নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বামীর করা যৌতুক নিরোধ আইনের একটি মামলায় এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (বুধবার) রাতে উপজেলার কদমতলী এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া নারী সাজেদা আক্তার (২৬)। তিনি সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী বাজার এলাকার বাসিন্দা শাহ আলমের মেয়ে এবং শাকিল আলমের স্ত্রী। পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের আওতায় শাকিল আলম তাঁর স্ত্রী সাজেদা আক্তারের বিরুদ্ধে একটি নালিশি মামলা দায়ের করেন। মামলাটির শুনানি শেষে গত ২২ জুন নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (সিদ্ধিরগঞ্জ আমলি আদালত) তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বুধবার রাতে অভিযান চালায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এ সময় কদমতলী বাজারসংলগ্ন নূর মসজিদ লেন এলাকা থেকে সাজেদা আক্তারকে গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতেই অভিযুক্তকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে আদালতে হাজির করা হবে।

