Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 20, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » চীনের পুরোনো মুঠোফোনের বড় বাজার বাংলাদেশ ও আফ্রিকা
    বাণিজ্য

    চীনের পুরোনো মুঠোফোনের বড় বাজার বাংলাদেশ ও আফ্রিকা

    নিউজ ডেস্কনভেম্বর 19, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চীনের ব্যবহৃত ও পুরোনো মুঠোফোনের বাজারে ক্রেতা হিসেবে বাড়ছে বাংলাদেশ ও আফ্রিকার ব্যবসায়ীদের উপস্থিতি। ভালো অবস্থার ফোনের পাশাপাশি ভাঙা পর্দা ও ত্রুটিযুক্ত যন্ত্রও কিনছেন তাঁরা। পরে নিজ নিজ দেশে নিয়ে মেরামত করে বিক্রি করছেন এসব ফোন। নতুন স্মার্টফোনের দাম বেড়ে যাওয়া এবং মানুষের ক্রয়ক্ষমতার সীমাবদ্ধতার কারণে পুরোনো ফোনের বাজারও দিন দিন বড় হচ্ছে।

    ফ্রান্সের বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের শেনজেন শহরের হুয়াচিয়াংবেই ইলেকট্রনিকস বাজারে প্রতিদিন বিভিন্ন দেশ থেকে আসা ব্যবসায়ীরা একসঙ্গে কয়েক ডজন ব্যবহৃত ফোন কিনছেন। বাজারটির দোকানগুলোতে বিভিন্ন মডেলের পুরোনো স্মার্টফোন স্তূপ করে রাখা হয়। সেখান থেকেই পছন্দমতো ফোন সংগ্রহ করছেন আন্তর্জাতিক ক্রেতারা।

    পাকিস্তানি ব্যবসায়ী ৩৮ বছর বয়সী আখতার মুহাম্মদ এএফপিকে বলেন, চীনের বিভিন্ন জায়গা থেকে নষ্ট ও পুরোনো মুঠোফোন এখানে আসে। তিনি এসব ফোন কিনে পাকিস্তানে নিয়ে মেরামত করবেন।

    বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোন উৎপাদনকারী দেশ চীনে প্রতিবছর ৪০ কোটির বেশি মুঠোফোন বাতিল করা হয় বলে জানিয়েছে চায়না অ্যাসোসিয়েশন অব সার্কুলার ইকোনমি। বিপুলসংখ্যক ব্যবহৃত ও বাতিল ফোনের কারণে দেশটিতে পুরোনো যন্ত্রের বড় বাজার গড়ে উঠেছে।

    নতুন ফোনের বদলে ব্যবহৃত ফোনের চাহিদা

    বিশ্ববাজারে চিপের সংকট এবং স্মার্টফোনের দাম বেড়ে যাওয়ায় নতুন ফোন কেনা অনেকের জন্য কঠিন হয়ে পড়েছে। ফলে পুরোনো ফোনের প্রতি আগ্রহ বাড়ছে। বিশেষ করে দক্ষিণ এশিয়া ও আফ্রিকার মতো উন্নয়নশীল অঞ্চলের ক্রেতারা তুলনামূলক কম দামে ব্যবহৃত ফোন কিনতে বেশি আগ্রহী।

    কাউন্টারপয়েন্ট রিসার্চের বিশ্লেষক ইভান লাম এএফপিকে বলেন, এসব অঞ্চলে মানুষের ক্রয়ক্ষমতা তুলনামূলক কম হওয়ায় পুরোনো স্মার্টফোনের বাজার সম্প্রসারিত হচ্ছে।

    প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে বিশ্বে ব্যবহৃত স্মার্টফোনের বাজার আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ বেড়েছে। এ সময়ে কেনাবেচা হয়েছে ১৫ কোটি ইউনিট ফোন।

