দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আবার খুলেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার শ্রমবাজার। দেশটিতে যেতে আগ্রহীদের স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রমও শুরু হয়েছে। অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণে রাখতে সরকার ইতিমধ্যে মালয়েশিয়া যাওয়ার সর্বোচ্চ খরচ নির্ধারণ করে দিয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। কিন্তু মাঠপর্যায়ের চিত্র ভিন্ন। কর্মীদের অভিযোগ, দালালচক্র ও রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিরা এখনো সরকারি সীমার কয়েক গুণ বেশি টাকা দাবি করছেন।
মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের ভাষ্য, মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাঁদের কাছে পাঁচ থেকে ছয় লাখ টাকা চাওয়া হচ্ছে। সরকারি নির্ধারিত খরচের কথা তুললে উল্টো জবাব মিলছে, ওই খরচে যেতে পারলে যেন তাঁরা চলে যান। আবার কারও কারও কাছে বলা হচ্ছে, খরচ চার থেকে পাঁচ লাখ টাকা। মেডিকেলে অনুপযুক্ত বা আনফিট হলে তখন আর যাওয়াই সম্ভব হবে না। সব মিলিয়ে ছয় থেকে সাত লাখ টাকা পর্যন্ত লাগতে পারে বলেও ধারণা দেওয়া হচ্ছে। যদিও এখনো কেউ নিশ্চিত করে কোনো অঙ্ক বলছেন না। এক কর্মী জানান, আগে একবার আট লাখ টাকার কথাও শুনেছিলেন, তবে পরে সেই অঙ্ক কমে এসেছে।
এ অভিযোগ নিয়ে তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্সিগুলোর অবস্থান ভিন্ন। তারা সরকার নির্ধারিত ফিকে স্বাগত জানিয়েছে। তাদের দাবি, মূলত মধ্যস্বত্বভোগী বা দালালদের কারণেই অভিবাসন খরচ বেড়ে যায়।
আল সুপ্ত ওভারসিজের স্বত্বাধিকারী ফরিদ আহমেদ মজুমদার বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করার সর্বোচ্চ চেষ্টা তাঁরা করবেন। তিনি মনে করেন, বাংলাদেশের শ্রমিকেরা যেন কম খরচে বিদেশে যেতে পারেন, সেটি এজেন্সিগুলোও চায়।
নেইবার অ্যাসোসিয়েটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. তাজুল ইসলাম খরচ বাড়ার প্রক্রিয়াটি ব্যাখ্যা করেছেন। তাঁর ভাষ্য, এজেন্সিগুলো সরাসরি সাধারণ কর্মীদের পায় না। বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে কর্মীরা তাদের কাছে আসেন। একজন হয়তো এজেন্সির কাছ থেকে একটি রেট জেনে নিলেন, এরপর অন্য একজনের মাধ্যমে কর্মী পাঠানোর ব্যবস্থা করলেন। এভাবে কয়েক হাত ঘুরে কর্মী এজেন্সির কাছে পৌঁছান। প্রতিটি ধাপে যুক্ত হয় অতিরিক্ত টাকা, ফলে অভিবাসন ব্যয় বেড়ে যায়।
এদিকে রিক্রুটিং এজেন্সির অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, প্রমাণসহ তাঁর কাছে এলে তিনি ব্যবস্থা নেবেন। কোনো নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে অনিয়ম হচ্ছে, এমন নথি বা স্থিরচিত্রের মতো প্রমাণ দেওয়ার আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরও জানান, নভেম্বরের শেষ সপ্তাহে মালয়েশিয়াগামী কর্মীদের ফ্লাইট শুরু হতে পারে। সবকিছু ঠিক থাকলে ২৫ নভেম্বর অথবা ২৭ কিংবা ২৮ নভেম্বর প্রথম ফ্লাইট চলবে। বিমান ও অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থাপনার ওপর এটি নির্ভর করছে। তাঁর ভাষ্য, প্রধানমন্ত্রীর মাধ্যমে প্রথম ফ্লাইটের কর্মীদের শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পাঠানো হবে। সরকারি সীমা থাকা সত্ত্বেও বাস্তবে বাড়তি টাকা দাবির অভিযোগ উঠছে, এ কারণে অভিবাসন ব্যয় সীমিত রাখতে সরকারি নজরদারি আরও জোরদার করার তাগিদ দিয়েছেন খাতসংশ্লিষ্টরা।

