানি এবং বিভিন্ন শিল্পের কাঁচামাল আমদানি করে।
তিনি বলেন, বাংলাদেশের সিমেন্টশিল্পের বিকাশে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ক্লিংকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একইভাবে দেশটির কয়লা বাংলাদেশের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য প্রয়োজনীয় জ্বালানির অন্যতম উৎস।
আমিরুল হক বলেন, আন্তর্জাতিক হালাল পণ্যের বাজারে ইন্দোনেশিয়ার শক্তিশালী অবস্থান রয়েছে। এ খাতে দেশটির অভিজ্ঞতা ও প্রযুক্তি কাজে লাগাতে পারে বাংলাদেশ। একই সঙ্গে ইন্দোনেশিয়ার ব্যবসায়ীদের সঙ্গে যৌথ বিনিয়োগ কিংবা একক বিনিয়োগের সুযোগও রয়েছে।
তাঁর মতে, হালাল খাদ্য প্রক্রিয়াজাতকরণ, শিল্পের কাঁচামাল এবং সম্ভাবনাময় অন্যান্য খাতে যৌথ উদ্যোগ নেওয়া হলে আগামী পাঁচ বছরের মধ্যে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ১ হাজার কোটি মার্কিন ডলারে পৌঁছাতে পারে।
তবে বাংলাদেশের সঙ্গে ইন্দোনেশিয়ার বাণিজ্যে বড় ধরনের ঘাটতি রয়েছে বলে উল্লেখ করেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি।
তিনি বলেন, বাংলাদেশ ইন্দোনেশিয়া থেকে উল্লেখযোগ্য পরিমাণ পণ্য আমদানি করলেও দেশটিতে বাংলাদেশের রপ্তানি তুলনামূলক কম। এই ব্যবধান কমাতে বাংলাদেশ থেকে অন্তত ১০০ কোটি ডলারের পণ্য আমদানির সুযোগ তৈরিতে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সহযোগিতা চান তিনি।
দুই দেশের বাণিজ্যে ব্যাংকিং ব্যবস্থার কিছু জটিলতার কথাও তুলে ধরেন আমিরুল হক।
তিনি বলেন, ইন্দোনেশিয়ার অনেক প্রতিষ্ঠান বাংলাদেশের ব্যাংকগুলোর খোলা ঋণপত্র সরাসরি গ্রহণ করে না। ফলে বাংলাদেশি ব্যবসায়ীদের তৃতীয় দেশের মাধ্যমে ঋণপত্র প্রক্রিয়াকরণ করতে হয়। এতে পণ্য আমদানির খরচ বাড়ার পাশাপাশি লেনদেন সম্পন্ন করতেও বেশি সময় লাগে।
এই সমস্যা সমাধানে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানান তিনি।
একই সঙ্গে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য একাধিকবার প্রবেশের সুবিধাসংবলিত ভিসা সহজ করা এবং ঢাকা ও জাকার্তার মধ্যে সরাসরি বিমান ও সমুদ্রপথে যোগাযোগ স্থাপনের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান চট্টগ্রাম চেম্বারের সভাপতি।
ব্যবসায়ীরা মনে করছেন, যোগাযোগব্যবস্থা উন্নত করা, ব্যাংকিং জটিলতা কমানো এবং দুই দেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সরাসরি সম্পর্ক বাড়ানো গেলে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।
বিশেষ করে বাংলাদেশের ওষুধশিল্প এবং ইন্দোনেশিয়ার হালাল খাদ্য ও শিল্পের কাঁচামাল খাতে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে উভয় দেশের ব্যবসায়ীরা লাভবান হতে পারেন।