    নাইজেরিয়ার ২৪ বছর বয়সী ব্যবসায়ী মামা এক দিনেই শেনজেন থেকে প্রায় ৪০টি ব্যবহৃত ফোন কিনেছেন। তাঁর মতে, আফ্রিকায় বড় সরবরাহকারী ও এমন বাজারের অভাব থাকায় সেখানে ফোনের দাম তুলনামূলক বেশি। চীন থেকে ফোন কিনে নিজ দেশে পাঠালে ভালো লাভ করা সম্ভব।

    বাজারের আরেক নাইজেরীয় ক্রেতা ক্ষতিগ্রস্ত আইফোন ১৩ প্রো ও ১৪ প্রো মডেল কিনেছেন। প্রতিটি ফোনের দাম পড়েছে ১ হাজার থেকে ২ হাজার ইউয়ান, যা প্রায় ১৫০ থেকে ৩০০ মার্কিন ডলারের সমান। তিনি দেশে নিয়ে ফোনগুলোর পর্দা মেরামত করে বিক্রি করার পরিকল্পনা করেছেন।

    মেরামত করে ব্যবহারের প্রবণতা বাড়ছে

    নতুন ফোন কেনার পরিবর্তে পুরোনো ফোন মেরামত করে দীর্ঘদিন ব্যবহারের প্রবণতা পাকিস্তানসহ বিভিন্ন দেশে বেশ পরিচিত। ২০০৭ সাল থেকে চীনে আসছেন পাকিস্তানি ব্যবসায়ী আখতার মুহাম্মদ। তাঁর মতে, পাকিস্তানে অনেকে একটি ফোন চার থেকে পাঁচ বছর পর্যন্ত ব্যবহার করেন। যুক্তরাষ্ট্র ও ইউরোপের মতো সেখানে প্রতিবছর বা ছয় মাস পরপর ফোন বদলানোর প্রবণতা নেই।

    শেনজেনের ব্যস্ত বাজারের পাশাপাশি ব্যবহৃত ফোন কেনাবেচায় এখন আরও গোছানো ব্যবসায়িক ব্যবস্থাও গড়ে উঠছে। এর উদাহরণ পাইজিতাং মল। চীনা পুনর্ব্যবহারকারী প্রতিষ্ঠান এটিআরিনিউ পরিচালিত এই স্বয়ংক্রিয় ব্যবহৃত পণ্যের বাজারে একসঙ্গে ২০ হাজারের বেশি পুরোনো ফোন প্রদর্শনের ব্যবস্থা রয়েছে।

    ক্রেতারা প্রতিটি ফোনের সঙ্গে থাকা দ্রুত শনাক্তযোগ্য সংকেত স্ক্যান করে সেটির পরীক্ষা-সংক্রান্ত প্রতিবেদন ও দাম জানতে পারেন। এরপর নিজেরা ফোন পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী একাধিক ফোন কিনতে পারেন।

    বাজারটির ব্যবস্থাপক ঝাং শিয়াওমিং জানান, প্রতিদিন সেখানে প্রায় এক হাজার ক্রেতা আসেন। তাঁদের প্রায় এক-তৃতীয়াংশই আন্তর্জাতিক ব্যবসায়ী।

    আলজেরিয়ার ২০ বছর বয়সী দোকানি আবদুল রহিম নিজের ফোন ও আনুষঙ্গিক পণ্যের দোকানের জন্য মাসে তিনবার পর্যন্ত চীনে আসেন। তাঁর ব্যবসার অন্যতম সুবিধা হলো, চীন ও অন্যান্য বাজারের দামের ব্যবধান। প্রতিটি ফোনে প্রায় ১০০ থেকে ১২০ ইউরো পর্যন্ত দামের পার্থক্য পাওয়া যায় বলে জানান তিনি।

