সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের আওতায় বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবার মাধ্যমে ২০০৯ সাল থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত ২ লাখের বেশি মামলা নিষ্পত্তি হয়েছে। একই সময়ে প্রায় ১৪ লাখ ৬১ হাজার অসচ্ছল মানুষ সরকারি খরচে বিনামূল্যে আইনি সহায়তা পেয়েছেন।
জাতীয় আইনগত সহায়তা সংস্থার প্রস্তুত করা সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, এই সময়ের মধ্যে প্রি-কেস ও পোস্ট-কেস মিলিয়ে মোট ২ লাখ ৩২ হাজার ১৭৪টি বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে সফলভাবে নিষ্পত্তি হয়েছে ২ লাখ ৫ হাজার ৩৮২টি মামলা। প্রতিবেদনে আরও জানানো হয়, এই কার্যক্রমের মাধ্যমে সরাসরি উপকৃত হয়েছেন ৪ লাখ ৫৬৭ জন মানুষ।
একই সময়ে সরকারি খরচে মোট ১৪ লাখ ৬১ হাজার ৬৩০ জন বিচারপ্রার্থীকে আইনি সেবা দেওয়া হয়েছে। এর মধ্যে ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপ্রার্থী, দেশের বিভিন্ন নিম্ন আদালত ও শ্রম আদালতের মামলা-সংক্রান্ত ব্যক্তি এবং কারাগারে থাকা অসচ্ছল বন্দিরাও।
অসচ্ছল ও অসহায় বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর আওতায় এই সেবা পরিচালিত হচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এই কার্যক্রম বাস্তবায়ন করছে।

