বিচার প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে দেশের বিভিন্ন স্থানে কর্মরত জেলা ও দায়রা জজ পদমর্যাদার ২২ জন বিচারককে বদলি করেছে সরকার। সুপ্রিম কোর্টের পরামর্শের ভিত্তিতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
গত রোববার (২১ জুন) প্রকাশিত ওই প্রজ্ঞাপনে জনস্বার্থে এই বদলির সিদ্ধান্ত নেওয়ার কথা উল্লেখ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট বিচারকদের আগামী ২৪ জুনের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তারা নতুন দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনার বিভাগীয় বিশেষ জজ মো. আসহারুল ইসলামকে নড়াইলের জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ হাবিবুর রহমানকে সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ এবং নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১–এর বিচারক প্রিয়া তাসনিম মাহমুদকে নীলফামারীর জেলা ও দায়রা জজ হিসেবে পদায়ন করা হয়েছে।
এদিকে ঢাকার প্রশাসনিক ট্রাইব্যুনাল-২–এর সদস্য মোহাম্মদ আল মামুনকে কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ এবং চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হককে পঞ্চগড়ের জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক (নিবন্ধন) কাজী আবুবকর হান্নানকে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে রংপুরের জেলা ও দায়রা জজ ফজলে মোহাম্মদ নাঈমকে চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক হিসেবে বদলি করা হয়েছে। নোয়াখালীর জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসাদ্দেক ইবনে আজিজকে আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই আদেশে আইন ও বিচার বিভাগে সংযুক্ত থাকা আরও কয়েকজন জেলা ও দায়রা জজ পদমর্যাদার কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে বি. এম. তৌফিক কবীরকে ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতে, মোহা. ইমদাদুল হককে রাজশাহীর মহানগর দায়রা জজ আদালতে, এস. এম. আমিনকে সিলেটের স্ট্যাট সার্চ আপিল ট্রাইব্যুনালে এবং মুহাম্মদ সাইফুল মতিন নোমানকে সিলেটের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে সুনামগঞ্জে মোহাম্মদ মাসউদুর রহমান, ময়মনসিংহে ছায়ানারা ফেরদৌস এবং চাঁদপুরে তাসলিম জোহরাকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, মো. আদিব আলীকে খুলনার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এবং মো. গোলাম সারোয়ারকে বগুড়ার পারিবারিক আপিল আদালতের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

