হাইকোর্ট বিভাগে দায়িত্ব পালনকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের জন্য নতুন নির্দেশনা জারি করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। দায়িত্বপ্রাপ্ত বেঞ্চের বাইরে গিয়ে অন্য মামলায় কোনো ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা না করতে তাদের সতর্ক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ মে) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিনের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাটর্নি জেনারেলের নজরে এসেছে যে বিভিন্ন আদালতে দায়িত্ব পালন করা কিছু ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিজেদের নির্ধারিত আদালত ছেড়ে অন্য বেঞ্চে উপস্থিত হচ্ছেন। আদালত চলাকালে তারা বিভিন্ন মামলায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলেও অভিযোগ রয়েছে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট সবাইকে আদালত চলাকালে নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত আদালতেই অবস্থান করতে বলা হয়েছে। একই সঙ্গে অন্য কোনো আদালতে অপ্রয়োজনে না যাওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। আইন অঙ্গনে শৃঙ্খলা বজায় রাখা এবং বিচারিক কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে।

