শুষ্ক মৌসুমের শুরুতেই রাজধানী ঢাকার বায়ুর মানে আবারও মারাত্মক অবনতি ঘটেছে। বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ‘আইকিউএয়ার’-এর তথ্যানুযায়ী, বিশ্বের ১২৬টি শহরের মধ্যে বায়ুদূষণের দিক থেকে ঢাকার অবস্থান ষষ্ঠ। ১৬৭ একিউআই স্কোর নিয়ে ঢাকার বায়ুকে নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
একই সূচকে ২৬৫ স্কোর নিয়ে বায়ুদূষণের শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের ঐতিহাসিক শহর লাহোর, যার বায়ুর মানকে নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হচ্ছে। এছাড়া ২৫৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের রাজধানী দিল্লি, ১৮২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে মালয়েশিয়ার কুয়ালালামপুর, ১৮১ স্কোর নিয়ে চতুর্থ স্থানে মুম্বাই এবং ১৭৬ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা।
বাতাসের মানসূচক বা একিউআই অনুযায়ী, স্কোর ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকলে সেই বাতাসকে সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ঢাকার বাতাসে মূলত অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫ ও পিএম ১০), নাইট্রোজন ডাই-অক্সাইড এবং সালফার ডাই-অক্সাইডের হার আশঙ্কাজনকভাবে বেশি।
পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের যৌথ গবেষণায় উঠে এসেছে; নিয়ন্ত্রণহীন নির্মাণকাজ, ফিটনেসবিহীন যানবাহনের ধোঁয়া এবং আশপাশের অবৈধ ইটভাটা ঢাকার বায়ুদূষণের প্রধান তিনটি উৎস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, বিশ্বজুড়ে বায়ুদূষণজনিত নানা জটিল ব্যাধিতে প্রতিবছর প্রায় ৭০ লাখ মানুষের অকালমৃত্যু ঘটে।

