সরকারি ঋণের ক্রমবর্ধমান পরিমাণ, সুদ পরিশোধের বাড়তি চাপ এবং উন্নয়ন ব্যয়ের অর্থসংস্থান, এই তিন চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন কৌশল খুঁজতে আজ রোববার (১৫ নভেম্বর) থেকে শুরু হচ্ছে দেশের প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন। কক্সবাজারে দুই দিনের এই আয়োজনে সরকারি ঋণ ব্যবস্থাপনার সংস্কার, ঋণ পরিশোধের সক্ষমতা বাড়ানো, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বিকল্প অর্থায়নের উৎস তৈরির বিষয়ে আলোচনা হবে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এশীয় উন্নয়ন ব্যাংকের সহযোগিতায় ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’ শীর্ষক এই সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনের প্রতিপাদ্য ‘পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে সরকারি ঋণ ব্যবস্থাপনা’। আজ ও আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে এটি অনুষ্ঠিত হবে। উদ্বোধন করার কথা রয়েছে অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর।
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, প্রায় ৩০টি দেশের শতাধিক প্রতিনিধি সম্মেলনে অংশ নেবেন। এতে থাকবেন বিভিন্ন দেশের অর্থ মন্ত্রণালয়, সরকারি ঋণ ব্যবস্থাপনা সংস্থা, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিরা। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিশেষজ্ঞদের অংশ নেওয়ার কথা আছে। ফলে বিভিন্ন দেশের বাস্তব অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ তৈরি হবে।
সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় সরকারি ঋণ ব্যবস্থাপনার জন্য একটি কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা। এ ক্ষেত্রে ডেট ম্যানেজমেন্ট অফিস বা ডিএমও গঠনের প্রস্তাব বিশেষ গুরুত্ব পেতে পারে। এ ধরনের অফিস হলে সরকারি ঋণের তথ্য সংরক্ষণ, ঋণ গ্রহণের পরিকল্পনা, আসল ও সুদ পরিশোধের সময়সূচি নির্ধারণ এবং ঋণসংক্রান্ত ঝুঁকি মূল্যায়নে একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। এখন এসব দায়িত্ব বিভিন্ন প্রতিষ্ঠানে ছড়িয়ে আছে।
আন্তর্জাতিক বন্ড বাজার থেকে অর্থ সংগ্রহ এবং স্থানীয় মুদ্রায় ইস্যু করা বন্ডে বিদেশি বিনিয়োগ আকর্ষণের কৌশল নিয়েও আলোচনা হবে। এ ছাড়া বিশেষজ্ঞদের আলোচনায় বিকল্প অর্থায়নের উৎস তৈরি, ঋণের ব্যয় কমানো এবং বৈদেশিক অর্থায়নের ওপর নির্ভরতা সামলানোর বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।
সরকারি ঋণ বাড়ার পাশাপাশি সুদ পরিশোধেই বাজেটের বড় অংশ চলে যাচ্ছে। এতে উন্নয়ন কর্মকাণ্ডের জন্য অর্থ জোগানো কঠিন হয়ে উঠছে। এই বাস্তবতায় ঋণ নেওয়ার ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, ঋণের ব্যয় ও ঝুঁকির বিশ্লেষণ এবং অর্থায়নের উৎস বহুমুখী করা এখন জরুরি। শুধু বেশি ঋণ নিলেই হবে না, কোন উৎস থেকে, কত সুদে এবং কত মেয়াদে নেওয়া হচ্ছে, সেটিও সমান গুরুত্বপূর্ণ।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, দুই দিনের আলোচনা এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের পরামর্শ থেকে ঋণ ব্যবস্থাপনার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো, বিদেশি বিনিয়োগ টানা ও টেকসই অর্থায়নের নতুন পথ তৈরির কার্যকর দিকনির্দেশনা মিলবে। তবে সম্মেলনের সুপারিশ কতটা বাস্তবায়িত হয়, বিশেষ করে ডিএমও গঠনের মতো প্রাতিষ্ঠানিক সংস্কার কত দ্রুত এগোয়, তার ওপরই নির্ভর করবে এই আয়োজনের প্রকৃত সাফল্য।

