দেশে হামের সংক্রমণ না কমা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানির জন্য সোমবার দিন ঠিক করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন বেঞ্চ এ বিষয়ে শুনানির তারিখ নির্ধারণ করেন।
আদালতে রিটের পক্ষে আইনজীবী পূর্ণিমা জাহান শুনানি করেন। এর আগে গত ২ এপ্রিল হামের বিস্তার রোধে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে এই রিট দায়ের করা হয়। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনায় একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের আবেদনও জানানো হয়েছে।
রিটে উল্লেখ করা হয়, দেশে হামের প্রকোপ বাড়ার ফলে শিশুদের মধ্যে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। বিভিন্ন স্থানে চিকিৎসাধীন অবস্থায় অনেক শিশু আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুর ঘটনাও ঘটছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি হিসেবে দেখা দিচ্ছে।
এর আগে হামের টিকা সংকটের বিষয়টি তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হয়। ওই নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। নোটিশে বলা হয়, টিকার অভাবে দেশের বিভিন্ন হাসপাতালে শিশুদের আক্রান্ত হওয়ার ঘটনা বাড়ছে, অথচ যথাযথ উদ্যোগ দৃশ্যমান নয়। নোটিশ প্রেরণকারী আইনজীবী সতর্ক করেন, নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে সাংবিধানিক বিধান অনুযায়ী আদালতের শরণাপন্ন হওয়া হবে।
এ পরিস্থিতিতে জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা সামনে এসেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান জোরদার এবং ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া জরুরি। আদালতের পরবর্তী নির্দেশনা পরিস্থিতির ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা।

