চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলদা ও ডাঙ্গারচর এলাকায় বেসরকারি তেল শোধনাগার স্থাপনের প্রাথমিক অনুমোদন পেয়েছে সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সুপারিশের ভিত্তিতে প্রতিষ্ঠানটিকে এই অনুমতি দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। তবে এই অনুমতি পাওয়ার অর্থ এখনই রিফাইনারি চালু করার ছাড়পত্র পাওয়া নয়। প্রকল্প বাস্তবায়নে আরও কিছু সরকারি অনুমোদন ও শর্ত পূরণ করতে হবে।
গত ১৮ নভেম্বর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-২ শাখা থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়। ২০২৩ সালের বেসরকারি পর্যায়ে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি, মজুত, প্রক্রিয়াকরণ, পরিবহণ ও বিপণন নীতিমালা অনুসারে প্রতিষ্ঠানটিকে প্রাথমিক অনুমতি দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে নীতিমালার ৮.৫ অনুচ্ছেদসহ প্রযোজ্য সব শর্ত মানতে হবে।
অনুমোদনের শর্ত অনুযায়ী, রিফাইনারি স্থাপনের কাজে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন আইন, ২০১৬, পেট্রোলিয়াম আইন, ২০১৬ এবং পেট্রোলিয়াম বিধিমালা, ১৯৭৪ অনুসরণ করতে হবে। পাশাপাশি পরিবেশ সংরক্ষণসংক্রান্ত সব আইন ও বিধিবিধান মেনে চলতে হবে। প্রাথমিক অনুমতি পাওয়ার পর সংশ্লিষ্ট সরকারি দপ্তর থেকে প্রয়োজনীয় অনুমোদন, ছাড়পত্র, অনাপত্তিপত্র ও লাইসেন্স সংগ্রহ করতে হবে প্রতিষ্ঠানটিকে।
এসব আনুষ্ঠানিকতা শেষ করে রিফাইনারি স্থাপনের কাজ সম্পন্ন করার পর চূড়ান্ত অনুমোদনের জন্য আবেদন করতে হবে। অর্থাৎ প্রাথমিক অনুমতির পরও প্রকল্পটি চালুর আগে নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করতে হবে। আর রিফাইনারিতে উৎপাদিত সব পণ্য বিপিসির কাছে সরবরাহ করার শর্তও দেওয়া হয়েছে।
এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে রিফাইনারি স্থাপন এবং অপরিশোধিত জ্বালানি তেল আমদানি ও প্রক্রিয়াকরণের অনুমতি চেয়ে আবেদন করেছিল প্রতিষ্ঠানটি। ঢাকা পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বিপিসির একটি কমিটি প্রকল্প এলাকা পরিদর্শন করে ২০২৫ সালের এপ্রিলে প্রাথমিক অনুমোদনের সুপারিশ করেছিল। তবে ওই বছরের নভেম্বরে জ্বালানি বিভাগ আবেদনটি নাকচ করে দেয়। চলতি বছরের ১০ নভেম্বর প্রকল্পটি পর্যালোচনার জন্য বিপিসি নতুন করে সাত সদস্যের একটি কমিটি গঠন করে। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটিকে প্রাথমিক অনুমতি দেওয়া হলো।

