রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে চামড়ার জুতা রপ্তানি থেকে আয় হয়েছে ২৬ কোটি ২১ লাখ ৫০ হাজার ডলার। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ২৩ কোটি ৯৮ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ, এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ২৯ শতাংশ। অন্যদিকে, চামড়াবিহীন জুতা রপ্তানি থেকে আয় হয়েছে ১৯ কোটি ৪৮ লাখ ৬০ হাজার ডলার, আগের বছরের একই সময়ে যা ছিল ১৭ কোটি ৭৯ লাখ ৯০ হাজার ডলার। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৪৮ শতাংশ। দুই ধরনের জুতা মিলিয়ে এক বছরে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৩ কোটি ৯২ লাখ ডলার।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ ও নতুন বাজার সম্প্রসারণে সরকার গুরুত্ব দিচ্ছে। চামড়া ও জুতা শিল্পের উৎপাদন সক্ষমতা বাড়ানো, পণ্যে মূল্য সংযোজন এবং ব্যবসায়িক প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি এ খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী পণ্যের মান উন্নয়নে নীতিগত সহায়তা অব্যাহত থাকবে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, চামড়া ও জুতা শিল্পের সমস্যা চিহ্নিত করে রপ্তানি বাড়ানোর উপায় নির্ধারণে একটি রোডম্যাপ তৈরির কাজ চলছে। এ জন্য বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। আন্তর্জাতিক ক্রেতাদের পরিবেশগত ও সামাজিক মানদণ্ড পূরণ এবং পণ্যের উৎপাদন ও সরবরাহের উৎস শনাক্ত করতে জাতীয় ট্রেসেবিলিটি কাঠামো তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।
বাজার সম্প্রসারণেও নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ইউরোপের বাজারে চীনের সঙ্গে দামের প্রতিযোগিতা থাকলেও যুক্তরাষ্ট্র ও ভারতে বাংলাদেশের জুতার ক্রয়াদেশ বাড়ছে। পাশাপাশি চলতি অর্থবছরে প্রথমবারের মতো মেক্সিকোতে জুতা রপ্তানি শুরু হয়েছে। ফলে প্রচলিত বাজারের পাশাপাশি নতুন গন্তব্যেও বাংলাদেশের জুতার প্রবেশ ঘটছে।
দেশের উৎপাদন সক্ষমতার দিক থেকেও এ খাতের অবস্থান উল্লেখযোগ্য। ওয়ার্ল্ড ফুটওয়্যার ইয়ারবুক ২০২৬ অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশে প্রায় ৫৫ কোটি ৪০ লাখ জোড়া জুতা উৎপাদিত হয়েছে। এ হিসাবে বিশ্বে জুতা উৎপাদনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম। উৎপাদনের এই সক্ষমতা কাজে লাগিয়ে রপ্তানি বাড়াতে পণ্যের বৈচিত্র্য, আন্তর্জাতিক মান বজায় রাখা এবং নতুন বাজারে প্রবেশের ওপর গুরুত্ব দিচ্ছেন খাতসংশ্লিষ্টরা।

