তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১এ প্লাস্টিকের প্রাকৃতিক বিকল্প হিসেবে পাটকে তুলে ধরেছে বাংলাদেশ। রোববার সম্মেলনের ব্লু জোনে বাংলাদেশ প্যাভিলিয়নে এক পার্শ্ব অনুষ্ঠানে এ বিষয়ে আলোচনা হয়।
“প্রাকৃতিক তন্তু, শূন্য বর্জ্য ও সাশ্রয়ী অভিযোজন: কপ-৩১ অ্যাকশন এজেন্ডায় বাংলাদেশের সমাধান পাট” শীর্ষক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়। সহযোগী হিসেবে ছিল তুরস্কের জিরো ওয়েস্ট ফাউন্ডেশন, জাতিসংঘ প্রকল্প সেবা সংস্থা (ইউএনওপিএস) এবং গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন (জিসিএ)।
কোনো কপ সম্মেলনে এই প্রথম বাংলাদেশ আলাদা পাট প্যাভিলিয়ন স্থাপন করেছে। সেখানে ১৩০ ধরনের প্রায় ৫৫০ কেজি পাটজাত পণ্য প্রদর্শিত হচ্ছে। জলবায়ু ও অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাগত বক্তব্যে প্রতিমন্ত্রী পাটকে বাংলাদেশের সোনালি আঁশ আখ্যা দিয়ে বলেন, এটি নবায়নযোগ্য ও পচনশীল। দেশের কৃষক এ আঁশ চাষ করেন এবং স্থানীয় শিল্প বাণিজ্যিক পর্যায়ে তা উৎপাদন করে। তিনি বলেন, আজ আমরা যে উপকরণ বেছে নেব, তা-ই ঠিক করবে আমাদের সন্তানেরা কেমন পৃথিবী পাবে। তুরস্কের জিরো ওয়েস্ট আন্দোলনের প্রশংসা করে তিনি শূন্য বর্জ্য ও প্রাকৃতিক তন্তুকে একই প্রতিশ্রুতির দুটি অংশ বলে অভিহিত করেন। বাংলাদেশের স্বল্প ব্যয়ের অভিযোজন পদ্ধতি, যেমন ভাসমান বাগান, আগাম সতর্কীকরণ ব্যবস্থা ও লবণসহিষ্ণু ফসলের কথাও তিনি তুলে ধরেন। তাঁর ভাষ্য, সহনশীলতা গড়তে বিপুল ব্যয়ের প্রয়োজন নেই।
তুরস্কের জাতীয় সংসদের পরিবেশ কমিটির চেয়ারম্যান মেহমেত গালিপ এনসারিওগলু বলেন, জলবায়ু নীতি হতে হবে ভারসাম্যপূর্ণ ও বাস্তবসম্মত এবং প্রতিটি দেশের উন্নয়ন-অগ্রাধিকারকে সম্মান জানাতে হবে। তিনি পাট খাতে বাংলাদেশের দক্ষতাকে পুরো খাতের জন্য অনন্য উদাহরণ বলে উল্লেখ করেন। ২০১৭ সালে শুরু হওয়া তুরস্কের জিরো ওয়েস্ট প্রকল্পকে তিনি অভিযোজন ও বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে উল্লেখ করে বলেন, বাংলাদেশের পাটের অভিজ্ঞতা বৃত্তাকার অর্থনীতির জন্য মূল্যবান শিক্ষা দেয়।
ইউএনওপিএসের এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক সারা অস্টিন নেটজার জানান, সংস্থাটি বাংলাদেশের সবুজ ও জলবায়ু সহনশীল নির্মাণে সহায়তা দিয়েছে। বাংলাদেশের তৃতীয় জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০) বাস্তবায়নে সরকারের সঙ্গে অংশীদারত্ব আরও জোরদার করা হবে। তাঁর মতে, বাংলাদেশের আঁশ, দক্ষতা ও উৎপাদন সক্ষমতা রয়েছে। ঢাকায় আসন্ন আন্তর্জাতিক পাট বাণিজ্য ও মেলাকে তিনি প্রকৃতিভিত্তিক সমাধানে একসঙ্গে কাজ করার সুযোগ বলেও উল্লেখ করেন।
ফ্যাশন খাতের প্রসঙ্গে থ্রেডিং চেঞ্জের প্রতিষ্ঠাতা ও বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্লোবাল শেপার সোফিয়া ইয়াং বলেন, বর্তমানে অধিকাংশ পোশাক প্লাস্টিকভিত্তিক সিনথেটিক আঁশে তৈরি। সিনথেটিকের বদলে প্রাকৃতিক আঁশ ব্যবহার জরুরি এবং বাংলাদেশের কাছে সেই সমাধান আছে বলে তিনি মন্তব্য করেন।
কসোভোর পরিবেশ ও স্থানিক পরিকল্পনামন্ত্রী ফিতোরে পাচোল্লি বলেন, টেকসই উপকরণকে দৈনন্দিন ভোগের অংশ করতে হবে। কসোভো পাটকে স্বাগত জানাবে জানিয়ে তিনি বলেন, দেশটির খ্যাতনামা ডিজাইনাররা পাটের পণ্য তৈরিতে প্রস্তুত। তিনি বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেন।
অ্যারোহার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ম্যাথিউ ম্যাককিনন পাট প্যাভিলিয়নকে পাটের সম্ভাবনার প্রমাণ বলে অভিহিত করেন। তাঁর মতে, বৈশ্বিক নিঃসরণে বাংলাদেশের অবদান প্রায় নগণ্য হলেও দেশটি বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ এবং অসম বোঝা বহন করছে। পাট বৈশ্বিক জলবায়ু পদক্ষেপে বাংলাদেশের অবদান আরও বাড়াতে পারে বলে তিনি মনে করেন।
জিসিএর পানি ও জলবায়ু অভিযোজন বিশেষজ্ঞ ড. ফয়সাল রহমান জানান, ২০২০ সাল থেকে সংস্থাটির দক্ষিণ এশিয়া আঞ্চলিক কার্যালয় ঢাকায় অবস্থিত। জলবায়ু পদক্ষেপ এগিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সহযোগিতা আরও গভীর করার পরিকল্পনা রয়েছে তাদের। বাংলাদেশে জিসিএর স্থানীয়ভাবে পরিচালিত অভিযোজন প্রকল্পের ভিত্তিতে এ কাজ এগোবে।

