চেক ডিজঅনার মামলায় মূল আসামির পরিবর্তে ছদ্মবেশ ধারণ করে আদালতে আত্মসমর্পণ ও জামিন নিতে এসে আটক হয়েছেন মনোয়ারা বেগম নামের এক গৃহকর্মী। মূল আসামি নাসরিন শিকদার সেজে আদালতে হাজির হলেও বিচারকের জিজ্ঞাসাবাদে তার পরিচয় নিয়ে সন্দেহ সৃষ্টি হলে জালিয়াতির বিষয়টি প্রকাশ পায়।
বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ-৪-এর বিচারক তানিয়া সুলতানা লিপির আদালতে এ ঘটনা ঘটে। শুনানির একপর্যায়ে বিচারক মনোয়ারাকে ভুয়া আসামি হিসেবে শনাক্ত করেন এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) ইব্রাহীম খলিল অপু জানান, এজাহারভুক্ত আসামি নাসরিন শিকদারের পরিবর্তে মনোয়ারা বেগম আদালতে এসে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারকের জেরার মুখে তার পরিচয় নিয়ে অসঙ্গতি ধরা পড়লে আদালত তাকে হেফাজতে রাখার নির্দেশ দেন।
আদালত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জামিন শুনানির সময় বিচারক মনোয়ারাকে এজলাসের সামনে ডাকেন। তখন তার মুখে মাস্ক ছিল। বিচারক মাস্ক খুলতে বললেও তিনি কয়েকবার তা খুলতে অস্বীকৃতি জানান। পরে দায়িত্বরত এক নারী পুলিশ সদস্য তার মুখ থেকে মাস্ক সরিয়ে দেন।
সংশ্লিষ্ট আদালতের অফিস সহায়ক শাহ আলম জানান, ২৯ লাখ টাকার চেক ডিজঅনার মামলার মূল আসামি নাসরিন শিকদারের বাসা গুলশানে। আদালতে উপস্থিত নারীর আচরণ ও বেশভূষা দেখে বিচারকের সন্দেহ হয়।
পরে বিচারক তার বাবার নাম ও স্বামীর নাম জানতে চাইলে তিনি বিভ্রান্তিকর উত্তর দেন। একপর্যায়ে বাবার নামের জায়গায় স্বামীর নাম এবং স্বামীর নামের জায়গায় বাবার নাম বলে ফেলেন। এরপর জাতীয় পরিচয়পত্র দেখতে চাইলে মনোয়ারা দাবি করেন, সেটি আইনজীবীর চেম্বারে রেখে এসেছেন এবং তা আনতে যেতে চান। তবে আদালত তাকে কক্ষ ত্যাগের অনুমতি দেয়নি।
সন্দেহ আরও দৃঢ় হলে বিচারক তাকে কাগজে স্বাক্ষর করতে বলেন। কিন্তু তিনি স্বাক্ষর করতে না পেরে টিপসই দেন। এতে জালিয়াতির বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। এ সময় মামলার সংশ্লিষ্ট আইনজীবী হাম্মাদ এমদাদ হোসাইন এজলাস ত্যাগ করেন। পরে বিচারক পুলিশকে মনোয়ারাকে কাঠগড়ায় আটকে রাখার নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ১৬ জুন মামলাটির শুনানির দিন ধার্য ছিল। সেদিন মূল আসামি নাসরিন শিকদার আদালতে হাজির না হওয়ায় তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সেই পরোয়ানা এড়াতেই তিনি নিজের পরিবর্তে গৃহকর্মীকে আদালতে পাঠিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

