পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা চার দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। ভোরে হালকা কুয়াশা ও রাতের হিমেল বাতাসে শীতের অনুভূতি বাড়ছে। দিনের বেলায় রোদ উঠলেও ঠান্ডা বাতাসের কারণে শীতের আমেজ থাকছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালেও জেলার বিভিন্ন এলাকায় এমন আবহাওয়া দেখা গেছে। তবে ঠান্ডা উপেক্ষা করেই কাজে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ, কৃষক ও পথচারীরা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। এর আগের দিন বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের হিসাবে, মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার তা কমে দাঁড়ায় ১৩ দশমিক ৫ ডিগ্রিতে। বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার তা বেড়ে হয়েছে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ চার দিন ধরেই তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় রোদ থাকায় শীতের অনুভূতি তুলনামূলক কম থাকে। তবে বিকেল থেকে ঠান্ডা বাড়তে শুরু করে। রাত ও ভোরে হিমেল বাতাসে বেশি শীত অনুভূত হয়। সকালে কুয়াশা খুব বেশি না থাকলেও ঠান্ডা বাতাসের কারণে শীতের আমেজ বজায় রয়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, তাপমাত্রা ধীরে ধীরে কমছে। আগামী ডিসেম্বর মাসে এ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

