দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ কসোভোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ। দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো, চেম্বার অব কমার্সের মধ্যে সমঝোতা স্মারক সই এবং বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার বিষয়েও আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানার সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে বাংলাদেশের আগ্রহের কথা জানান তিনি। ব্যবসায়ীদের যোগাযোগ বাড়াতে দুই দেশের প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে রাষ্ট্রদূত বলেন, দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান অঞ্চলে কসোভোর কৌশলগত অবস্থান এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দেশটির বাণিজ্যিক সম্পর্ক বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। তবে কসোভোর সঙ্গে ইইউর বাণিজ্য চুক্তির শুল্ক সুবিধা মূলত কসোভোতে উৎপাদিত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য। শুধু কসোভোর মাধ্যমে পণ্য পাঠালেই বাংলাদেশি পণ্য একই সুবিধা পাবে না।
আলোচনায় বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক, ওষুধ এবং তথ্যপ্রযুক্তি খাতের পণ্য ও সেবা কসোভোর বাজারে রপ্তানির সম্ভাবনা উঠে আসে। অন্যদিকে কসোভোর লিগনাইট, তামা ও দস্তার মতো খনিজ সম্পদকে কেন্দ্র করে যৌথ বিনিয়োগের বিষয়েও আলোচনা হয়। দেশটির খনিজ খাতে বিদেশি বিনিয়োগের সুযোগ রয়েছে বলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের তথ্যেও উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া কৃষি ও সেবা খাতে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও জনশক্তি খাতে দুই দেশের বিদ্যমান যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হন বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিরা। এর আগে চলতি বছরের আগস্টেও বাংলাদেশ ও কসোভো দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরুর সম্ভাবনা এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় করেছিল।

