আন্তর্জাতিক টেলিযোগাযোগ অঙ্গনে আবারও সাফল্যের স্বাক্ষর রেখেছে দেশের মোবাইল ফোন অপারেটর বাংলালিংক। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জোহান বুসে টানা দ্বিতীয়বারের মতো ‘বর্ষসেরা প্রধান নির্বাহী কর্মকর্তা’ পুরস্কার অর্জন করেছেন। একই আয়োজনে আরও দুটি আন্তর্জাতিক সম্মাননা পেয়েছে প্রতিষ্ঠানটি।
মালয়েশিয়াভিত্তিক টেলিযোগাযোগবিষয়ক গণমাধ্যম ও গবেষণা প্রতিষ্ঠান দ্য ফাস্ট মোড আয়োজিত ২০২৬ সালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলালিংককে ‘গ্রাহকসেবায় শ্রেষ্ঠত্ব’ এবং ‘কর্মদক্ষতায় ব্র্যান্ড আইকন’ সম্মাননা দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
টেলিযোগাযোগ খাতের বৈশ্বিক বিভাগে নেতৃত্বের স্বীকৃতি হিসেবে জোহান বুসেকে বর্ষসেরা প্রধান নির্বাহী কর্মকর্তা নির্বাচিত করা হয়েছে। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে গ্রাহকসেবার মান উন্নয়ন এবং আগাম সেবা পর্যবেক্ষণের উদ্যোগের জন্য টানা দ্বিতীয়বার ‘গ্রাহকসেবায় শ্রেষ্ঠত্ব’ পুরস্কার পেয়েছে বাংলালিংক।
দূরবর্তী ও দুর্গম এলাকায় নেটওয়ার্ক সুবিধা পৌঁছে দিতে স্যাটেলাইটের মাধ্যমে মোবাইল সংযোগ সম্প্রসারণে স্টারলিংকের সঙ্গে বাংলালিংকের উদ্যোগটিও এ স্বীকৃতি অর্জনে ভূমিকা রেখেছে।
এ ছাড়া প্রতিষ্ঠানের বিভিন্ন ডিজিটাল সেবার স্বীকৃতি হিসেবে ‘কর্মদক্ষতায় ব্র্যান্ড আইকন’ পুরস্কার দেওয়া হয়। এসব সেবার মধ্যে রয়েছে ওয়াই-ফাইয়ের মাধ্যমে ভয়েস কল, সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন প্যাকেজ এবং পণ্য সরবরাহকর্মীদের জন্য বিশেষ টেলিযোগাযোগ প্যাকেজ।
টেলিযোগাযোগ, স্যাটেলাইট ও তথ্যকেন্দ্র খাতের বিভিন্ন উদ্ভাবন ও সাফল্যকে স্বীকৃতি দিতে এ পুরস্কারের আয়োজন করা হয়। এবারের আয়োজনে ১১টি বিভাগে পাঁচ শতাধিক প্রতিষ্ঠান মনোনয়ন জমা দেয়।
পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় জোহান বুসে বলেন, এ স্বীকৃতি বাংলালিংকের কর্মীদের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যেই প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।

