বাংলাদেশের বস্ত্রশিল্পে বড় বিনিয়োগের পরিকল্পনা করেছে তুরস্কের শিল্পপ্রতিষ্ঠান সাঙ্কো হোল্ডিং। দেশীয় ডিবিএল গ্রুপের সঙ্গে যৌথভাবে মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে আধুনিক ডেনিম কাপড় উৎপাদন কারখানা স্থাপন করবে প্রতিষ্ঠানটি। এ প্রকল্পে বিনিয়োগ করা হবে ৩০ কোটি মার্কিন ডলার। কারখানাটি চালু হলে সরাসরি কর্মসংস্থান হবে প্রায় ৪ হাজার ৪০০ মানুষের।
বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রপ্তানিমুখী এই কারখানায় সুতা উৎপাদন থেকে শুরু করে ডেনিম কাপড় তৈরি পর্যন্ত সমন্বিত উৎপাদনব্যবস্থা গড়ে তোলা হবে। এর ফলে দেশের বস্ত্রশিল্পের পশ্চাৎমুখী সংযোগশিল্প আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি রপ্তানি আয় বাড়ার সম্ভাবনা তৈরি হবে।
প্রস্তাবিত কারখানাটি সাঙ্কো হোল্ডিংয়ের ডেনিম বিভাগ ইসকোর মাধ্যমে পরিচালিত হবে। এতে প্রতি মাসে প্রায় ১ কোটি মিটার ডেনিম কাপড় উৎপাদনের সক্ষমতা থাকবে। ২০২৮ সালের প্রথম প্রান্তিকে বাণিজ্যিক উৎপাদন শুরু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বিনিয়োগের অগ্রগতি নিয়ে ঢাকায় ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন সাঙ্কো হোল্ডিংয়ের একটি প্রতিনিধিদল। এতে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ফাতিহ কোনুকোগলু এবং পর্ষদ সদস্য হাকান কোনুকোগলু। বৈঠকে তাঁরা প্রস্তাবিত বিনিয়োগ বাস্তবায়নের বিষয়ে প্রতিষ্ঠানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
প্রতিনিধিদলে আরও ছিলেন সাঙ্কো হোল্ডিংয়ের প্রধান অর্থ কর্মকর্তা মুস্তফা গুনবুলুত, প্রধান কৌশল কর্মকর্তা চাগাতাই আবরাস এবং আঞ্চলিক ব্যবস্থাপক তেজকান বালতাস।
বৈঠকে ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, কোষাগার বিভাগের প্রধান জাকারিয়া চৌধুরী এবং গ্রুপের নিয়ন্ত্রকবিষয়ক বিভাগের প্রধান জুয়েল জব্বার উপস্থিত ছিলেন। ইনভেস্ট বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন বিভাগের সদস্য নাহিয়ান রহমান রচিও বৈঠকে অংশ নেন।
ইনভেস্ট বাংলাদেশের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক থেকেই সাঙ্কো হোল্ডিংয়ের এই বিনিয়োগ প্রস্তাবটি সংস্থাটির ১৩০ কোটি ডলারের সম্ভাব্য বিনিয়োগ তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। ধারাবাহিক যোগাযোগ, আলোচনা এবং বিনিয়োগসংক্রান্ত সহযোগিতার মাধ্যমে প্রাথমিক আগ্রহ থেকে বর্তমান বিনিয়োগ অঙ্গীকারের পর্যায়ে পৌঁছাতে সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রেও তুরস্কের প্রতিষ্ঠানটিকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে তারা।
১৯০৪ সালে বস্ত্রশিল্পের মাধ্যমে যাত্রা শুরু করা সাঙ্কো হোল্ডিং একটি বহুমুখী পারিবারিক শিল্পগোষ্ঠী। বর্তমানে বস্ত্রশিল্পের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, নির্মাণ, মোড়কজাতকরণ এবং অর্থায়ন খাতেও প্রতিষ্ঠানটির কার্যক্রম রয়েছে।
প্রতিষ্ঠানটির ডেনিম বিভাগ ইসকো বিশ্বের অন্যতম বৃহৎ ডেনিম কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠান। বছরে প্রায় ২৫ থেকে ৩০ কোটি মিটার কাপড় উৎপাদনের সক্ষমতা রয়েছে তাদের। বিশ্বের ৬০টিরও বেশি দেশে প্রতিষ্ঠানটির পণ্য সরবরাহ করা হয়।
এ ছাড়া তুরস্কের প্রথম সরকারি অনুমোদনপ্রাপ্ত বস্ত্র গবেষণা ও উন্নয়ন কেন্দ্রও পরিচালনা করে প্রতিষ্ঠানটি।
সংশ্লিষ্টদের মতে, এই বিনিয়োগ বাস্তবায়িত হলে বাংলাদেশের ডেনিম শিল্পে উৎপাদন সক্ষমতা বাড়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে সুতা উৎপাদন ও কাপড় তৈরির সমন্বিত ব্যবস্থা গড়ে ওঠায় স্থানীয় বস্ত্রশিল্পের সরবরাহব্যবস্থা শক্তিশালী হবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বাড়তে পারে।

