নিজের বাড়ির স্বপ্ন পূরণে অ্যাপার্টমেন্ট ক্রেতাদের জন্য সহজ, আকর্ষণীয় ও সহজলভ্য গৃহঋণ সুবিধা চালু করতে যাচ্ছে ব্যাংক এশিয়া পিএলসি। এ লক্ষ্যে জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে ব্যাংকটি। এর ফলে জেসিএক্সের বিভিন্ন প্রকল্পে অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে গ্রাহকেরা ব্যাংকটির গৃহঋণ সুবিধা নিতে পারবেন।
সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় জেসিএক্স ডেভেলপমেন্টসের কর্পোরেট কার্যালয়ে এ চুক্তি সই হয়। ব্যাংক এশিয়ার পক্ষে স্বাক্ষর করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রিটেইল ব্যাংকিং ডিভিশনের অ্যাসেটস প্রধান মো. জাহেদ চৌধুরী। জেসিএক্স ডেভেলপমেন্টসের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম. তারেক হোসেন মজুমদার।
চুক্তির মূল উদ্দেশ্য হলো জেসিএক্সের অ্যাপার্টমেন্ট কেনা আরও সহজ ও সাশ্রয়ী করা, যাতে ক্রেতারা মানসম্পন্ন নিজস্ব বাড়ির মালিক হওয়ার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে পারেন।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহঋণ সুবিধার পাশাপাশি চুক্তির আওতায় যৌথ বিপণন কার্যক্রম, গ্রাহক সম্পৃক্তকরণ কর্মসূচি ও প্রচারণামূলক উদ্যোগ নেওয়া হবে। এতে অর্থায়ন সুবিধা সম্পর্কে গ্রাহকদের সচেতনতা বাড়বে এবং তা পাওয়ার সুযোগও সহজ হবে।
এ উদ্যোগ দুই প্রতিষ্ঠানের সম্পর্ককে আরও জোরদার করবে এবং দেশের আবাসন ও আর্থিক সেবা খাতের প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে।

