জাতীয় সংসদে পাস হয়েছে “সংসদ-সদস্যদের পারিতোষিক ও ভাতাদি (সংশোধন) আইন, ২০২৬”। আজ রোববার (২৬ এপ্রিল) সংসদের অধিবেশনে সদস্যদের কণ্ঠভোটে আইনটি অনুমোদন করা হয়।
অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। তাঁর পরিচালনায় সংসদে আইনটি নিয়ে প্রক্রিয়া সম্পন্ন হয়।
এর আগে বিলটি সংসদে উত্থাপন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বিলটি উপস্থাপন করে বলেন, “অধিকতর সংশোধনকল্পে আনিত দি মেম্বারস অব পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যামেন্ডমেন্ট বিল-২০২৬ অবিলম্বে এই মহান সংসদে বিবেচনার জন্য গ্রহণ করা হোক।”
এরপর সংসদে সদস্যদের কণ্ঠভোটে বিলটি পাস হয়। এতে সংসদ-সদস্যদের পারিতোষিক ও ভাতাদি সংক্রান্ত বিদ্যমান কাঠামোয় সংশোধনের পথ উন্মুক্ত হলো।