    বিক্রির বড় অংশ আইফোনের

    ব্যবহৃত ফোনের বাজারে অ্যাপলের পণ্যের আধিপত্য রয়েছে। পাইজিতাং মলের ব্যবস্থাপক ঝাংয়ের তথ্য অনুযায়ী, সেখানে বিক্রি হওয়া ফোনের ৭০ থেকে ৮০ শতাংশই আইফোন। বাকি অংশে রয়েছে হুয়াওয়ে, শাওমি, অপো ও ভিভোর মতো চীনা ব্র্যান্ড।

    এটিআরিনিউর করপোরেট কৌশল ও আন্তর্জাতিক ব্যবসা বিভাগের প্রধান জেরেমি জি জানান, চীনের বাজারে সাশ্রয়ী অ্যান্ড্রয়েড ফোনের প্রতিযোগিতায় আইফোন ১১, ১২ ও ১৩-এর মতো পুরোনো মডেলগুলোর অবস্থান দুর্বল হলেও বিদেশের বাজারে এসব ফোনের ব্র্যান্ডমূল্য এখনো রয়েছে। ফলে বিভিন্ন দেশে এগুলোর নতুন ক্রেতা পাওয়া যাচ্ছে।

    শেনজেনের উত্তরে দংগুয়ান শহরে এটিআরিনিউর বড় প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে প্রতিদিন প্রায় ৩০ হাজার ব্যবহৃত ইলেকট্রনিক যন্ত্র পৌঁছায়। সেখানে ৩০০ জনের বেশি কর্মী এসব যন্ত্র পরীক্ষা, যাচাই ও প্যাকেটজাত করেন।

    অন্যদিকে চীনের অভ্যন্তরীণ বাজারেও ব্যবহৃত ফোনের চাহিদা বাড়ছে। আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান আইডিসি চীনের বিশ্লেষক আর্থার গুও জানান, দাম বাড়তে থাকায় দেশটির ক্রেতারাও এখন তুলনামূলক নতুন ও উন্নত মানের ব্যবহৃত ফোনের দিকে ঝুঁকছেন।

    তবে চীনে বাতিল হওয়া অধিকাংশ ফোন এখনো দেশটির অভ্যন্তরীণ বাজারেই বিক্রি হয়। কাউন্টারপয়েন্টের বিশ্লেষক ইভান লামের মতে, সরকারি ও আনুষ্ঠানিক পথে এসব ফোনের বড় পরিসরে রপ্তানি এখনো উল্লেখযোগ্যভাবে বাড়েনি।

    নাইজেরীয় ব্যবসায়ী মামার কাছে ফোন কেনা এখনো সরাসরি যাচাই-বাছাইয়ের বিষয়। তিনি জানান, চীনে এলে প্রায় এক মাস ধরে বিভিন্ন ফোন পরীক্ষা করে কেনেন। কেনাকাটা শেষ হলে সব ফোন নিয়ে দেশে ফিরে যান।

    সব মিলিয়ে চীনের ব্যবহৃত স্মার্টফোনের বাজার এখন শুধু স্থানীয় ক্রেতাদের মধ্যেই সীমাবদ্ধ নেই। বাংলাদেশ, পাকিস্তান ও আফ্রিকার বিভিন্ন দেশের ব্যবসায়ীদের জন্যও এটি হয়ে উঠছে গুরুত্বপূর্ণ সংগ্রহকেন্দ্র। কম দামে ফোন কেনা, মেরামত এবং নিজস্ব বাজারে বিক্রির মাধ্যমে পুরোনো স্মার্টফোন নতুন ব্যবহারকারীর হাতে পৌঁছে যাচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    নীরব ক্ষয়ের নাম মধ্যবিত্ত: প্রবৃদ্ধির গল্পে হারিয়ে যাচ্ছে কারা?

    নভেম্বর 19, 2026
    বাণিজ্য

    কসোভোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নেবে বাংলাদেশ

    নভেম্বর 19, 2026
    বাণিজ্য

    বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহী স্লোভেনিয়া

    নভেম্বর 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.