সুপ্রিম কোর্টের অবকাশকালীন সময়েও আপিল বিভাগের জরুরি মামলা নিষ্পত্তি চালু রাখতে দুই বিচারপতিকে ‘ভ্যাকেশন জাজ’ হিসেবে দায়িত্ব দিয়েছেন প্রধান বিচারপতি। এ সময় জরুরি আইনগত বিষয়গুলো চেম্বার কোর্টে শুনানি ও নিষ্পত্তি করা হবে।
গত ২১ মে আপিল বিভাগের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হাসান মো. আরিফুর রহমান স্বাক্ষরিত ৩২/২০২৬ এসসি (এডি) নম্বরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৪ মে থেকে ৪ জুন ২০২৬ পর্যন্ত সুপ্রিম কোর্টের চলমান অবকাশ, সাপ্তাহিক ছুটি এবং ঘোষিত সরকারি ছুটির দিনগুলোতে আপিল বিভাগের জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এস. এম. এমদাদুল হক দায়িত্ব পালন করবেন।
এর মধ্যে বিচারপতি মো. রেজাউল হক আগামী ২৪ মে রোববার সকাল ১১টায় চেম্বার কোর্টে শারীরিক উপস্থিতিতে শুনানি গ্রহণ করবেন। আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়গুলো এদিন নিষ্পত্তি করা হবে।
অন্যদিকে বিচারপতি এস. এম. এমদাদুল হক আগামী ৩ ও ৪ জুন বুধবার ও বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় চেম্বার কোর্টে জরুরি মামলার শুনানি পরিচালনা করবেন। তিনিও শারীরিক উপস্থিতিতে শুনানি গ্রহণ করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সুপ্রিম কোর্ট প্রশাসনের ভাষ্য অনুযায়ী, আপিল বিভাগের জরুরি মামলার বিচারিক কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখা এবং জনস্বার্থ নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

